দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ১৬.৫ বিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ কোটি টাকার বেশি) চিপ সরবরাহ চুক্তি সই করেছে মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার সঙ্গে। আজ সোমবার (২৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
এই চুক্তির আওতায় স্যামসাং টেক্সাসে তাদের নতুন কারখানায় টেসলার জন্য পরবর্তী প্রজন্মের এআই৬ চিপ তৈরি করবে। ২০৩৩ সাল পর্যন্ত চলবে এই অংশীদারত্ব। চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর স্যামসাংয়ের শেয়ারমূল্য প্রায় ৪ শতাংশ বেড়ে যায়। টেসলা প্রধান ইলন মাস্ক নিজেই ‘এক্স’–এ দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘স্যামসাং আমাদের উৎপাদন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সহায়তা করছে। যেহেতু এটি আমার বাড়ির কাছেই, আমি নিজেই কারখানা পরিদর্শন করব।’
মাস্ক আরও জানান, ‘টেক্সাসের স্যামসাং কারখানাটি টেসলার জন্যই বিশেষভাবে এআই চিপ উৎপাদনে ব্যবহৃত হবে। এটি আমাদের কৌশলগত পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ চিপ সরবরাহ সংক্রান্ত এই চুক্তির বিষয়ে স্যামসাং এর আগে কোনো গ্রাহকের নাম প্রকাশ না করলেও মাস্কের ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়, টেসলাই তাদের ক্রেতা।
বিশ্লেষকদের মতে, এই অংশীদারত্ব দক্ষিণ কোরিয়ার জন্যও কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়িয়ে দেশটি চিপ ও জাহাজ নির্মাণ খাতে আমদানি শুল্কে ছাড় পেতে পারে।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ তৈরির দৌড়ে স্যামসাং কিছুটা পিছিয়ে রয়েছে। তাই টিএসএমসি ও এসকে হাইনিক্সের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং চুক্তিভিত্তিক উৎপাদন খাতকে চাঙা করতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

