আসন্ন শুল্ক কার্যকরের ডেডলাইনের আগেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির আশায় বাজারে কিছুটা স্থিতিশীলতা প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন আজ রোববার স্কটল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ইউরোপীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ সপ্তাহান্তেই একটি প্রাথমিক কাঠামোগত চুক্তিতে পৌঁছানো যেতে পারে। যদিও ট্রাম্প শুক্রবার বলেছেন, চুক্তির সম্ভাবনা ‘৫০-৫০’ বা তার চেয়েও কম।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২০ সালের ডাভোস সম্মেলনের সময় উরসুলা ও ট্রাম্পের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। ওয়েলস ফারগো ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটের প্রধান বিশ্লেষক সামীর সামানার মতে, মার্কিন-ইইউ সম্পর্ক বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদারিত্ব। সামানা বলেন, “যদি এই অংশটাও ঠিকঠাক হয়, তাহলে আরও অনেক বিনিয়োগকারী বাজারে ফিরে আসতে পারেন। এটা একটি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা, যা দূর হয়ে যেতে পারে।”
চুক্তিটি হলে যুক্তরাষ্ট্রে ইউরোপীয় পণ্যের ওপর একটি ১৫% ভিত্তিক শুল্ক আরোপ এবং ইউরোপীয় স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০% শুল্ক কার্যকর হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনীতিক ও কর্মকর্তারা। এই আশাবাদ ইতোমধ্যে মার্কিন শেয়ারবাজারকে উর্ধ্বমুখী করেছে। যদিও গত ২ এপ্রিল ট্রাম্প যখন বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন, তখনই বাজারে মন্দাভাব দেখা দেয়। তবে এরপর সেই মন্দাভাব ধীরে ধীরে কেটে গেছে।
আগস্ট ১-এর দিকে আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কারণ, ওই দিন থেকেই যুক্তরাষ্ট্র তার একাধিক বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে শুল্ক বাড়াতে যাচ্ছে। বর্তমানে ইইউর প্রায় ৭০% রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রের উচ্চহারে শুল্কের মুখে পড়েছে। এর মধ্যে ৫০% শুল্ক রয়েছে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশে ২৫% এবং অন্যান্য পণ্যে ১০% শুল্ক রয়েছে, যা আগস্টে বাড়িয়ে ৩০% করার হুমকি দিয়েছেন ট্রাম্প।
এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেন। এরপরই ইউরোপের সঙ্গে চুক্তির সম্ভাবনা আরও উজ্জ্বল হয়। ‘ক্যাপিটাল ইকোনোমিকস’-এর বিশ্লেষকদের মতে, জাপান ও ইইউ দুটোই যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদার। একত্রে তারা যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির প্রায় এক চতুর্থাংশের জোগানদাতা।
জাপানের সঙ্গে হওয়া চুক্তিতে দেশটির গাড়ি খাত, যা যুক্তরাষ্ট্রে তাদের মোট রপ্তানির এক চতুর্থাংশ, সেই খাতে শুল্ক ২৭.৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে। ইইউর ক্ষেত্রেও যদি একই রকম শুল্ক হ্রাস হয়, তাহলে সেটি ইউরোপের জন্যও ‘সাধারণ বিষয় নয়’, বলছে ‘ক্যাপিটাল ইকোনোমিকস’। কারণ, ইউরোপীয় ইউনিয়নের যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির প্রায় ১০% গাড়ি ও যন্ত্রাংশ।
এদিকে, বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনার দিকেও নজর রাখছেন। উভয় দেশের কর্মকর্তারা আগামী সপ্তাহে স্টকহোমে বৈঠকে বসতে যাচ্ছেন। সেখানে ১২ আগস্টের চুক্তি আলোচনার সময়সীমা বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে।

