মূল্যস্ফীতির ঘূর্ণিপাকে সাধারণ মানুষের জীবন, বাংলাদেশে এই মুহূর্তে এ কথাটি নিছক বাক্য নয়, বরং একটি কঠিন বাস্তবতা। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, আয় ও ব্যয়ের অমিল এবং মৌলিক চাহিদা পূরণে ক্রমবর্ধমান অসহায়তা আজ দেশের সাধারণ মানুষকে এক দুঃসহ যাত্রার মুখোমুখি করে তুলেছে। বিশেষ করে সীমিত ও নিম্ন আয়ের পরিবারগুলো প্রতিদিনের বাজারে দাঁড়িয়ে বেছে নিতে বাধ্য হচ্ছে, খাবো না ওষুধ কিনব? সন্তানের স্কুলের টিউশন ফি দেব, না মাসের ভাড়া মেটাব?
মূল্যস্ফীতি অর্থনীতির একটি স্বাভাবিক উপাদান হলেও যখন তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা হয়ে ওঠে জীবনযাত্রার শত্রু। বর্তমানে বাংলাদেশে এমনই এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও পরিবহন খরচ প্রতিনিয়ত বেড়েই চলেছে। কেন্দ্রীয় ব্যাংক ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সার্বিক মূল্যস্ফীতি ৮ শতাংশ ছাড়িয়ে গেছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে উচ্চতম। এর মধ্যে চাল, ডাল, তেল, ডিম ও দুধের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে সবচেয়ে বেশি, যা সরাসরি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।
একদিকে চাকরির অভাব, মজুরির স্থবিরতা; অন্যদিকে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, এই ত্রিমুখী চাপ সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তাকে ভেঙে দিচ্ছে। গার্মেন্ট শ্রমিক, রিকশাচালক, দিনমজুর কিংবা বেসরকারি চাকরিজীবী, সবাই আজ একই বৃত্তে বন্দি। আয়-ব্যয়ের অসামঞ্জস্য তাদের বাধ্য করছে ঋণ নিতে, সঞ্চয় ভাঙতে, কিংবা মৌলিক চাহিদা বিসর্জন দিতে।
এই বাস্তবতা শুধু ব্যক্তি পর্যায়ের সংকট নয়; বরং এটি আমাদের রাষ্ট্রীয় নীতিনির্ধারণ, বাজার ব্যবস্থাপনা এবং সামাজিক সুরক্ষা কাঠামোর ওপর প্রশ্ন তুলছে। এখনই সময় বাজার নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণের। কারণ যদি সাধারণ মানুষের ভাতের থালা হুমকির মুখে পড়ে, তাহলে উন্নয়ন কথিত থাকলেও তা টেকসই হবে না।
বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট: বাংলাদেশের অর্থনীতি বর্তমানে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তার অন্যতম প্রধান উপাদান হচ্ছে মূল্যস্ফীতি। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে গড় মূল্যস্ফীতি আগের মাসের ১০ দশমিক ৩০ শতাংশ থেকে সামান্য কমে ১০ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, জানুয়ারি ২০২৫-এ মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৪ শতাংশে পৌঁছায়, যা জুন মাসে কিছুটা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে।
তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, বছরের শুরুতে মূল্যস্ফীতির হার তুলনামূলকভাবে বেশি ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা কিছুটা কমেছে, যা স্বস্তির ইঙ্গিত দেয়। বিশেষ করে জুন মাসে মূল্যস্ফীতি নেমে ৮ দশমিক ৪৮ শতাংশে পৌঁছানো একটি ইতিবাচক দিক হিসেবে দেখা যেতে পারে। যদিও সামগ্রিক হারে সামান্য কমতি দেখা গেছে, তবে তা এখনও সরকারের মনিটারি লক্ষ্যমাত্রা, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সরকার মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। তবে জানুয়ারি থেকে ৮ শতাংশের উপরে রয়ে গেছে। ফলে নীতিনির্ধারকেরা মুদ্রানীতির মাধ্যমে ধাপে ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে সংখ্যার এই সামান্য পরিবর্তনের মধ্যেও সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরেনি। খাদ্যস্ফীতি এখনও সাধারণ মানুষের দৈনন্দিন খরচে বড় চাপ তৈরি করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৩৯ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ।
