যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার দ্বারপ্রান্তে রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার জানিয়েছেন, এ চুক্তি চূড়ান্ত হতে আর মাত্র কয়েক দিন বাকি।
ওয়াশিংটনে অ্যাটলান্টিক কাউন্সিল থিংক ট্যাংক আয়োজিত এক আলোচনায় দার বলেন, “আমি মনে করি আমরা চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের প্রতিনিধি দল বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছে। ভার্চুয়াল বৈঠকও চলছে। প্রধানমন্ত্রী একটি কমিটিকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন।” তিনি আরও বলেন, “এটা মাস বা সপ্তাহ নয়—আমি বলবো, এটি মাত্র কয়েক দিনের ব্যাপার।”
বর্তমানে ওয়াশিংটন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দেশকে ‘অন্যায্য বাণিজ্য’র অভিযোগে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে অনেক অর্থনীতিবিদ তার এই দাবিকে বিতর্কিত বলে মনে করেন।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের এক বৈঠকের পর উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতি দেয়। তাতে বলা হয়, বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি জরুরি খনিজসম্পদ ও খনিশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। তবে চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট সময়সীমা কোনো পক্ষই উল্লেখ করেনি। পাকিস্তানের বিবৃতিতে দার আরও দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ট্রাম্প ও রুবিওর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যদিও মার্কিন বিবৃতিতে ভারতের বিষয়টি উল্লেখ করা হয়নি।
চলতি বছরের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক হামলায় ২৬ জন নিহত হয়। এরপর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। ৭ মে ভারত পাকিস্তানে হামলা চালায়। জবাবে তিন দিন ধরে চলে পাল্টাপাল্টি গোলাগুলি। ১০ মে ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন।

