বাংলাদেশের অর্থনীতি আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। একদিকে বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ ঋণের পাহাড়, অন্যদিকে মুদ্রাস্ফীতি, রিজার্ভ সংকট এবং রাজস্ব ঘাটতির চাপ, সব মিলিয়ে অর্থনীতির গতি যেমন মন্থর, তেমনি ভবিষ্যৎ নিয়েও বাড়ছে শঙ্কা। উন্নয়ন প্রকল্পের নামে নেওয়া বিপুল ঋণ এখন পরিণত হচ্ছে এক দীর্ঘমেয়াদি দায়ে, যেখান থেকে পরিত্রাণ খোঁজার চেষ্টায় ব্যস্ত সরকার ও নীতিনির্ধারকেরা।
প্রতিশ্রুত ‘উন্নয়ন’ ও ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নের পেছনে ঋণ ছিল অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রশ্ন উঠেছে এই ঋণ কি যথাযথ ব্যবহৃত হয়েছে? প্রকল্পগুলোর অর্থনৈতিক রিটার্ন কি যথাসময়ে আসছে? আর সবকিছুর মাঝেই যে প্রশ্নটি এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ, তা হলো এই ঋণনির্ভর অর্থনীতি আদৌ কখনো স্থিতিশীল হবে।
ঋণ পরিস্থিতির চিত্রের বাস্তবতা কতটা গুরুতর?
বাংলাদেশের অর্থনীতিতে ঋণের চাপ এখন একটি গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক বাস্তবতা। সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের ঋণের পরিমাণ দ্রুতগতিতে বেড়েছে। সেই সঙ্গে বাড়ছে খেলাপি ঋণের হারও। এতে অর্থনীতি যেমন চাপের মুখে পড়ছে, তেমনি ভবিষ্যতে আরও গভীর সংকট তৈরি হওয়ার আশঙ্কাও বাড়ছে। তথ্য মতে, ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলারেরও বেশি।
২০০৮ সালের শেষ দিকে সরকারের বৈদেশিক ঋণ ছিল ২২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে ঋণের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। ২০১৩ সালের শেষে ঋণ বেড়ে হয় ৩১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। ২০১৮ সালের শেষে তা দাঁড়ায় ৫৭ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলারে। ২০২৩ সালের ডিসেম্বরে ঋণের পরিমাণ আরও বেড়ে হয় ১০০ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।
গত ৫ আগস্ট সরকার পতনের সময় শেখ হাসিনা ১০৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ রেখে যান। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে প্রথম ৯ মাসে ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার নতুন ঋণ গ্রহণ করে, ফলে ২০২৫ সালের মার্চ শেষে মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ১০৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে। অর্থনীতি বিশেষজ্ঞগণের তথ্য অনুযায়ী, ২০১৫–১৬ অর্থবছরের তুলনায় ২০২৩–২৪ অর্থবছরে দেশের মাথাপিছু বৈদেশিক ঋণ ১৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ ডলারে। এর মধ্যে শুধু সরকারি খাতেই ঋণের পরিমাণ প্রায় ৮৩ বিলিয়ন ডলার, যা থেকে বোঝা যায় দেশের উন্নয়ন প্রকল্পগুলোর জন্য সরকারকে ব্যাপকভাবে বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভর করতে হচ্ছে।