একই সঙ্গে সার্বিক মূল্যস্ফীতিও হ্রাস পেয়ে ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন হার। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৩৯ শতাংশে নামলেও চাল, ডাল, তেল, সবজি, ডিম, দুধসহ প্রধান খাদ্যপণ্যের দাম অনেকাংশে অপরিবর্তিত রয়ে গেছে। চালের দাম এখনও কেজিপ্রতি ৬০ থেকে ৭৫ টাকার মধ্যে, যা স্বল্প আয়ের মানুষের জন্য ব্যাপক কষ্টকর। ফলে মানুষের বাস্তবিক ক্রয়ক্ষমতা কমে গেছে এবং জীবনযাত্রার মান নিম্নমুখী হয়েছে।
এই দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির পেছনে বেশ কিছু আন্তঃসংশ্লিষ্ট কারণ রয়েছে। প্রথমতঃ আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রভাব দেশের ভোক্তাপর্যায়ে পৌঁছেছে, যার ফলে পরিবহন খরচ ও উৎপাদন ব্যয় উভয়ই বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়ত: ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আমদানি পণ্যের দাম বেড়ে গেছে, বিশেষ করে ভোজ্যতেল, গম, ডাল, সার ও জ্বালানির ক্ষেত্রে।
তৃতীয়ত: বাজারে সরবরাহ ব্যবস্থার ঘাটতি ও অসাধু ব্যবসায়ীদের মজুতদারির কারণে অনেক পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও মৌসুমি সংকটও কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহে প্রভাব ফেলেছে। এর পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-১৯–পরবর্তী বৈশ্বিক অস্থিরতা আন্তর্জাতিক বাজারকে যেমন অনিশ্চিত করে তুলেছে, তেমনি তার রেশ বাংলাদেশেও পড়েছে।
অন্যদিকে দেশের অভ্যন্তরে অতিরিক্ত মুদ্রা সরবরাহ ও উৎপাদন হ্রাসজনিত কারণে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে। টাকা ছাপানোর প্রবণতা ও বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণের উপর নির্ভরতা, বাজারে অতিরিক্ত অর্থ প্রবাহ তৈরি করছে, যা চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মূল্যস্ফীতিকে আরও তীব্র করে তুলছে।
এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের জীবনমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সীমিত আয়ের মানুষের কাছে খাদ্য, চিকিৎসা, শিক্ষা, পরিবহনসহ মৌলিক সেবাগুলোর খরচ এখন বেড়ে গেছে বহুগুণ। মধ্যবিত্ত শ্রেণিও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে লিপ্ত। একইসঙ্গে ক্ষুদ্র ব্যবসা, কৃষি ও উৎপাদন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি চাপের মুখে রয়েছে।
সরকার মুদ্রানীতি কঠোর করা, সুদের হার বৃদ্ধি এবং টিসিবি এর মাধ্যমে পণ্য বিতরণসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে তা এখনো পরিপূর্ণভাবে কার্যকর হয়নি। এই অবস্থায় জরুরি ভিত্তিতে বাজার নিয়ন্ত্রণ, জ্বালানি ও আমদানির উপর নির্ভরতা হ্রাস, স্বনির্ভর উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা জোরদার এবং দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা প্রয়োজন।
