বাংলাদেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স আবারও নতুন রেকর্ড গড়েছে। চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্সে আশাব্যঞ্জক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ থেকে ২১ জুলাইয়ের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২৪ সালের ১ থেকে ২১ জুলাই পর্যন্ত প্রবাসী আয় ছিল ১ হাজার ৪৩০ মিলিয়ন ডলার। সেই তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৮ দশমিক ৬ শতাংশ।
অর্থনীতি বিশ্লেষকদের ধারণা, মাসের বাকি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকলে জুলাই মাস শেষে রেমিট্যান্স ২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এটি সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য সাফল্য হবে। এই প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে, যা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কমে আসছিল।
বাংলাদেশের অর্থনীতি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। বৈশ্বিক মন্দা, আমদানি ব্যয় বৃদ্ধি, রপ্তানি আয় হ্রাস এবং বৈদেশিক ঋণের চাপ, সব মিলিয়ে সাম্প্রতিক বছরগুলোতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমেই হ্রাস পেয়েছে। এমন বাস্তবতায় আশার আলো দেখাচ্ছে প্রবাসী আয়ের নতুন রেকর্ড। জুলাই মাসে প্রবাসীরা যে পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন, তা এক মাসের হিসাবে সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ। এই প্রবাহ শুধু পরিসংখ্যানগত নয়, বরং এটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্যের জন্য একটি তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী বার্তা বহন করে। দীর্ঘদিন পর রিজার্ভে যে সঞ্চার দেখা যাচ্ছে, তা রেমিট্যান্স নির্ভর অর্থনীতির গুরুত্ব ও সম্ভাবনাকে নতুনভাবে সামনে এনেছে।
এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব রেমিট্যান্স বৃদ্ধির পেছনে কোন বাস্তব কারণগুলো কাজ করছে, কীভাবে এটি রিজার্ভকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে এবং এই গতি ধরে রাখতে আমাদের কী ধরনের নীতিগত ও কাঠামোগত প্রস্তুতি প্রয়োজন।
রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফনের পেছনে যে বাস্তব কারণগুলো কাজ করছে: বর্তমানে রেমিট্যান্স প্রবাহে যে চমকপ্রদ উল্লম্ফন লক্ষ্য করা যাচ্ছে, তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে রয়েছে সরকারের সময়োপযোগী নীতি, আন্তর্জাতিক শ্রমবাজারে ইতিবাচক পরিবর্তন এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাহিদা বৃদ্ধির বাস্তবতা।
প্রথমতঃ বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকার প্রবাসীদের জন্য যে ২ দশমিক ৫ শতাংশ নগদ প্রণোদনা দিয়ে আসছে, তা অনেক প্রবাসীর কাছে যথেষ্ট আর্থিক সুবিধা হিসেবে কাজ করছে। ফলে তারা ব্যাংকিং চ্যানেলকে বেছে নিচ্ছেন। এই প্রণোদনা কার্যক্রম বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানোকে সহজতর ও লাভজনক করে তুলেছে।
দ্বিতীয়ত: হুন্ডির মতো অবৈধ অর্থপাঠ পদ্ধতির বিরুদ্ধে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কঠোর অভিযান পরিচালনা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও কাস্টমস গোয়েন্দা বিভাগের সক্রিয় তৎপরতায় হুন্ডি ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রিত হয়েছে। ফলে প্রবাসীরা এখন নিরাপদ ও স্বচ্ছ পথকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
