বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধে ইতিহাসে প্রথমবারের মতো বড় চাপে পড়েছে। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশের বৈদেশিক ঋণ পরিশোধ ৪০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে ঋণের আসল অর্থ পরিশোধ হয়েছে ২ হাজার ৫৯৫ মিলিয়ন ডলার, আর সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১ হাজার ৪৯১ মিলিয়ন ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, গত অর্থবছরের তুলনায় এই পরিমাণ প্রায় ২১ শতাংশ বেশি। আগের বছরে আসল অর্থ পরিশোধ ছিল ২ হাজার ২০ মিলিয়ন ডলার এবং সুদ ছিল ১ হাজার ৩৪৯ মিলিয়ন। সেই হিসেবে এবার মূলধন পরিশোধ বেড়েছে ২৯ শতাংশ আর সুদ পরিশোধ বেড়েছে ১১ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, গত এক দশকে নেওয়া বড় অবকাঠামোগত প্রকল্প ও বাজেট সহায়তার ঋণগুলোর অনুগ্রহকাল শেষ হয়ে যাচ্ছে। ফলে একে একে কিস্তি পরিশোধ শুরু হচ্ছে। ইআরডির তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ কয়েকটি বৃহৎ প্রকল্পের কিস্তি আগামী এক-দুই বছরের মধ্যে চালু হবে। এতে ভবিষ্যতে চাপ আরও বাড়বে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, ২০১৬-১৭ সাল থেকে নেওয়া অনেক বড় প্রকল্পই ছিল অতিরিক্ত বাজেটের ওপর ভিত্তি করে। বাস্তবতা বা অর্থনৈতিক লাভ-ক্ষতির বিশ্লেষণ ছাড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে রাজস্ব আয় দুর্বল থাকায় বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা বেড়েছে। গত সাত বছরে বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে।
তিনি আরও জানান, কোভিড-পরবর্তী অর্থনৈতিক সংকট ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ে। তখন বাজেট সহায়তার নামে নেওয়া কিছু স্বল্পমেয়াদি ঋণের শর্ত ছিল কঠিন এবং সুদের হার ছিল বেশি। এখন সেই ঋণের কিস্তি পরিশোধ শুরু হওয়ায় অর্থনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে।
এ অর্থবছরে নতুন ঋণ চুক্তির গতি ছিল ধীর। ২০২৪-২৫ সালে নতুন চুক্তি হয়েছে ৮ হাজার ৩২৩ মিলিয়ন ডলারের, যা আগের বছরের তুলনায় কম। একই সময়ে ঋণের অর্থছাড় হয়েছে ৮ হাজার ৫৬৮ মিলিয়ন ডলার, যেখানে আগের বছর ছিল ১০ হাজার ২৮৩ মিলিয়ন ডলার।
ইআরডি সূত্র জানায়, দেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন ও প্রশাসনিক স্থবিরতার কারণে কিছু বিদেশি ঠিকাদার প্রকল্প থেকে সরে গেছে। এতে প্রকল্প বাস্তবায়নে ধীরতা এসেছে। পাশাপাশি সরকারের মাঝারি মেয়াদি ঋণ কৌশল অনুযায়ী উন্নয়ন প্রকল্পে ঋণ গ্রহণ সীমিত রাখা হয়েছে। তবে বাজেট ঘাটতি মোকাবেলায় ৩ হাজার ৪০০ মিলিয়ন ডলারের রেকর্ড সহায়তা নেওয়া হয়েছে।
বিশ্বব্যাংক ছিল সবচেয়ে বড় ঋণদাতা, মোট প্রতিশ্রুতি ২ হাজার ৮৪০ মিলিয়ন ডলার। এর মধ্যে ১ হাজার মিলিয়ন ডলার ছিল সরাসরি বাজেট সহায়তা। এরপর এশীয় উন্নয়ন ব্যাংক দিয়েছে ২ হাজার মিলিয়ন ডলার, আর জাপান দিয়েছে ১ হাজার ৮৯০ মিলিয়ন ডলার। অর্থছাড়ের দিক থেকেও শীর্ষে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক।
অর্থনীতিবিদরা বলছেন, এখন সময় এসেছে ঋণ ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি নেওয়ার। শুধু ঋণ নেওয়া নয় বরং কোন প্রকল্পে কতটা লাভ, কতটা সময়োপযোগী এবং তা যথাসময়ে পরিশোধযোগ্য কিনা—এই দিকগুলো যাচাই করে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
অন্যথায় দেশের অর্থনীতি ও বাজেটের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে।