সাধারণ মানুষের ওপর প্রভাব: মূল্যস্ফীতি কখনোই কেবল একটি পরিসংখ্যানগত বিষয় নয়; এটি মানুষের প্রতিদিনকার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সাধারণ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর। আয় অপরিবর্তিত থাকলেও ব্যয় বেড়ে যাওয়ায় তাদের দৈনন্দিন জীবন ক্রমশঃ কঠিন হয়ে উঠছে।
বর্তমানে চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস প্রতিটি নিত্যপণ্যের দাম গড়ে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। বাজারে গিয়ে এখন আগের চেয়ে অনেক কম পরিমাণ খাদ্য কিনতে হচ্ছে একই অর্থে। গৃহস্থালি বাজেটের অর্ধেকের বেশি চলে যাচ্ছে শুধুই খাদ্য কেনায়। এর ফলে ওষুধ, শিক্ষা, বাড়িভাড়া, পরিবহন কিংবা সঞ্চয়ের মতো খরচগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে।
বিশেষ করে সীমিত আয়ের মানুষ যেমন: দিনমজুর, গার্মেন্ট শ্রমিক, রিকশাচালক, গৃহকর্মী কিংবা ছোট ব্যবসায়ী, তাদের আয় আগের মতোই রয়ে গেছে অথচ জীবনযাত্রার ব্যয় বেড়েছে দ্বিগুণ। দেশের শ্রম বাজারেও স্থবিরতা বিরাজ করছে। কম স্কিলে কর্মরতদের মজুরি গড়ে প্রায় ২ শতাংশ কমেছে, আবার অনেক ক্ষেত্রেই চাকরি হারানোর ঘটনাও ঘটেছে। ফলে আয় কমে যাওয়া ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার এই দ্বিমুখী চাপ অসংখ্য পরিবারকে আর্থিক নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে।
বর্তমানে তৈরি পোশাক শিল্পে কাজ করছেন প্রায় ৪০ লক্ষ শ্রমিক। কিন্তু এই বিশাল কর্মসংস্থানের একটি বড় অংশ এখনও মাত্র ৮ হাজার ৩০০ টাকা মাসিক বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। এই বেতন বর্তমান বাজার দরের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে শ্রমিকদের পরিবার-পরিজন নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। শ্রমিকরা ২৩ হাজার টাকার মতো ন্যূনতম বেতনের দাবি জানালেও বাস্তবে তার অর্ধেকও পাচ্ছেন না। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে, যা শ্রমবাজারে অস্থিরতা তৈরি করছে।
মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। একই অর্থ দিয়ে আগের মতো পণ্য ও সেবা কেনা যাচ্ছে না। এই অবস্থায় বহু মানুষ তাদের পূর্বের জীবনমান বজায় রাখতে পারছে না। জীবনযাত্রার এই সংকোচন শুধু অর্থনৈতিক নয়, সামাজিক ও মানসিক দিক থেকেও প্রভাব ফেলছে। অনিশ্চিত ভবিষ্যৎ, আর্থিক অনিরাপত্তা, ঋণগ্রস্ততা এবং মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা অনেকের মধ্যে মানসিক চাপ, হতাশা ও পারিবারিক অস্থিরতা সৃষ্টি করছে।
এছাড়া মূল্যস্ফীতির সরাসরি প্রভাব পড়ছে সঞ্চয়ের ওপরও। অধিকাংশ মধ্যবিত্ত পরিবার আগে যে পরিমাণ সঞ্চয় করতে পারত, এখন তা একেবারেই অসম্ভব হয়ে উঠেছে। বরং অনেক পরিবার বাধ্য হচ্ছে সঞ্চয় ভেঙে নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতে। সবচেয়ে ভয়াবহ দিক হলো, এই পরিস্থিতি দারিদ্র্যের মাত্রাও বাড়িয়ে দিচ্ছে। যারা কিছুদিন আগেও দরিদ্র ছিল না, তারাও এখন নি:স্বতার কাতারে এসে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর হার সাম্প্রতিক সময়ে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে লাগামহীন মূল্যস্ফীতি।
এমন একটি প্রেক্ষাপটে মূল্যস্ফীতি শুধু অর্থনৈতিক সূচক নয়, এটি এখন হয়ে উঠেছে জীবনের প্রতিটি স্তরের একটি বাস্তব সংকট। এর সঙ্গে জড়িয়ে আছে পুষ্টিহীনতা, শিক্ষাবঞ্চনা, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এবং সামগ্রিকভাবে দেশের মানবসম্পদের অবক্ষয়ের ঝুঁকি। এই বাস্তবতা থেকে উত্তরণে শুধু অর্থনৈতিক নীতিমালা নয়, প্রয়োজন একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা, যেখানে মানুষের জীবন ও সম্ভাবনাকে প্রাধান্য দেওয়া হবে।
