গত ছয় মাসে দেশে বিলাসবহুল সেডান ও স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের বিক্রি বড় ধরনের ধাক্কা খেয়েছে। রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তন ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে উচ্চমূল্যের গাড়ির বাজারে।
বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক উত্তেজনা ও গণঅভ্যুত্থানের পর বিলাসবহুল গাড়ির বিক্রি প্রায় থেমে গেছে। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর মানুষ ব্যয়ের ক্ষেত্রে আরও সতর্ক হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাসে গড়ে ৮৭১টি এসইউভি নিবন্ধিত হয়েছে। এর মধ্যে প্রায় ১০ শতাংশ ছিল বিলাসবহুল।
অডি, বিএমডব্লিউ ও মার্সিডিজ-বেঞ্জের বেশিরভাগ মডেল বিলাসবহুল হিসেবে বিবেচিত। টয়োটার ল্যান্ড ক্রুজার, হ্যারিয়ার ও প্রাডো এবং মিতসুবিশির পাজেরোও প্রিমিয়াম গাড়ির তালিকায় পড়ে। বিএমডব্লিউ গাড়ির স্থানীয় পরিবেশক এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের পরিচালনা বিভাগের পরিচালক আশিক উন নবী বলেন, “গত বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতি মাসে গড়ে ১০টি গাড়ি বিক্রি করেছি। কিন্তু এ বছর এমনও মাস গেছে, যখন একটিও বিক্রি হয়নি। কোনো মাসে সর্বোচ্চ চারটি গাড়ি বিক্রি হয়েছে।”
তার মতে, এ বছরের প্রথম ছয় মাসে বিএমডব্লিউসহ বিলাসবহুল গাড়ির বিক্রি কমেছে ৬০ শতাংশেরও বেশি। তিনি এই পতনের জন্য রাজনৈতিক পরিবর্তন, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং উচ্চ আয়ের মানুষের ব্যয় কমিয়ে দেওয়াকে দায়ী করেন। তাঁর ভাষায়, “যারা একসময় নিয়মিত বিলাসবহুল গাড়ি কিনতেন—কর্পোরেট এক্সিকিউটিভ, চিকিৎসক, আইনজীবী ও ব্যবসায়ী—তারা এখন আর কিনছেন না।”
এক্সিকিউটিভ মোটরস বর্তমানে বাংলাদেশে পেট্রোল, প্লাগ-ইন হাইব্রিড ও বৈদ্যুতিকসহ মোট ৯টি বিএমডব্লিউ মডেল বিক্রি করে। এসব গাড়ির দাম ১ কোটি ৩ লাখ টাকা থেকে শুরু হয়ে পৌঁছায় প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকায়। বিআরটিএর তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে ৫ হাজার ১১৯টি যাত্রীবাহী গাড়ি (১০ জনের নিচে ধারণক্ষমতাসম্পন্ন) নিবন্ধিত হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১০ হাজার ৪৯৯টি। তবে নিবন্ধিত এসইউভির বেশিরভাগই ১,৫০০ সিসি বা তার নিচের, যা বিলাসবহুল হিসেবে বিবেচিত নয়। বিএমডব্লিউর আইসেভেন ও এক্স ফাইভ মডেল কিছুটা আকর্ষণ করলেও বিক্রি তেমন বাড়েনি।
আশিক উন নবী বলেন, “ক্রেতারা মনে হয় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন। বাজার ফেরাতে ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনা দরকার।” জার্মান গাড়ি নির্মাতা অডির একমাত্র পরিবেশক অডি বাংলাদেশ ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি বিক্রি করতে পারেনি। প্রতিষ্ঠানটির বিক্রয় প্রধান সাফায়েত বিন তাইয়্যাব জানান, “বিক্রি না থাকায় আমাদের পরিচালন খরচ মেটাতেই হিমশিম খাচ্ছি। গত কয়েক মাসে শোরুমে একজন ক্রেতাও আসেননি।”
তিনি এর জন্য রাজনৈতিক অস্থিরতা, ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করেন। এই মডেলগুলোর দাম এক কোটি ৬৯ লাখ থেকে শুরু করে তিন কোটি ৯৯ লাখ টাকার মধ্যে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিলাসবহুল গাড়ির বিক্রিতে আরও নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন সাফায়েত। তার ভাষ্য, “অর্ডার কমেছে, আয় কমেছে, রপ্তানি কমেছে। ফলে ব্যবসায়ীরাও গাড়ি কিনতে আগ্রহ হারাচ্ছেন।”
এ ছাড়া পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহনের ওপর কার্বন কর আরোপ করায় হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, “আমরা ভেবেছিলাম, জ্বালানি খরচ বাড়ায় বৈদ্যুতিক গাড়ির বাজার বাড়বে। কিন্তু এই নীতিগত সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে।” অন্যদিকে মোটরস বে’র ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বিপু জানান, মন্দা শুধু বিলাসবহুল গাড়িতে নয়, সব শ্রেণির গাড়ির বিক্রিতেই প্রভাব পড়েছে। রাজনৈতিক ও আর্থিক অনিশ্চয়তার কারণে সামগ্রিকভাবে বিক্রি কমেছে প্রায় ৪০ শতাংশ।
এইচএনএস অটোমোবাইলসের অপারেশন প্রধান শফিকুল ইসলাম বলেন, “বাজার এখন বিলাসবহুল গাড়ি বিক্রির পক্ষে নয়। এক বছরের বেশি সময় ধরে সব ধরনের গাড়ির বিক্রি কমেছে। মানুষ মনে করছে, বড় অংকের খরচের ঝুঁকি নেওয়ার সময় এখন নয়।”