অন্যদিকে অভ্যন্তরীণ ঋণের চাপও কম নয়। দেশের মোট উৎপাদনের (জিডিপি) তুলনায় ঋণের অনুপাত বাড়ছে ধারাবাহিকভাবে। অর্থনীতি বিশেষজ্ঞগণের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৩০ জুন শেষে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ দশমিক ৩০ শতাংশে পৌঁছেছে। এর চার বছর আগে ২০২০ সালের ৩০ জুন এই হার ছিল ৩২ দশমিক ৪১ শতাংশ। অর্থাৎ এই সময়ের মধ্যে জিডিপির তুলনায় সরকারের ঋণের বোঝা বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে প্রায় ২৩ লাখ ৫০ হাজার কোটি টাকায় দাঁড়াতে পারে।
সরকারের অর্থ বিভাগ থেকে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছর শেষে মোট ঋণের পরিমাণ ২৬ লাখ ৩ হাজার ২০০ কোটি টাকায় পৌঁছাবে। আর তার পরের বছর অর্থাৎ ২০২৭-২৮ অর্থবছর শেষে এই ঋণ বেড়ে ২৮ লাখ ৯৩ হাজার ৮০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ ঋণের বোঝা শুধু পরিমাণে বাড়েনি, বরং সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর ওপর এর প্রভাবও বেড়েছে। সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি। বিবিসি জানিয়েছে, এই সমস্যা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেক ব্যাংকের মূলধন ঝুঁকির মুখে। খেলাপি ঋণ বাড়লে শুধু ব্যাংক নয়, পুরো আর্থিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং বিনিয়োগকারীদের আস্থা কমে যায়। অর্থনীতিবিদরা এটিকে অর্থনীতির জন্য এক ভয়াবহ সংকেত হিসেবে দেখছেন।
বর্তমানে বাংলাদেশের মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩ লাখ ৪২ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির প্রায় ৩৭ শতাংশের বেশি। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের শেষে এই ঋণের জিডিপি অনুপাত ছিল ৩৭ দশমিক ৬২ শতাংশ। যদিও ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে এই অনুপাত ৩৯ দশমিক ৩৭ শতাংশে উন্নীত হওয়ার কথা ছিল, পরে তা সংশোধিত বাজেটে কিছুটা কমিয়ে ৩৭ দশমিক ৪১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এই ঋণের মধ্যে দেশীয় ঋণ রয়েছে ১৩ লাখ ২৬ হাজার ৮০০ কোটি টাকা এবং বিদেশি ঋণ ১০ লাখ ১৫ হাজার ২০০ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের মধ্যে ২১ দশমিক ৫২ শতাংশ দেশীয় উৎস থেকে এবং ১৬ দশমিক ১০ শতাংশ বৈদেশিক উৎস থেকে নেওয়া হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, আগামী দুই অর্থবছরে এই ঋণের পরিমাণ আরও ৬ লাখ কোটি টাকার মতো বাড়বে। ফলে ২০২৬-২৭ অর্থবছরের শেষে মোট ঋণ দাঁড়াবে ২৬ লাখ ৩ হাজার ২০০ কোটি টাকা, আর ২০২৭-২৮ অর্থবছরের শেষে তা আরও বেড়ে ২৮ লাখ ৯৩ হাজার ৮০০ কোটি টাকায় পৌঁছাবে। যদিও এখনো এই ঋণের পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী “ঝুঁকিপূর্ণ” ধরা পড়ে না, তবুও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ যেসব উন্নয়ন প্রকল্পে এই ঋণ খরচ হচ্ছে, সেখান থেকে প্রত্যাশিত অর্থনৈতিক আয় আসছে না। এতে করে প্রশ্ন উঠছে এই ঋণ ভবিষ্যতে সরকারের জন্য টেকসই থাকবে কি না?