নির্দিষ্ট প্রেক্ষাপটে ঘরোয়া সমস্যা: মূল্যস্ফীতির বর্তমান চাপ শুধু জাতীয় অর্থনীতিকেই নয়, বরং ব্যক্তি ও পারিবারিক জীবনের ভেতরেও গভীর অসাম্য ও দুর্ভোগ তৈরি করছে। এর প্রভাব গ্রামীণ ও নগরজীবনের প্রতিটি স্তরে ভিন্নভাবে ধরা দিচ্ছে, যার ফলে অর্থনৈতিক সংকট এখন একটি সামাজিক সংকটে রূপ নিচ্ছে।
গ্রামীণ এলাকাগুলোর অবস্থা তুলনামূলকভাবে বেশি সংকটাপন্ন। ২০২৫ সালের মার্চ মাসে গ্রামীণ অঞ্চলে অ-খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৭%, যা শহরাঞ্চলের তুলনায়ও বেশি। এর পেছনে রয়েছে যোগাযোগব্যবস্থার দুর্বলতা, বিকল্প আয়ের সীমিত সুযোগ এবং সরবরাহ ব্যবস্থায় দীর্ঘসূত্রতা। ফলে গ্রামীণ জনগোষ্ঠী পণ্যের উচ্চমূল্য সামাল দিতে গিয়ে আরও আর্থিক সংকটে পড়ছে।
শিশু দারিদ্র্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য বড় এক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে গ্রামীণ এলাকায় শিশুদের দারিদ্র্যের হার প্রায় ২০ শতাংশ, যেখানে শহরে তা ৮-৯ শতাংশের মতো। বাংলাদেশে জাতীয়ভাবে শিশু দারিদ্র্যের হার প্রায় ১৬ দশমিক ৪৯ শতাংশ। এর মধ্যে গ্রামে এই হার ২০ দশমিক ১৫ শতাংশ, আর শহরে ৮ দশমিক ২২ শতাংশ। অর্থাৎ গ্রামীণ এলাকায় শিশু দারিদ্র্যের হার শহরের তুলনায় দ্বিগুণেরও বেশি, যা শিশুদের বেড়ে ওঠা ও ভবিষ্যতের জন্য বড় একটা চ্যালেঞ্জ তৈরি করছে। খাদ্য নিরাপত্তাহীনতা, শিক্ষা ব্যয় মেটাতে না পারা এবং স্বাস্থ্যসেবায় সীমিত প্রবেশাধিকার, এই সমস্ত কারণ শিশুর বিকাশ ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়বে দেশের মানবসম্পদ উন্নয়নে।
মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ ক্রমেই বাড়ছে। আয় স্থির থাকলেও বাজারমূল্যের ঊর্ধ্বগতি এবং কর ও সেবার খরচ বৃদ্ধি তাদের সঞ্চয়কে প্রায় শূন্যের কোটায় নামিয়ে এনেছে। আগে যে পরিবার মাস শেষে কিছু টাকা সঞ্চয় করতে পারত, এখন তাদের অনেকেই মাসের শেষ সপ্তাহে ধারকর্জ করে সংসার চালাতে বাধ্য হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বজায় থাকলেও এই শ্রেণির আর্থিক নিরাপত্তাহীনতা এখন রাষ্ট্রের জন্য একটি নীতিগত সতর্ক সংকেত হয়ে উঠেছে।
এই ঘরোয়া সংকটগুলো যদি সময়মতো নিরসন না করা যায়, তাহলে মূল্যস্ফীতির চাপ শুধু ব্যক্তিপর্যায়ের দুর্ভোগে সীমাবদ্ধ থাকবে না, বরং দীর্ঘমেয়াদে সামাজিক বৈষম্য, শিশুশ্রম, শিক্ষার পতন এবং অভ্যন্তরীণ অস্থিরতার আশঙ্কাও বেড়ে যাবে। তাই প্রয়োজন গভীর পর্যবেক্ষণ, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি লক্ষ্য রেখে নীতি প্রণয়ন এবং বাস্তবভিত্তিক সহায়তা প্রদান, যাতে দেশের প্রত্যেক নাগরিক অর্থনৈতিক ন্যায্যতা ও মর্যাদা নিয়ে বাঁচতে পারে।
মূল্যস্ফীতির পেছনের কারণ: বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতির যে চাপ সাধারণ মানুষের জীবনযাত্রাকে সংকটাপন্ন করে তুলেছে, তার পেছনে রয়েছে একাধিক সমান্তরাল ও জটিল কারণ। এসব কারণ শুধু অভ্যন্তরীণ নয়, বৈশ্বিক প্রভাবও এতে গভীরভাবে যুক্ত।
প্রথমতঃ জ্বালানির মূল্যবৃদ্ধি এক বড় কারণ। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে দেশের আমদানিকৃত ডিজেল, পেট্রোল ও এলপিজির ওপর। বাংলাদেশে এই খাতগুলো সরকারের ভর্তুকিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক দামের উত্থান মানেই ঘরোয়া বাজারে দাম বেড়ে যাওয়া। আর জ্বালানির দাম বাড়লেই পরিবহন, উৎপাদন ও সরবরাহব্যবস্থার খরচ বেড়ে গিয়ে সকল পণ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
