চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১.৯৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহের এ গতি মাসজুড়ে অব্যাহত থাকলে জুলাইয়ের শেষ নাগাদ এ আয় ২.৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
গতকাল রবিবার, ২৭ জুলাই প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রবাসীদের পাঠানো এ অর্থ পুরোপুরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এসেছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিট্যান্সে এমন ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। গত জুন মাসেও প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২.৮২ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।
এ ছাড়া সদ্যসমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহে রেকর্ড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই অর্থবছর শেষে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার। যা ২০২৩–২৪ অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। আগের অর্থবছরে রেমিট্যান্স ছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার। এটি এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স। প্রবাসী আয়ের এই ধারাবাহিকতা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনার পাশাপাশি বৈদেশিক মুদ্রার জোগানেও স্বস্তি এনে দিয়েছে।