২০০৮-০৯ অর্থবছরে পতিত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন দেশের জিডিপি ছিল ১০৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। সেই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ৬ দশমিক ১ বিলিয়ন ডলার, যা বিশেষজ্ঞগণের তথ্য থেকে ঊঠে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৭৮ দশমিক ১৮ বিলিয়ন ডলারে। গত ১৬ বছরে এটি প্রায় ৩ দশমিক ৬৭ গুণ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সরকার ঋণের সুদ পরিশোধের জন্য ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে, যা পুরো বাজেটের ১৪ দশমিক ২৪ শতাংশ। গত বছরের তুলনায় এবারের বরাদ্দ ৮ হাজার ৫০০ কোটি টাকা বেশি। এই সুদ পরিশোধের চাপ সরাসরি রাজস্ব আয়ে প্রভাব ফেলছে এবং সামাজিক খাতের ব্যয় কমিয়ে দিচ্ছে।
বিশ্বব্যাংক, এডিবি, জাইকা এবং চীনের সহায়তায় নেওয়া বহু মেগা প্রকল্প যেমন: পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক প্রকল্প প্রভৃতি এখনও প্রত্যাশিত আয়ের মুখ দেখেনি। ফলে একদিকে যেমন ঋণ পরিশোধের চাপ বাড়ছে, তেমনি নতুন আয় সৃষ্টি হচ্ছে না সেই হারে। এতে অর্থনীতিতে ‘ডেট–সার্ভিসিং স্ট্রেস’ তৈরি হচ্ছে, যা আগামীতে আরও তীব্র হতে পারে। এছাড়া একাধিক উন্নয়ন প্রকল্পের জন্য অতিরিক্ত ঋণ গ্রহণ এবং পুরনো ঋণ পরিশোধে নতুন ঋণ গ্রহণ বা ‘রোলওভার’ পদ্ধতি অর্থনৈতিক ভারসাম্যকে আরও জটিল করে তুলছে। এতে রাজস্বভিত্তিক আয়ের ওপর চাপ বাড়ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ।
সব মিলিয়ে দেখা যাচ্ছে, দেশের ঋণ পরিস্থিতি কেবল পরিসংখ্যানগত সংকেত নয়, এটি এখন একটি বাস্তব সংকট। এই ঋণ কাঠামো যদি সময়মতো পুনর্বিন্যাস এবং কার্যকর নিয়ন্ত্রণের আওতায় না আনা যায়, তবে তা ভবিষ্যতে অর্থনৈতিক স্থিতিশীলতার বড় অন্তরায় হয়ে দাঁড়াবে। ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা এবং দায়িত্বশীলতা নিশ্চিত না হলে উন্নয়নের পথ ব্যয়বহুল ভুলের ইতিহাসে পরিণত হতে পারে। সুতরাং ঋণ পরিস্থিতি এখনই গুরুত্বসহকারে পর্যালোচনা ও নিয়ন্ত্রণে আনা অত্যাবশ্যক।
বাংলাদেশের অর্থনীতিতে ঋণ পরিশোধের চাপ ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষ করে বৈদেশিক ঋণের ক্ষেত্রে এই চাপ কয়েকটি নির্দিষ্ট কারণে বেড়েছে। এর প্রথম কারণ হলো ডলারের মূল্যবৃদ্ধি। গত দুই বছরে টাকার বিপরীতে ডলারের দাম অনেকটাই বেড়ে গেছে, যার ফলে বৈদেশিক ঋণ পরিশোধ করতে সরকারের এখন আগের চেয়ে অনেক বেশি অর্থ খরচ করতে হচ্ছে। একই পরিমাণ ডলার কিনতেই এখন অতিরিক্ত টাকা লাগছে, যা রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
- দ্বিতীয়ত: আগের মতো সহজ শর্তে বৈদেশিক ঋণ পাওয়ার সুযোগ এখন আর তেমন নেই। উন্নয়ন সহযোগী সংস্থাগুলো এখন অনেক বেশি শর্ত আরোপ করছে এবং সুদের হার তুলনামূলকভাবে বেড়ে গেছে। ফলে বাধ্য হয়েই সরকারকে তুলনামূলক বেশি সুদে ঋণ নিতে হচ্ছে, যার পরিণতিতে সুদ ও আসল উভয় পরিশোধের বোঝা ক্রমশঃ বাড়ছে।
- তৃতীয়ত: বহু বড় প্রকল্পের ঋণের গ্রেস পিরিয়ড ইতিমধ্যে শেষ হয়ে গেছে। গ্রেস পিরিয়ডের সময় কেবল সুদ পরিশোধ করতে হলেও এখন প্রকল্প অনুযায়ী মূল ঋণও কিস্তিতে পরিশোধ করতে হচ্ছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো বৃহৎ প্রকল্প রয়েছে, যেগুলোর ঋণ পরিশোধ শুরু হওয়ায় বৈদেশিক লেনদেনের চাপ অনেক বেড়েছে।
