যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। নতুন এ নীতি কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। এ সিদ্ধান্তের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।
শুল্ক কার্যকর হলে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানিতে অতিরিক্ত খরচ গুনতে হবে। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এতে রপ্তানি কমে যেতে পারে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এ পরিস্থিতিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও ঝুঁকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি জানিয়েছে, সদ্য শুরু হওয়া ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ধরা হয়েছে। কারণ হিসেবে রপ্তানি ও শিল্প খাতের ধীরগতির কথা উল্লেখ করা হয়েছে।
এডিবি সম্প্রতি প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও)’ প্রতিবেদনের জুলাই ২০২৫ সংস্করণে এ তথ্য জানায়। এর আগে এপ্রিলে প্রকাশিত প্রতিবেদনে এডিবি চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল। তবে সর্বশেষ সংস্করণে প্রবৃদ্ধির হার আরও কমে যাওয়ার ইঙ্গিত দেওয়া হলেও নির্দিষ্ট কোনো হার উল্লেখ করা হয়নি। মূল্যস্ফীতি প্রসঙ্গে এডিবি জানায়, বিদায়ী অর্থবছরে কিছুটা কমেছে মূল্যস্ফীতি। বৈশ্বিক পণ্যমূল্যের স্থিতিশীলতা, কড়াকড়ি আর্থিক নীতি ও রাজস্বনীতিই এর পেছনে ভূমিকা রেখেছে। ২০২৬ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস আগের মতোই রাখা হয়েছে।
এডিবির বিশ্লেষণে বলা হয়েছে, বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা ও দুর্বলতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিগুলো। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এ অঞ্চলে মোট প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ২ শতাংশ, আর ২০২৬ সালে তা ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়াতে পারে। দুই বছরের জন্যই পূর্বাভাস প্রায় অর্ধ শতাংশ পয়েন্ট কমানো হয়েছে।
সার্বিকভাবে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর জন্যও প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এডিবি। ২০২৫ সালের জন্য তা ৪ দশমিক ৭ শতাংশ এবং ২০২৬ সালের জন্য ৪ দশমিক ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এপ্রিলে এই হার ছিল যথাক্রমে ৪ দশমিক ৯ ও ৪ দশমিক ৭ শতাংশ।
এডিবি সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি শুল্ক আরও বাড়ায় এবং বাণিজ্য উত্তেজনা তীব্র হয়, তাহলে শুধু দক্ষিণ-পূর্ব এশিয়া নয়—গোটা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রবৃদ্ধিও বড় ধরনের ঝুঁকিতে পড়বে। এ ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে ভূরাজনৈতিক টানাপোড়েন, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং চীনের রিয়েল এস্টেট খাতের দুরবস্থা।

