আদালতের স্থগিতাদেশ পেলেও ঋণ খেলাপিকে ‘খেলাপি’ হিসেবেই বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘খেলাপিকে খেলাপিই বলা উচিত। কেউ হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিলেও ব্যাংক তাকে শ্রেণিকরণ করবে। কারণ, একজন গ্রাহককে ব্যাংক যতটা বুঝে, আদালতের পক্ষে ততটা গভীরে গিয়ে বোঝা সম্ভব নয়।’
সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন গভর্নর মনসুর। সাক্ষাৎকার নেন টিবিএসের স্পেশাল করেসপনডেন্ট জেবুন নেসা আলো ও স্টাফ করেসপনডেন্ট সাখাওয়াত প্রিন্স। তিনি বলেন, “আমরা অর্থঋণ আদালত আইন রিভাইজ করতে যাচ্ছি। বিচার বিভাগ যেভাবে চলছে, তা চলতে থাকলে আর্থিক খাত কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না।”
আহসান এইচ মনসুর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের পর গঠিত নতুন সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব গ্রহণ করেন। গত ১৬ বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে আর্থিক খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে, তার প্রেক্ষাপটেই এই পরিবর্তন আসে। সেই বাস্তবতায় দায়িত্ব নেওয়ার প্রায় এক বছর পর ব্যাংক খাত পুনর্গঠনে অগ্রগতি কতটা হয়েছে— সেই প্রশ্নের উত্তর খোঁজতেই নেওয়া হয় এই সাক্ষাৎকার।
গভর্নর জানান, আগের অনেক ব্যবসায়িক গোষ্ঠী আদালতের ‘স্থগিতাদেশ’ নিয়ে এসে খেলাপি তালিকা থেকে নিজেদের রক্ষা করতেন। অথচ কিছু ব্যাংক, বিশেষ করে অগ্রণী ব্যাংকের এক ঘটনায় দেখা গেছে—স্টে অর্ডার থাকা সত্ত্বেও গ্রাহককে খেলাপি ঘোষণা করা হয়েছিল। এর ফলে গ্রাহকের বিরুদ্ধে ওয়ারেন্ট পর্যন্ত ইস্যু হয়। “আমি ব্যক্তিগতভাবে মনে করি, ডিফল্টারকে ডিফল্টারই বলা উচিত। আদালতের আদেশ থাকা মানেই গ্রাহক খেলাপি নন— এমন চিন্তা করে চললে অর্থনীতির বাস্তবতা বদলাবে না,” বলেন মনসুর।
বাংলাদেশ ব্যাংকের চলমান উদ্যোগে ব্যাংকের সম্পদ ও ঋণের মান পর্যালোচনার যে চিত্র উঠে এসেছে, তা উদ্বেগজনক বলে উল্লেখ করেন গভর্নর। তিনি বলেন, ‘এটা এক দিনের ঘটনা নয়। আট-নয় বছর ধরে পরিকল্পিতভাবে একের পর এক ব্যাংক দখল করা হয়েছে। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানও তাদের হাতছাড়া হয়নি। এসব প্রতিষ্ঠান ব্যবহার করে বিপুল অর্থ পাচার করা হয়েছে।’গভর্নর একে ‘হানিপট’ বা মধুর ভাণ্ডার বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, “এটি যেন মধু লুটের প্রকল্প ছিল। জনগণের আমানতের নিরাপত্তা নিয়ে কেউ ভাবেনি। পুরো আর্থিক খাতকে লুটপাটের জন্য উৎসর্গ করা হয়েছিল।”
তিনি আরও বলেন, “ভয়ঙ্কর ব্যাপার হলো—এই অপকর্ম হয়েছে সরকারের ও বাংলাদেশ ব্যাংকের চোখের সামনেই। কেউ কোনো শব্দ করেনি। বরং অনেক সময় দেখা গেছে, এসব গোষ্ঠীকে তারা সাহায্য করেছে।”