- চতুর্থত: উন্নয়ন প্রকল্পের জন্য ঋণের অর্থ ছাড় বাড়ছে। অর্থাৎ আগে যে ঋণ অনুমোদন হয়েছিল, তার ব্যবহার শুরু হওয়ায় এখন সেই অর্থ প্রকল্পে ব্যয় হচ্ছে এবং সেই সঙ্গে বাড়ছে সুদ ও মূলধনের দায়। কিন্তু এই প্রকল্পগুলোর অনেকগুলোরই বাস্তবায়ন ধীরগতির এবং আয় উৎপাদনে অনিশ্চিত। ফলে তা অর্থনীতিকে আর্থিকভাবে শক্তিশালী করার পরিবর্তে বোঝা হিসেবে চাপ সৃষ্টি করছে।
এই চাপের আরেকটি বড় উৎস হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস। এক সময় বাংলাদেশের রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলারের বেশি, যা দিয়ে ৭–৮ মাসের আমদানি ব্যয় মেটানো যেত। কিন্তু ২০২৫ সালের মাঝামাঝি এসে রিজার্ভ নেমে এসেছে প্রায় ২১ বিলিয়ন ডলারে, যা দিয়ে তিন মাসেরও কম সময়ের আমদানি কাভার করা সম্ভব। ঋণের কিস্তি দিতে গিয়ে রিজার্ভ থেকে বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে হচ্ছে, ফলে রিজার্ভ পুনর্গঠন সম্ভব হচ্ছে না। এটি আন্তর্জাতিক লেনদেনে দেশের ক্রেডিট রেটিং এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থাকেও প্রভাবিত করছে।
আরেকটি গভীরতর সংকট দেখা দিচ্ছে দেশের অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনাতেও। বাংলাদেশ ব্যাংক সরকারকে অর্থ সহায়তা দিতে উচ্চমূল্যের ট্রেজারি বিল কিনছে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরাসরি টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে। এতে একদিকে বাজারে অতিরিক্ত মুদ্রা প্রবেশ করছে, অন্যদিকে এতে তৈরি হচ্ছে মুদ্রাস্ফীতির ঝুঁকি। এই প্রবণতা দীর্ঘমেয়াদে “স্ট্যাগফ্লেশন” অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির স্থবিরতা ও মূল্যস্ফীতির যুগপৎ সংকটের আশঙ্কা তৈরি করছে। উল্লেখযোগ্য আরেকটি দিক হলো বিভিন্ন প্রকল্পের দীর্ঘসূত্রতা ও অদক্ষ বাস্তবায়ন। বহু প্রকল্প সময়মতো শেষ না হওয়ায় এবং ব্যয় অপ্রয়োজনীয়ভাবে বৃদ্ধি পাওয়ায়, প্রকল্পগুলোর কাঙ্ক্ষিত আয় উৎপাদন শুরু হয়নি। ফলে একদিকে সুদের পরিমাণ বেড়ে যাচ্ছে, অন্যদিকে সেই ঋণ থেকে প্রত্যাশিত অর্থনৈতিক সুফলও আসছে না। অনেক প্রকল্পে দুর্নীতি ও স্বচ্ছতার অভাব এই সমস্যাকে আরও গভীর করছে।
সার্বিকভাবে বললে ঋণের চাপ শুধু অঙ্কের ভিত্তিতে নয়, এটি দেশের অর্থনৈতিক কাঠামো ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির গতিপথকেও প্রভাবিত করছে। বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের বোঝা যত বাড়ছে, ততই অর্থনীতি স্বাভাবিক ভারসাম্য হারাচ্ছে। এই চাপ সামাল দিতে হলে এখনই প্রয়োজন ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল, দক্ষতা বাড়ানো এবং রিজার্ভ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা। তা না হলে ঋণ থেকে তৈরি চাপ অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থবির করে ফেলতে পারে।
স্থিতিশীলতার সম্ভাবনা কবে এবং কীভাবে?
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে নানা চাপে বিপর্যস্ত। অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে দেশটি এক কঠিন সময় পার করছে। বৈদেশিক ঋণের বোঝা বাড়ছে, মুদ্রাস্ফীতি দীর্ঘ সময় ধরে দুই অঙ্কে রয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এসেছে এবং টাকার মান ক্রমাগত অবমূল্যায়িত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এই অস্থিরতা কবে কাটবে?
