চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এখন থেকে ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে যেকোনো সময় ও স্থান থেকে মাশুল পরিশোধের সুবিধা দিচ্ছে। গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতির উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) যৌথ উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যবহারকারীদের সময়, খরচ ও ঝামেলা কমাবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে অফিস সময়ের বাইরে এমনকি ছুটির দিনেও অনলাইনে বন্দর মাশুল পরিশোধ করা যাবে।
অনুষ্ঠানে নৌ উপদেষ্টা বলেন, ‘ডিজিটাল পেমেন্ট চালুর ফলে দীর্ঘদিনের পেমেন্ট সংক্রান্ত ভোগান্তির অবসান ঘটবে।’ এ উদ্যোগে সহযোগিতার জন্য তিনি ইবিএলকে ধন্যবাদ জানান এবং মাত্র ছয় মাসে সিস্টেমটি বাস্তবায়নের জন্য সিপিএ ও ইবিএলকে অভিনন্দন জানান। এটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের একটি সফল উদাহরণ বলেও তিনি মন্তব্য করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ডিজিটাল পেমেন্ট কেবল প্রযুক্তিগত নয়, এটি স্মার্ট চট্টগ্রাম গড়ার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ সিপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, এই উদ্যোগ বন্দরের ডিজিটাল রূপান্তরের একটি বড় ধাপ। তিনি বলেন, ‘বিশ্বের অধিকাংশ উন্নত বন্দর ইতোমধ্যে ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চট্টগ্রাম বন্দরেরও একই পথে এগোতে হবে।’
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, ‘সিপিএর সঙ্গে অংশীদারত্বে বাস্তবায়িত এই স্বয়ংক্রিয় রাজস্ব আদায় ও পেমেন্ট প্ল্যাটফর্মটি নিরাপদ এবং বহুমাত্রিক পেমেন্ট অপশন সমৃদ্ধ।’ তিনি আরও বলেন, ‘আগে বন্দর ব্যবহারকারীদের সরাসরি উপস্থিত হয়ে মাশুল পরিশোধ করতে হতো। এখন থেকে সেই সময়সাপেক্ষ পদ্ধতির অবসান ঘটছে।’