তৃতীয়ত: সাম্প্রতিক সময়ে ধর্মীয় উৎসব যেমন: ঈদুল ফিতর, ঈদুল আযহা ও হজ্জ মৌসুম ঘিরে দেশে পরিবারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। এই সময় সাধারণত প্রবাসীরা স্বজনদের জন্য বাড়তি টাকা পাঠান, যা রেমিট্যান্স প্রবাহে প্রাকৃতিকভাবেই গতি আনে। কোরবানির ঈদ-পরবর্তী অর্থনৈতিক চাহিদাও রেমিট্যান্স বাড়ানোর একটি বড় কারণ।
চতুর্থতঃ বৈশ্বিক শ্রমবাজারেও বাংলাদেশের অবস্থান কিছুটা ইতিবাচক দিকে ফিরেছে। সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নতুন নিয়োগের সংখ্যা বাড়ছে। অনেক দেশে কোভিড-পরবর্তী সময়ে নির্মাণ ও সেবা খাতে শ্রমিকের চাহিদা বাড়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। এতে করে বিদেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে এবং সঙ্গে সঙ্গে আয়ও বাড়ছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে রেমিট্যান্স প্রবাহে।
পঞ্চমত: টাকার বিপরীতে ডলারের মান বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রবাসীরা এখন একই পরিমাণ ডলার পাঠিয়ে দেশে তুলনামূলকভাবে বেশি টাকা পাচ্ছেন, যা তাদের মধ্যে অর্থ পাঠাতে উৎসাহ যোগাচ্ছে। এটি একটি মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করছে, বেশি টাকা পাওয়ার সুযোগে বেশি পাঠানোর প্রবণতা।
এছাড়াও কোভিড-১৯ মহামারির পর অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হওয়ায় প্রবাসীরাও আগের তুলনায় নিয়মিত আয় করছেন এবং পরিবারকে সহায়তার সক্ষমতা অর্জন করছেন। অন্যদিকে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ ও বৈদেশিক লেনদেনে ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে প্রবাসীদের মধ্যে দেশের প্রতি আস্থা কিছুটা ফিরেছে। সব মিলিয়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স বৃদ্ধির এই ধারা একটি সম্মিলিত ফলাফল যেখানে নীতি, বাস্তবতা এবং প্রবাসীদের আবেগ-অনুভূতির সংমিশ্রণ কাজ করেছে। তবে এই ধারা ধরে রাখতে হলে এসব ইতিবাচক ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষা করা এবং দীর্ঘমেয়াদে দক্ষ শ্রমিক রপ্তানির কৌশলে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি।
রিজার্ভ কমলেও রেমিট্যান্স ও রপ্তানিতে প্রবৃদ্ধিতে স্বস্তি ও সতর্কতার বার্তা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাম্প্রতিক সময়ে কিছুটা চাপ থাকলেও প্রবাসী আয় ও পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্থনীতিকে সাময়িক স্বস্তি দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী এই রিজার্ভের প্রকৃত হিসাব ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। অথচ মাসের শেষে অর্থাৎ ৩০ জুন, এই রিজার্ভ ছিল ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার। ফলে ২৪ দিনের ব্যবধানে রিজার্ভ কমেছে প্রায় ১ দশমিক ৭২ বিলিয়ন ডলার।
এই পতনের একটি প্রধান কারণ হলো আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) ঋণ পরিশোধ। গত ৮ জুলাই বাংলাদেশ ব্যাংক মে ও জুন মাসের আমদানি বিল বাবদ আকুকে ২ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। এতে করে রিজার্ভ তাৎক্ষণিকভাবে কমে দাঁড়ায় ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারে এবং BPM6 অনুযায়ী ২৪ দশমিক ৪৫ বিলিয়নে নেমে আসে।
তবে এই রিজার্ভ কমার প্রবণতার মাঝেও দেশের অর্থনীতিতে কিছু ইতিবাচক বার্তা রয়েছে। চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে প্রবাসীরা বৈধ পথে ১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮ দশমিক ৬ শতাংশ বেশি। বিশ্লেষকদের মতে, জুলাই মাসের বাকি দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এটি সাম্প্রতিক মাসগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য অর্জন হবে।
