আজ ২৮ জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবস। কিন্তু শুধুই দিবস পালনের মধ্যে আটকে না থেকে এই দিনটা আমাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছে এক ভয়াবহ বাস্তবতা—বাংলাদেশে এখনো অন্তত ১ কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত। শুধু হেপাটাইটিস বি ভাইরাসেই আক্রান্ত ১০ লাখ মানুষ। আর এই রোগ শনাক্ত ও চিকিৎসার পেছনে ব্যয় হচ্ছে বছরে অন্তত ১ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর এক বিশাল চাপ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে একজন মানুষ হেপাটাইটিস বি বা সি ভাইরাসজনিত রোগে মারা যাচ্ছেন। লিভার ক্যান্সারের পেছনের প্রধান দুটি কারণও এই দুই ভাইরাস। বাংলাদেশও এই ভয়াবহ প্রবণতার বাইরে নয়। প্রতি বছর দেশের বিভিন্ন হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের প্রায় ১০ থেকে ১২ শতাংশই লিভারের জটিল রোগে আক্রান্ত, যার বড় অংশের জন্য দায়ী হেপাটাইটিস বি।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের ৬০-৭০ শতাংশ ক্ষেত্রেই দায়ী এই ভাইরাস। শুধু পরীক্ষা-নিরীক্ষার খরচেই একটি পরিবার নিঃস্ব হয়ে যেতে পারে। আর যদি ব্যাপকভাবে চিকিৎসা শুরু করা হয়, তাহলে এই ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ৩ বিলিয়ন ডলারে।
এই ভাইরাস মোকাবেলায় সবচেয়ে বড় হাতিয়ার হলো সচেতনতা, টিকা এবং নিরাপদ খাবার ও পানি। কিন্তু দুঃখজনকভাবে, এখনও দেশে শতকরা মাত্র ৩০ ভাগ আক্রান্ত রোগীর সঠিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা হয়। তাই সংক্রমণ বন্ধ করার পাশাপাশি, পরীক্ষার সুযোগ ও চিকিৎসা সহজলভ্য করাও সমান গুরুত্বপূর্ণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৫ ও ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে অন্যতম হলো—চার বছরের কম বয়সী শিশুদের মধ্যে সংক্রমণের হার ২০৩০ সালের মধ্যে শূন্য দশমিক ১ শতাংশে নামিয়ে আনা এবং নতুন সংক্রমণ কমিয়ে আনা প্রতি লাখে মাত্র দুজনের মধ্যে।
বাংলাদেশে এ লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে জরুরি হলো—সব শিশুকে সময়মতো টিকা নিশ্চিত করা এবং নিরাপদ খাবার ও পানির ব্যবস্থা করা। এক্ষেত্রে সরকার, স্বাস্থ্যখাত ও নাগরিক সমাজকে একসাথে কাজ করতে হবে।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সাবেক চেয়ারম্যান ডা. সেলিমুর রহমান বলেন, ‘হেপাটাইটিস শুধু একটি রোগ নয়, এটি একটি নীরব ঘাতক। বিশেষ করে হেপাটাইটিস বি ও সি ভাইরাসের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এই ভাইরাস অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধে এবং ধীরে ধীরে লিভার নষ্ট করে ফেলে। তাই এখনই সময় ব্যবস্থা নেওয়ার।’