দ্বিতীয়ত: খাদ্যপণ্যের ঘাটতি ও সরবরাহ সংকট। প্রাকৃতিক দুর্যোগ যেমন: বন্যা, খরা কিংবা ঘূর্ণিঝড়, দেশের খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটায়। আবার বৈশ্বিক পরিসরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো সংঘাত বিশ্ব খাদ্য সরবরাহ ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছে। ফলে চাল, গম, ভুট্টা, তেল, চিনি প্রভৃতি আমদানিনির্ভর পণ্যের দাম একদিকে বেড়েছে, অন্যদিকে সেগুলোর প্রাপ্যতাও কমে গেছে।
তৃতীয়ত: টাকার অবমূল্যায়ন মূল্যস্ফীতির আরেকটি বড় উৎস। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, বাংলাদেশ ব্যাংকের ডাটা অনুযায়ী টাকার মান ১২ দশমিক ৭২% হ্রাস পেয়েছে । এর ফলে আমদানি ব্যয় বেড়েছে, যা সরাসরি বাজারে পণ্যের দামে প্রতিফলিত হয়েছে। শুধু বিলাসী পণ্য নয় খাদ্য, ওষুধ ও কাঁচামালেও এই প্রভাব দৃশ্যমান।
চতুর্থতঃ অতিরিক্ত মুদ্রা সরবরাহ ও অপরিকল্পিত সরকারি নীতি। কেন্দ্রীয় ব্যাংক অতিমাত্রায় টাকা ছাপালে এবং সরকারের খরচব্যবস্থা যদি উৎপাদনশীল খাতে না গিয়ে ভর্তুকি বা আমদানিনির্ভর খাতে চলে যায়, তবে বাজারে চাহিদা বাড়ে কিন্তু সরবরাহ বাড়ে না। এর ফলেও দাম বাড়ে। অর্থনীতিবিদরা বলছেন, সাম্প্রতিক সময়ে নীতিনির্ধারকরা মূল্যস্ফীতির প্রকৃত রূপরেখা বিবেচনা না করেই কিছু পদক্ষেপ নিয়েছেন, যা বরং সংকটকে দীর্ঘায়িত করেছে।
এছাড়াও মজুতদারি, কালোবাজারি, অদক্ষ বাজার ব্যবস্থাপনা এবং দুর্নীতিও মূল্যস্ফীতির অন্যতম অনুঘটক। অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের ঘাটতি দেখিয়ে দাম বাড়িয়ে দেয়। তদারকির ঘাটতি, নিয়ন্ত্রণহীন পাইকারি বাজার ও লোভী মধ্যস্বত্বভোগীরা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
এইসব কারণ মিলেই মূল্যস্ফীতিকে একটি জটিল ও বহুস্তরবিশিষ্ট সংকটে পরিণত করেছে। বাস্তবতা হলো একটি নির্দিষ্ট খাত নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক কাঠামোর ভারসাম্যহীনতা, দুর্বল পরিকল্পনা ও বৈশ্বিক প্রভাবের সম্মিলিত ফল হিসেবেই দেশের মানুষ আজ মূল্যস্ফীতির ঘূর্ণিপাকে পিষ্ট।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করণীয়: বাংলাদেশে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে হলে দীর্ঘমেয়াদী ও সুসংগঠিত কৌশল গ্রহণ করা জরুরি। এটি শুধুমাত্র বাজারের পণ্যের দামে হস্তক্ষেপ করে সমাধানযোগ্য নয়; এর জন্য প্রয়োজন সামগ্রিক অর্থনৈতিক কাঠামোয় ভারসাম্য, শক্তিশালী নীতি এবং সুশাসনের কার্যকর বাস্তবায়ন।
প্রথমেই দরকার একটি বাস্তবধর্মী ও দক্ষ মুদ্রানীতি ও রাজস্বনীতি। বাংলাদেশ ব্যাংকের উচিত মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে রাখতে সুদের হার, নগদ জমা অনুপাত ও খোলা বাজারে নীতি কার্যকরভাবে ব্যবহার করা। একইসাথে রাজস্ব আদায় কাঠামোতে স্বচ্ছতা আনতে হবে এবং কর ব্যবস্থায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর বোঝা না চাপিয়ে উচ্চ আয়ের শ্রেণিকে কর আওতায় আনতে হবে।