আর্থিক বিশ্লেষকরা বলছেন, সরকারের পরিবর্তনের পর প্রবাসীরা হুন্ডি এড়িয়ে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহী হয়েছেন। ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। রেমিট্যান্সে নগদ প্রণোদনা এবং হুন্ডি দমনে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির ফলেই এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
রপ্তানি খাতেও ইতিবাচক গতি দেখা যাচ্ছে। সদ্য সমাপ্ত অর্থবছরে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৮ শতাংশ। পোশাক খাত ছাড়াও নতুন বাজারে পণ্যের প্রসার এবং রপ্তানিকারকদের জন্য প্রণোদনা চালু থাকায় এই ধারা বজায় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ ব্যাংক বিগত প্রায় ১০ মাস ধরে বাজারে ডলার বিক্রি বন্ধ রেখেছে, যা রিজার্ভ ধরে রাখতে সহায়ক হয়েছে। রিজার্ভে ইতিবাচক প্রবাহ থাকায় বাজারে ডলারের চাপ কিছুটা কমেছে এবং এর ফলে টাকার বিপরীতে ডলারের দর সামান্য হ্রাস পেয়েছে। এতে আমদানি ব্যয় ও অভ্যন্তরীণ মূল্যস্ফীতির ওপরও কিছুটা নিয়ন্ত্রণ আশা করা যাচ্ছে। তবে অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে শুধু রিজার্ভের ওপর নির্ভর করে থাকলে চলবে না। এর জন্য রপ্তানির বাজার বৈচিত্র্যকরণ, দক্ষ জনশক্তি পাঠানো এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
পরিশেষে বলা যায়, রিজার্ভ কিছুটা স্বস্তির আভাস দিলেও এটি মোটেও স্থায়ী নয়। বরং এটি ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে হলে এখনই কার্যকর ও সুপরিকল্পিত অর্থনৈতিক কৌশল গ্রহণের প্রয়োজন রয়েছে।
রিজার্ভ পরিস্থিতির বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ প্রভাব ও প্রত্যাশা: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চলমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও আমদানি মূল্যবৃদ্ধির বাস্তবতায় এই অর্জন নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে এই সংখ্যাটি যদিও মনোযোগ আকর্ষণ করছে, প্রকৃত চিত্র অনুধাবন করতে হলে এর পেছনের প্রেক্ষাপট এবং টেকসইতা বিচার করা জরুরি।
রিজার্ভ বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি। সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রায় ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। এছাড়া পণ্য রপ্তানিতেও একই সময়ে সাড়ে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি ব্যয় কিছুটা হ্রাস পাওয়া রিজার্ভ বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।
বৈদেশিক মুদ্রার এই মজুত দেশের অর্থনীতিতে একাধিকভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রথমতঃ পর্যাপ্ত রিজার্ভের ফলে আমদানি ব্যয় নির্বিঘ্নে মেটানো সম্ভব হয়, যা বাজারে পণ্যের ঘাটতি রোধে সাহায্য করে। দ্বিতীয়ত: বৈদেশিক ঋণ পরিশোধ বা মন্দার ঝুঁকি মোকাবিলায় অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখার ক্ষেত্রে এটি নিরাপত্তার বেষ্টনী হিসেবে কাজ করে। তৃতীয়ত: বিনিয়োগকারীদের আস্থা বাড়ে, যা দেশি-বিদেশি বিনিয়োগ প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে এই অর্জনকে টেকসই করে রাখতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাধান্য দিতে হবে। একদিকে রেমিট্যান্স ও রপ্তানির এই গতি ধরে রাখতে হবে, অন্যদিকে আমদানি-রপ্তানির ভারসাম্য রক্ষা করতে হবে যেন রিজার্ভে অপ্রয়োজনীয় চাপ না পড়ে। একইসঙ্গে মুদ্রানীতিতে সতর্কতা অবলম্বন করতে হবে, যেন অতিমুদ্রাস্ফীতি বা ঋণের ঝুঁকি এড়ানো যায়। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের বাস্তবতায় এইসব নীতিগত ভারসাম্য এখন অতীব প্রয়োজন।