এই প্রশ্নের উত্তর নির্ভর করছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, যার মধ্যে রয়েছে সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং দেশীয় উৎপাদন খাতের সক্ষমতা। বর্তমানে সরকারের রাজস্ব আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি। রাজস্ব ঘাটতি পূরণে বাড়ছে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ। অথচ এই ঋণের অনেকটাই ব্যয় হয় অপ্রয়োজনীয় খাতে অথবা অদক্ষ ব্যবস্থাপনায় অপচয় হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য তাই প্রয়োজন ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। কেবল ঋণ নিয়ে চললে সাময়িকভাবে চাপ সামলানো গেলেও দীর্ঘমেয়াদে তা আরও বড় সংকট ডেকে আনতে পারে।
অর্থনীতিকে স্থিতিশীল করতে হলে উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বাড়াতে হবে। শিল্প, কৃষি এবং তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বিশেষ করে রপ্তানি আয়ের পরিধি বাড়ানো এখন সময়ের দাবি, যাতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ে এবং আমদানি ব্যয় মেটাতে রিজার্ভে চাপ না পড়ে। এছাড়া প্রবাসী আয় বা রেমিটেন্স একটি বড় ভরসার জায়গা। হুন্ডি বন্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে প্রবাসী আয়ের বৈধ পথকে সহজ ও আকর্ষণীয় করতে হবে। পাশাপাশি মুদ্রানীতিকে আরও দক্ষভাবে পরিচালনা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা জরুরি। অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতাও অত্যন্ত জরুরি। দেশে যদি রাজনৈতিক সহিংসতা, অস্থিরতা ও অনিশ্চয়তা চলতেই থাকে, তবে তা বিনিয়োগ ও ব্যবসায় আস্থার সংকট তৈরি করে। একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক পরিবেশ যেখানে সব মতামতের স্বাধীনতা থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে, এই ধরণের রাজনৈতিক কাঠামোই দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত গড়ে তোলে।
এছাড়া আন্তর্জাতিক সম্পর্কেও ভারসাম্য বজায় রাখতে হবে। বৈশ্বিক অর্থনীতি এখন জটিল, যেখানে ভূ-রাজনৈতিক উত্তেজনা, খাদ্য ও জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তন নিয়মিত প্রভাব ফেলছে। এসব ঝুঁকি মোকাবিলায় দেশকে হতে হবে কৌশলী ও সদাপ্রস্তুত।স্থিতিশীলতা তখনই সম্ভব, যখন সরকার দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা অনুযায়ী চলবে। প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের অংশগ্রহণ, নীতি নির্ধারণে স্বচ্ছতা এবং নৈতিকতা ভিত্তিক প্রশাসনই পারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে।
সুতরাং এই মুহূর্তে অর্থনৈতিক স্থিতিশীলতা বলা যতটা কঠিন, তার চেয়ে বেশি জরুরি এখন কার্যকর পদক্ষেপ গ্রহণ। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা, উৎপাদনমুখী খাতে বিনিয়োগ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্বচ্ছ প্রশাসন এই চারটি ভিত্তির উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। স্থিরতা একদিনে আসে না। তবে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেগুলোর বাস্তবায়নে আন্তরিকতা থাকে, তাহলে সেই কাঙ্ক্ষিত স্থিতিশীলতা অর্জন অসম্ভব নয়। সময়ের সাহসী ও দূরদর্শী নেতৃত্বই পারে এই লক্ষ্য অর্জন করতে।
বাংলাদেশের অর্থনীতি আজ কঠিন এক বাস্তবতার মুখোমুখি। বাড়ছে বৈদেশিক ঋণের বোঝা, কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিয়োগ ও উৎপাদন খাতেও পড়েছে ধীরগতি। এই অবস্থায় অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য প্রয়োজন সময়োপযোগী সিদ্ধান্ত, দক্ষ নেতৃত্ব এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে আর্থিক ব্যবস্থাপনা। শুধু ঋণ নিয়ে খরচ বাড়ানোই নয়, সেই ঋণ কীভাবে দেশের উৎপাদনশীল খাতে ব্যবহার হচ্ছে, তা নিশ্চিত করাও জরুরি। পাশাপাশি দুর্নীতি দমন, রপ্তানি বহুমুখীকরণ এবং টেকসই রাজস্বনীতি গড়ে তোলা ছাড়া এই সংকট থেকে উত্তরণের পথ নেই। এখনই যদি সুসংহত পরিকল্পনায় এগোনো যায়, তাহলে চাপের মধ্যেও অর্থনীতিকে স্থিতিশীল করা সম্ভব। না হলে ঋণের বোঝা শুধু বাড়বেই, উন্নয়নের গতি হবে আরও শ্লথ।