জ্বালানি ও খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণও এখন অগ্রাধিকার পাওয়া উচিত। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ধাক্কা কমাতে সরকারকে জ্বালানি ভর্তুকির সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে এবং খাদ্যপণ্যের সরবরাহ ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে শক্তিশালী বাজার নজরদারির ব্যবস্থা করতে হবে। খাদ্যশস্য আমদানিতে সময়োপযোগী সিদ্ধান্ত এবং পর্যাপ্ত মজুত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
কৃষি ও শিল্পখাতে উৎপাদন বাড়ানো এখন অতীব জরুরি। কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তি, সার, বীজ এবং সেচ সুবিধা নিশ্চিত করতে হবে। একইসাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহিত করে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে আয় বাড়াতে হবে, যাতে মানুষের ভোগক্ষমতা টিকে থাকে। সরবরাহ ব্যবস্থা উন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু লজিস্টিক ব্যবস্থাপনা, উন্নত পরিবহন অবকাঠামো এবং পণ্যের পাইকারি থেকে খুচরা পর্যায়ে সুশৃঙ্খল বিতরণব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং পণ্য দ্রুত ও ন্যায্যমূল্যে ভোক্তার হাতে পৌঁছে যায়।
দুর্নীতি ও কালোবাজারি রোধের জন্য কঠোর মনিটরিং ও শাস্তির ব্যবস্থা করতে হবে। ভ্রাম্যমাণ আদালত, ডিজিটাল বাজার নজরদারি ও জনগণকে সম্পৃক্ত করে একটি স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জীবনযাত্রা টিকিয়ে রাখার জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর পরিধি ও কার্যকারিতা বাড়াতে হবে। বিশেষ করে রেশনিং ব্যবস্থাকে ডিজিটালাইজ করে খাদ্য সহায়তা সঠিকভাবে পৌঁছাতে হবে প্রকৃত উপকারভোগীদের কাছে। সেইসাথে শিক্ষাবৃত্তি, চিকিৎসা সহায়তা ও নগদ সহায়তা কর্মসূচি আরও জোরদার করতে হবে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ শুধু অর্থনৈতিক নয়, এটি একটি মানবিক দায়বদ্ধতাও। মানুষ যখন খাদ্য, চিকিৎসা বা শিক্ষার খরচ মেটাতে হিমশিম খায়, তখন উন্নয়নের কথা বলা নিষ্প্রভ হয়ে পড়ে। তাই প্রয়োজন সুনির্দিষ্ট, কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ, যা সত্যিকার অর্থেই সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরাতে পারে।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের সাধারণ মানুষ এক কঠিন সময় অতিক্রম করছে। মূল্যস্ফীতির ধারাবাহিক চাপ তাদের জীবনযাত্রাকে শুধু ব্যয়বহুল নয়, বরং অনিশ্চিত করে তুলেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য দৈনন্দিন খরচ সামাল দেওয়া দিন দিন দুরূহ হয়ে উঠছে। খাবার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, প্রতিটি মৌলিক চাহিদাই আজ ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
এই পরিস্থিতি শুধুমাত্র অর্থনৈতিক নয়; এটি একটি সামাজিক সংকটের রূপ নিয়েছে। নীতি নির্ধারকদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, অর্থনীতি পুনরুজ্জীবনের পাশাপাশি ন্যায্য বাজার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা বলয় এবং টেকসই উৎপাদন কাঠামো গড়ে তুলতে হবে। একইসঙ্গে দুর্নীতি, কালোবাজারি ও মজুতদারির মতো অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। স্মরণ রাখতে হবে, একটি দেশের প্রকৃত উন্নয়ন কেবল উচ্চ প্রবৃদ্ধির সংখ্যাতেই সীমাবদ্ধ নয়, বরং তার প্রতিফলন সাধারণ মানুষের জীবনমানেই ঘটে। তাই মূল্যস্ফীতির এই ঘূর্ণিপাক থেকে মানুষকে মুক্ত করতে হলে প্রয়োজন বাস্তবভিত্তিক, মানবিক ও সুপরিকল্পিত রাষ্ট্রীয় উদ্যোগ।