এছাড়া উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রবাহ অব্যাহত রাখতে কূটনৈতিক ও নীতিনির্ধারক পর্যায়ে সচেষ্ট থাকা দরকার। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ও নীতিগত অনিশ্চয়তা দূর করাও এখন জরুরি হয়ে পড়েছে। সব মিলিয়ে বলা যায় বর্তমান রিজার্ভ পরিস্থিতি একদিকে যেমন স্বস্তির বার্তা দিচ্ছে, অন্যদিকে এটি ভবিষ্যতের জন্য একটি পরীক্ষা হিসেবে হাজির হচ্ছে। কারণ এই রিজার্ভ কেবল সংখ্যায় নয়, এর ব্যবস্থাপনা, ব্যবহার এবং টেকসইতা, এই সবকিছু মিলেই আসল শক্তি। সঠিক নীতি ও দৃষ্টিভঙ্গি থাকলে এই অর্জনকে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি আরও স্থিতিশীল ও প্রত্যাশিত গন্তব্যে এগিয়ে যেতে পারে।
প্রভাব ও প্রত্যাশায় রিজার্ভ বৃদ্ধি অর্থনীতিকে কী বার্তা দিচ্ছে: বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে, যা অর্থনৈতিক অস্থিরতার সময়ে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা বহন করে। রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি, উন্নয়ন সহযোগীদের সহায়তা এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রিত থাকার কারণে রিজার্ভে এই বৃদ্ধি সম্ভব হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, তবে এই ধারা ধরে রাখতে হলে সামনে নানা দিক থেকে সজাগ থাকতে হবে।
রিজার্ভ বাড়ার একটি তাৎপর্যপূর্ণ প্রভাব পড়েছে ডলার বাজারে। আগে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের অভাব থাকায় ব্যাংকগুলো আমদানি এলসি খোলায় সংকটে পড়ছিল। এখন অনেক ব্যাংক আবার এলসি কার্যক্রম চালু করছে, যা আমদানি বাণিজ্যে গতি ফিরিয়ে এনেছে।একই সঙ্গে ডলারের চাহিদা কিছুটা হ্রাস পাওয়ায় বাজারে টাকার মান তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ের মূল্যস্ফীতিতে, বিশেষত খাদ্য ও আমদানি নির্ভর পণ্যের দামে।
রিজার্ভ বৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংককে আরও স্বাধীনভাবে মুদ্রানীতি প্রয়োগের সুযোগ দিচ্ছে। আগে ডলার সঙ্কট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংককে রিজার্ভ থেকে নিয়মিত ডলার বিক্রি করতে হতো, যা এখন আর করতে হচ্ছে না। এতে রিজার্ভ ধরে রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, উভয় কাজেই কিছুটা সফলতা মিলছে। এছাড়াও বিনিয়োগকারীদের আস্থার ক্ষেত্রেও রিজার্ভ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক পরিবর্তন এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে একটি শক্তিশালী রিজার্ভ দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতীক হিসেবে কাজ করে, যা দেশি-বিদেশি বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে এই অগ্রগতি ধরে রাখতে হলে কিছু বাস্তবতা মাথায় রাখতে হবে। যেমন: শুধু রেমিট্যান্স বাড়ালেই হবে না, রপ্তানি খাতকে বহুমাত্রিক করতে হবে। তৈরি পোশাকের বাইরে ওষুধ, আইটি, চামড়া ও কৃষিপণ্যের মতো খাতে রপ্তানির নতুন বাজার খুঁজতে হবে। একই সঙ্গে আমদানি-রপ্তানির ভারসাম্য রক্ষা ও মুদ্রানীতি আরও দক্ষভাবে পরিচালনার প্রয়োজন রয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, ডলার সংকট, ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সুদের হার পরিবর্তনের মতো বহির্বিশ্বের ঘটনাবলিও বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করে। তাই দেশের রিজার্ভ ব্যবস্থাপনাকে আরও কৌশলগত ও দূরদর্শিতার ভিত্তিতে সাজাতে হবে। উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে বাজেট সহায়তা, স্বল্পসুদে ঋণ এবং প্রকল্প সহায়তা অব্যাহত রাখাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সার্বিকভাবে রিজার্ভে সাম্প্রতিক এই উন্নতি অবশ্যই একটি ইতিবাচক সংকেত। তবে এটি যেন ক্ষণস্থায়ী না হয়, সে লক্ষ্যে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া এখন জরুরী প্রয়োজন। নীতিনির্ধারকদের উচিত হবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কারের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া, যেন এই অগ্রগতি টেকসই হয় এবং সাধারণ জনগণের জীবনযাত্রায় বাস্তব উন্নতি আনে।
