সিটি ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে এই দায়িত্বে ঘোষণা করেছে।
হোসেন খালেদ ২০২১ সাল থেকে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। এর আগে তিনি আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর পদেও ছিলেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টলেডো ও টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চশিক্ষা অর্জন করেছেন। কর্পোরেট ও আর্থিক খাতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে হোসেন খালেদ সিটি ব্যাংকের কৌশলগত সিদ্ধান্ত ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তাঁর পিতা প্রয়াত আনোয়ার হোসেন ছিলেন সিটি ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতা ও চারবারের চেয়ারম্যান। তিনি আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে আনোয়ার গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, হোসেন খালেদের সিটি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। আমরা আশাবাদী, তার নেতৃত্ব ব্যাংককে উদ্ভাবনী, দায়িত্বশীল এবং অগ্রগতিমুখী পথে নিয়ে যাবে।

