ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিসরে উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য একটি কর্মসূচি হাতে নিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রাথমিকভাবে এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে সাত থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা। এর বিপরীতে উৎপাদন হবে প্রায় দুই থেকে তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ।
এই কর্মসূচির আওতায় সরকারি অফিস, স্কুল-কলেজ, মাদ্রাসা ও হাসপাতালের ছাদে সৌর প্যানেল বসানো হবে। অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে এ প্রকল্পে প্রয়োজনীয় অর্থায়নের আশ্বাস দিয়েছে। প্রকল্প বাস্তবায়নে মন্ত্রিপর্যায়ে প্রশাসনিক সমন্বয় বাড়াতে মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে ১০০টির বেশি ডিও লেটার পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি শিগগির জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে সমন্বয় সভার আয়োজন করা হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়িয়ে টেকসই ব্যবস্থায় যেতে রুফটপ সোলারই সবচেয়ে কার্যকর বিকল্প।” তিনি আরও বলেন, “ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন হলে আমদানিনির্ভর জ্বালানির প্রয়োজনও অনেকটা কমে যাবে।”
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, গত ২৬ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে “জাতীয় রুফটপ সোলার কর্মসূচি” নিয়ে বৈঠক হয়। সেখানে দেশের সব সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ছাদে সৌর প্যানেল বসানোর নির্দেশ দেওয়া হয়। পরে ২৯ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
এই কর্মসূচিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌর সিস্টেম বসিয়ে ডিসেম্বরের মধ্যেই এক থেকে দেড় হাজার মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে একই সময়ের মধ্যে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, পলিটেকনিক ও সরকারি হাসপাতালের ছাদে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবায় রুফটপ সৌর প্রকল্প বাস্তবায়নে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো নিজস্বভাবে অথবা সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোগ নেবে। এই মডেলে প্রতিষ্ঠানগুলোর কোনো বিনিয়োগ লাগবে না। প্যানেল স্থাপন, সংযোগ রক্ষণাবেক্ষণসহ সব দায়িত্ব নেবে বাস্তবায়নকারী সংস্থা। বরং প্রতিষ্ঠানগুলো ছাদ ব্যবহারের জন্য ভাড়া পাবে, যা তাদের নিজস্ব তহবিলে যুক্ত হবে। এই মডেলকে বলা হচ্ছে ওপেক্স (অপারেটিং এক্সপেন্ডিচার)।
অন্যদিকে সরকারি অফিসগুলোর জন্য প্রযোজ্য হবে ক্যাপএক্স (ক্যাপিটাল এক্সপেন্ডিচার) মডেল। সেক্ষেত্রে অফিসগুলো নিজ নিজ মন্ত্রণালয়ের কাছে চাহিদা পাঠাবে। মন্ত্রণালয় সেগুলো একত্র করে বরাদ্দ দেবে। পরে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সৌর সিস্টেম বসানো হবে। সব রুফটপ সোলারই নেট মিটারিংয়ের আওতায় থাকবে। অর্থাৎ অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ স্বয়ংক্রিয়ভাবে জাতীয় গ্রিডে যাবে এবং প্রয়োজন অনুযায়ী গ্রিড থেকে বিদ্যুৎ গ্রহণ করা যাবে। প্রতি তিন মাসে উৎপাদন ও ব্যবহারের সমন্বয় করে বিদ্যুৎ বিল নির্ধারণ করা হবে।
তবে সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ এখনও পিছিয়ে। ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (IRENA) ২০২৪ সালের প্রতিবেদনে দেখা যায়, ভারতে মোট চাহিদার ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ শতাংশ ও শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আসে। সেখানে বাংলাদেশে তা মাত্র ৫.৬ শতাংশ (১,৫৮০ মেগাওয়াট)। এর অন্যতম কারণ হলো নিম্নমানের যন্ত্রপাতির কারণে অনেক রুফটপ সোলার অকেজো হয়ে পড়েছে।
বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে। আনুমানিকভাবে এই লক্ষ্যমাত্রা ২০৩০ সালে ৪,৪৪৪ মেগাওয়াট এবং ২০৪০ সালে ৮,৮৮৮ মেগাওয়াট।
এই লক্ষ্য অর্জনে এরই মধ্যে ৫৫টি স্থলভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য ৫,২৩৮ মেগাওয়াট ক্ষমতার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্যারিস চুক্তির ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশন (এনডিসি) অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে দেশের মোট বিদ্যুৎ সরবরাহের ৪০ শতাংশ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

