দেশের পুঁজিবাজারে ফের ফিরছে সুদিনের ইঙ্গিত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও বাজার মূলধনে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। গত সপ্তাহে দুই বাজারে মিলিয়ে বাজার মূলধন বেড়েছে ৩৭ হাজার ৭৩ কোটি ৭৮ লাখ টাকা। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ও বাজেট-পরবর্তী ইতিবাচক সুবিধার প্রভাবে বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপিত হচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের বিরুদ্ধে বিনিয়োগকারীদের একটি ক্ষোভ ছিল। বিভিন্ন সিদ্ধান্ত ঘিরে সেই ক্ষোভে তারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছেন। তবে বাজেটের পর পুঁজিবাজারবান্ধব কিছু পদক্ষেপ এবং বিএসইসি প্রধানের সাম্প্রতিক কিছু কার্যক্রম বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে। এ ছাড়া ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বাজারে যে ধসের শঙ্কা দেখা দিয়েছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। বাজার ঘুরে দাঁড়ানোয় বিনিয়োগকারীদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে এই ধারা কতদিন স্থায়ী হবে, তা এখনই বলা কঠিন।
গত সপ্তাহে (রবি থেকে বৃহস্পতিবার) ডিএসই ও সিএসই উভয় বাজারেই সূচকের উত্থান ও মূলধনের বড় প্রবৃদ্ধি হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫৯.৫৬ পয়েন্ট বা ৫.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৯২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫৩.১১ পয়েন্ট বা ৭.৯১ শতাংশ, যা দাঁড়িয়েছে ২,০৮৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫২.৮৯ পয়েন্ট বা ৪.৭২ শতাংশ বেড়ে হয়েছে ১,১৭২ পয়েন্ট। তবে এসএমই সূচক (ডিএসএমইএক্স) কমেছে ১৬.৩৩ পয়েন্ট বা ১.৬১ শতাংশ, অবস্থান ৯৯৬ পয়েন্টে। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৭ কোটি ১ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ২০ হাজার ৫০৮ কোটি ৭২ লাখ টাকা। একই সময়ে ডিএসইতে মোট ৪ হাজার ২৯৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৮৮৯ কোটি ১০ লাখ টাকা বেশি। মোট ৩৯৪টি কোম্পানির মধ্যে ২১৫টির শেয়ারের দাম বেড়েছে, ১৪৪টির কমেছে এবং ৩৫টির অপরিবর্তিত ছিল। ১৯টি কোম্পানির শেয়ারে কোনো লেনদেন হয়নি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৮৪.২২ পয়েন্ট বা ৪.৭৭ শতাংশ, দাঁড়িয়েছে ১৫ হাজার ১৩ পয়েন্টে। অন্যান্য সূচকের মধ্যে:
- সিএসই-৩০ বেড়েছে ৬.৯৭ শতাংশ, দাঁড়িয়েছে ১৩,২৫১ পয়েন্টে।
- সিএসসিএক্স বেড়েছে ৬.৯৭ শতাংশ, দাঁড়িয়েছে ৯,১৯৪ পয়েন্টে।
- সিএসআই বেড়েছে ৩.৮৫ শতাংশ, দাঁড়িয়েছে ৯৪৫ পয়েন্টে।
- এসইএসএমইএক্স সূচক কমেছে ৩.৫৯ শতাংশ, দাঁড়িয়েছে ১,৯৬২ পয়েন্টে।
সপ্তাহ শেষে সিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২১ হাজার ৭৩৭ কোটি ৫১ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১৬ হাজার ৫৬৫ কোটি ৬ লাখ টাকা। লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে। সিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ৯১ কোটি ৬৮ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৩০ কোটি ৬৩ লাখ টাকা। সপ্তাহজুড়ে মোট ৩৩৬টি কোম্পানির মধ্যে ১৮৭টির শেয়ারদর বেড়েছে, ১২২টির কমেছে এবং ২৭টির অপরিবর্তিত ছিল।

