দেশজুড়ে চাঁদপুরের ইলিশের চাহিদা বরাবরই বেশি। পাঁচটি অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ধীরে ধীরে জেলেরা নদীতে নামতে শুরু করেছেন। গত ৩০ এপ্রিল শেষ হয়েছে এ নিষেধাজ্ঞা, যা ১ মার্চ থেকে দেশের ৩৯২ কিলোমিটার জলসীমায় বলবৎ ছিল।
প্রথমদিকে ইলিশ ধরা না পড়লেও এখন চাঁদপুর মাছঘাটে সরবরাহ অনেক বেড়েছে। যদিও পদ্মা ও মেঘনায় ইলিশ কম, তবে উপকূলীয় অঞ্চল থেকে আসা মাছেই ঘাটে প্রাণ ফিরেছে। ফলে বাজারে দামও কিছুটা কমেছে।
ইলিশ বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ বাড়ায় প্রতি কেজিতে দাম কমেছে ৪০০ থেকে ৫০০ টাকা। আগে যেখানে কেজিপ্রতি ইলিশ বিক্রি হতো ২৫০০ থেকে ২৭০০ টাকায়, এখন তা নামছে ২১০০ থেকে ২২০০ টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৯০০ টাকায়। আগে যেখানে প্রতিদিন ৫০ থেকে ৬০ মণ ইলিশ আসত, এখন প্রতিদিন ঘাটে আসছে ৫০০ থেকে ৬০০ মণ।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, “হঠাৎ করেই সরবরাহ বেড়েছে, যা দুই দিন আগেও ছিল না। গত সপ্তাহের তুলনায় এখন দাম অনেক কম। গতকাল ঘাটে প্রায় ৬০০ মণ ইলিশ এসেছে। তবে সরবরাহ যদি আর না বাড়ে, তাহলে দাম আবার বাড়তে পারে। তবে সপ্তাহজুড়ে দাম কিছুটা কম থাকবে বলেই আশা করছি। বৃষ্টি যত বেশি হবে, তত বেশি মাছ ধরা পড়বে।”
এ বিষয়ে মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউসার দিদার বলেন, “এখন থেকে ইলিশের সরবরাহ আরও বাড়বে। প্রচুর মাছ ধরা পড়বে। কারণ, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন হওয়ায় প্রায় তিন হাজার কোটি জাটকা বড় হয়ে যুক্ত হয়েছে ইলিশের মূল ধারা।”

