ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবকাঠামোগত উন্নয়নে ২ হাজার ৮৪০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়ন হবে ২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।
গতকাল রোববার (২৭ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়। সভায় মোট ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ঢাবির প্রকল্পটি অন্যতম। একনেক সূত্র জানায়, এই প্রকল্পের আওতায় ৪১টি বহুতল ভবন নির্মাণসহ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, আবাসন ও প্রশাসনিক ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।
একাডেমিক ভবন: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে ৮টি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশের দুটি ভবন ভেঙে ১২তলা ও ৬তলা ভবন গড়া হবে। আইএসআরটি ও ফার্মেসি বিভাগের জন্য ১০তলা একটি ভবন নির্মাণ করা হবে। উদ্ভিদ বিজ্ঞান, চারুকলা ও বিজনেস স্টাডিজ অনুষদে নতুন ভবন নির্মাণের পাশাপাশি প্রেস বিল্ডিং ও নীলক্ষেত ফাঁড়ি ভেঙে ১১তলা ও ৫তলা বিশিষ্ট ব্লকে প্রেস কাম একাডেমিক ভবন নির্মাণ করা হবে।
ছাত্রদের জন্য ১০টি আবাসিক ভবন: ছাত্রদের আবাসন সংকট দূর করতে তৈরি হবে ১০টি আবাসিক ভবন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সূর্যসেন হল, শহীদুল্লাহ হল, মুহসীন হল ও কুদরাত-ই-খুদা হোস্টেলে একাধিক ভবন নির্মিত হবে। এর মধ্যে রয়েছে ১২তলা, ৮তলা, ১৫তলা, ১০তলা ও ৬তলা ভবন। প্রতিটি হলে শিক্ষকদের জন্য থাকবে আলাদা ১১তলা শিক্ষক কোয়ার্টার।
ছাত্রীদের জন্য ৬টি হল: ছাত্রীদের জন্যও থাকবে ছয়টি নতুন আবাসিক হল। শাহনেওয়াজ, শামসুন নাহার, লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কুয়েত মৈত্রী হলসহ কয়েকটি স্থানে নির্মিত হবে ১০তলা থেকে ১৫তলা পর্যন্ত ভবন। প্রতিটি হলেই থাকবে আবাসিক শিক্ষকদের জন্য ১১তলা কোয়ার্টার।
শিক্ষকদের জন্য আবাসন: শিক্ষকদের জন্য দক্ষিণ ফুলার রোডে একটি ১৫তলা ভবন নির্মাণ করা হবে, যেখানে থাকবে ১১২টি ফ্ল্যাট। পাশাপাশি সূর্যসেন ও মুহসীন হলের বর্তমান প্রভোস্ট বাংলো ভেঙে ২তলা বিশিষ্ট উপ-উপাচার্যের বাংলো নির্মাণ করা হবে।
আধুনিক হবে প্রশাসনিক কাঠামো ও ডাকসু: পুরনো ডাকসু ভবন ভেঙে সেখানে ১২তলা মাল্টিপারপাস ভবন নির্মাণ করা হবে। প্রশাসনিক ভবনের দুটি অংশ ভেঙে সেখানে গড়ে তোলা হবে ২০তলা ও ৪তলা ভবন। জিমনেসিয়াম ভবনের অসমাপ্ত অংশও সম্পন্ন করা হবে।
খেলার মাঠ ও ক্রীড়া অবকাঠামো: কেন্দ্রীয় খেলার মাঠে আধুনিক ক্রীড়া সুবিধা গড়ে তোলা হবে। নির্মিত হবে গ্যালারি, বাস পার্কিং, পরিচালকের অফিস ও খেলোয়াড়দের জন্য ডরমিটরি। মাঠের আয়তন হবে ১০,৯০০ বর্গমিটার। গ্যালারি ২,০৪০, বাস পার্কিং ২,৯০০ এবং ডরমিটরি ও অফিসের আয়তন ৪,০৩২ বর্গমিটার।
মেডিকেল সেন্টার ও ধর্মীয় স্থাপনা: শিববাড়ী আবাসিক এলাকার পুরোনো ভবন ভেঙে ৬তলা শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার নির্মাণ করা হবে। মসজিদুল জামিয়ার পুরোনো ভবনের স্থলে গড়ে উঠবে ৪তলা বিশিষ্ট একটি মসজিদ কমপ্লেক্স।
আধুনিক নগর ব্যবস্থাপনা: প্রকল্পের আওতায় রোড নেটওয়ার্ক ও সার্ভিস লাইন স্থাপন, প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় খেলার মাঠ ও জগন্নাথ হলে বসানো হবে পাবলিক টয়লেট। বিশ্ববিদ্যালয়ের জলাধারও সংস্কার ও সৌন্দর্যবর্ধনের আওতায় আসবে।

