বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে চীনের সাংহাই ও গুয়াংজৌয়ে সফল উদ্যোগ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) যৌথভাবে ২০ থেকে ২৬ জুলাই এই কার্যক্রম পরিচালনা করে।
২১ জুলাই সাংহাইয়ে ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনার’ অনুষ্ঠিত হয়, যেখানে একশোরও বেশি চীনা বিনিয়োগকারী অংশ নেন। সেমিনার আয়োজন করে বিডা ও বাংলাদেশ দূতাবাস। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী নেতৃত্বে প্রতিনিধি দল সাংহাই ও গুয়াংজৌয়ে ২৫টিরও বেশি চীনা কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। আলোচনায় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক (আরএমজি), স্বাস্থ্যসেবা ও ভোক্তা ইলেকট্রনিক্স খাতে নতুন ও সম্প্রসারিত বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।
আশিক চৌধুরী বলেন, “চীনা কোম্পানিগুলো সক্রিয় অংশগ্রহণ করেছে, যা আমাদের আশাবাদী করেছে। বৈঠকগুলোতে বাংলাদেশের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রগতি তুলে ধরা হয়েছে, বিশেষ করে মুদ্রার স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়ার সহজীকরণ। এই উদ্যোগগুলো চীনা বিনিয়োগকারীদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।” এই সফরে বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সিটিব্যাংক এনএ, ইস্টার্ন ব্যাংক পিএলসি, এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতিনিধিরাও ছিলেন।
সফরের মাধ্যমে চীনের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও চীনে থাকা প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ভবিষ্যত সহযোগিতার নতুন দ্বার খুলে গেছে। এছাড়া পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপনের প্রাথমিক আলোচনা হয়। এতে এই অঞ্চলে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরও জোরদার হবে।

