চট্টগ্রাম বন্দর ও আশপাশের আইসিডি থেকে কনটেইনার পরিবহন আজ সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে। কনটেইনার বহনে ব্যবহৃত প্রাইম মুভার ট্রেইলার চালকরা সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিতে যানবাহন চালানো বন্ধ রেখেছেন।
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন আগেই জানিয়েছিল, নির্বাচন উপলক্ষে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
নির্বাচন শুরু হয়েছে সকাল ৮টায়, চট্টগ্রাম পোর্ট রিপাবলিক ক্লাবে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২৫ সদস্যের নির্বাহী কমিটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৭ জন প্রার্থী। মোট ভোটার ১০ হাজার ৪৫২ জন, যাদের অধিকাংশই প্রাইম মুভার চালক।
বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব মো. রুহুল আমিন সিকদার জানান, সকাল থেকে বন্দর ও আইসিডির মধ্যে কোনো কনটেইনার চলাচল করেনি। সাধারণ দিনে বন্দরের ভেতর ও বাইরের আইসিডিগুলোতে গড়ে ৫ থেকে ৬ হাজার টিইইউ (২০ ফুট সমতুল্য কনটেইনার) রপ্তানি, আমদানি ও খালি কনটেইনার চলাচল করে।
এদিকে আইসিডি অপারেটররা পুরো দিনের জন্য পরিবহন বন্ধ থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, শ্রমিকরা ভোট দিয়ে আবার কাজে ফিরতে পারতেন।
নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান জাহিদ জানান, অনেক আইসিডি ভোটকেন্দ্র থেকে দূরে হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে তিনি জানান, দুপুর ২টার পর থেকে কিছু চালক আবার কাজে ফিরেছিলেন এবং এই সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন।