তবে সতর্কতা প্রয়োজন: রেমিট্যান্স প্রবাহে সাম্প্রতিক ঊর্ধ্বগতি নিঃসন্দেহে স্বস্তিদায়ক। তবে এটি যে দীর্ঘমেয়াদি এবং স্থায়ীভাবে অব্যাহত থাকবে, এমন ধারণা থেকে সাবধান থাকা প্রয়োজন। অতীত অভিজ্ঞতা বলে ঈদ, হজ্জ বা বিশেষ কোনো উৎসবকেন্দ্রিক সময়ে প্রবাসী আয় বাড়লেও পরে তা আবার ধীরে ধীরে হ্রাস পায়। অর্থাৎ এই ধারা অনেকাংশেই মৌসুমভিত্তিক এবং স্বল্পমেয়াদি হয়ে ওঠে, যা অর্থনীতির টেকসই ভিত্তি হিসেবে বিবেচিত হতে পারে না।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু রেমিট্যান্সের উপর নির্ভর করে দেশের বৈদেশিক মুদ্রার জোগান নিশ্চিত করা একটি ঝুঁকিপূর্ণ কৌশল। কারণ বৈশ্বিক রাজনৈতিক বা অর্থনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যসহ প্রধান শ্রমবাজারগুলোতে ভিসা নীতির পরিবর্তন কিংবা মন্দা, এসবই রেমিট্যান্স প্রবাহে বড় ধাক্কা দিতে পারে। ফলে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী ও বহুমুখী করে তোলা এখন অতীব প্রয়োজন।
এজন্য প্রবাসী আয়ের গুণগত মান উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। অদক্ষ শ্রমিক রপ্তানির পরিবর্তে টেকনিক্যাল, চিকিৎসা, তথ্যপ্রযুক্তি ও নির্মাণ সংশ্লিষ্ট দক্ষ জনশক্তি রপ্তানিতে জোর দিতে হবে। এতে করে একই পরিমাণ প্রবাসী দিয়ে বেশি আয় সম্ভব হবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও রপ্তানি খাতকে বহুমুখীকরণ করতে হবে। তৈরি পোশাকের বাইরে নতুন পণ্য ও বাজার খুঁজে বের করতে হবে, যাতে রপ্তানির পরিধি বাড়ে এবং কর্মসংস্থান বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব হয়।
সরকারের জন্য এখন প্রয়োজন রেমিট্যান্সের বর্তমান গতি ধরে রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় উৎপাদনশীল খাতগুলোতে বিনিয়োগ বাড়ানো, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং রপ্তানি বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়া। কেবল তাহলেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে টেকসই ভিত্তিতে স্থাপন করা সম্ভব হবে।
রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়া নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা। বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই প্রবাহ যেমন সাময়িক স্বস্তি এনেছে, তেমনি ভবিষ্যতের জন্যও কিছু আশাব্যঞ্জক সম্ভাবনা তৈরি করেছে। তবে এই অগ্রগতি ধরে রাখতে হলে শুধু প্রণোদনা বা কড়াকড়ি নয়, বরং রপ্তানি আয় বাড়ানো, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং অর্থনীতির ভিত্তিকে আরও শক্তিশালী করার দিকেও সমানভাবে নজর দিতে হবে।
স্বল্পমেয়াদি প্রবাহের ওপর নির্ভরশীল না থেকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজন একটি দূরদর্শী ও সমন্বিত কৌশল। প্রবাসীদের আস্থা ধরে রাখা, শ্রমবাজার সম্প্রসারণ, বৈধ পথে অর্থ প্রেরণ সহজতর করা এবং উৎপাদন ও রপ্তানি খাতে স্থায়ী উন্নয়নই পারে এই ইতিবাচক ধারা টিকিয়ে রাখতে।রিজার্ভের এই আশাব্যঞ্জক চিত্র যেন শুধু একটি পরিসংখ্যান না হয়ে, বরং দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির টেকসই ভিত্তি হয়ে উঠুক, এটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।

