বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে দীর্ঘদিন ধরে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিল্প, ব্যবসা-বাণিজ্য, রপ্তানি ও কর্মসংস্থানে এই খাতের অবদান অনস্বীকার্য। তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি, ডলারের ঘাটতি, আমদানিনির্ভরতা এবং ব্যাংক খাতে তারল্য সংকটের কারণে এই খাত এক গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।
এর পাশাপাশি ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নতুন প্রকল্পের উদ্যোগ বন্ধ হয়ে যায়। অনেক চলমান কারখানাও বন্ধ হয়ে গেছে। এর ফলে কর্মসংস্থানের ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে।
ব্যাংক খাতে তারল্য সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান ঋণ পেতে পারছে না। কিছু ব্যাংক একেবারেই ঋণ বিতরণ বন্ধ রেখেছে, অন্যরা ঝুঁকিপূর্ণ মনে করে সরকারি বন্ড ও বিলেই বেশি বিনিয়োগ করছে। এর প্রভাবে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ক্রমাগত কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ৪ শতাংশে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এমন প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি বৃহস্পতিবার ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।
খাত সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি খাতকে গতিশীল রাখাও বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রক সংস্থাটি বেসরকারি খাতের সংকটের দিকে তেমন নজর দিচ্ছে না। ফলে এমনকি সুপরিচিত প্রতিষ্ঠানগুলোর ঋণও খেলাপিতে পরিণত হচ্ছে এবং অনেক প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে।
সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিত অনেক ব্যবসায়ীর কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছে কিংবা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। পর্ষদে রদবদল হওয়া ১৪টি ব্যাংকের মধ্যে কয়েকটি ঋণ কার্যক্রম বন্ধ রেখেছে এবং কিছু ব্যাংক গ্রাহকের টাকা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এসব ব্যাংকের মধ্যে ৯টি ছিল শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে, একটি সালমান এফ রহমানের এবং দুটি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ মহলের নিয়ন্ত্রণে।
বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের পোশাক ও বস্ত্র খাতের কমপক্ষে ২০টি কারখানা বন্ধ হয়েছে। এতে ৪০ হাজারের মতো শ্রমিক বেকার হয়েছেন। ঋণ খেলাপির কারণে এসব প্রতিষ্ঠান ব্যাংক ঋণের সুযোগ হারিয়েছে। শুধু বেক্সিমকো গ্রুপেরই ৭৮টি প্রতিষ্ঠানের কাছে দেশের ১৬টি ব্যাংক ও ৭টি আর্থিক প্রতিষ্ঠানের পাওনা ৫০ হাজার কোটি টাকার বেশি। একইভাবে এস আলম গ্রুপ ও তাদের ঘনিষ্ঠ ইনফিনিয়া ও ইউনিটেক্স গ্রুপের একাধিক কারখানাও বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে এস আলম-সংশ্লিষ্ট গ্রুপগুলোর ঋণ পরিমাণ দেড় লাখ কোটি টাকারও বেশি।
চট্টগ্রামে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাত মাসে বন্ধ হয়েছে ৫০টির বেশি কারখানা, যেগুলোর বেশিরভাগই পোশাক, সুতা ও জুতা তৈরির। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, অর্থায়ন সংকটের কারণেই এসব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় ১ হাজার ২০০ শিল্পপ্রতিষ্ঠান ঋণ নিয়মিত করতে আবেদন করেছে। এর মধ্যে বিএনপিপন্থী ব্যবসায়ীসহ প্রায় ১০০টি প্রতিষ্ঠানের ঋণ পুনঃতালিকাভুক্ত করা হয়েছে। বাকি ১ হাজার ১০০টির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এদের অনেকেই এখন আর উৎপাদনে নেই।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাতে কিছু সংস্কার এনেছে। যেমন, ব্যাংক থেকে অনিয়মে অর্থ পাচার কমেছে। কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এখনো উদ্বেগ রয়েছে। ঋণের সুদের হার ও খেলাপি ঋণের পরিমাণ দুই-ই বেড়েছে, আর নতুন কোনো প্রকল্পে ঋণ দেওয়া প্রায় বন্ধ। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার ধীরে ধীরে কমছে। ২০২৪ সালের জুলাইয়ে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ১৩ শতাংশ, যা ডিসেম্বরে নেমে আসে ৭ দশমিক ২৯ শতাংশে। জানুয়ারিতে হয় ৭ দশমিক ১৫, ফেব্রুয়ারিতে ৬ দশমিক ৮২, মে মাসে কিছুটা বেড়ে ৭ দশমিক ১৭ এবং সর্বশেষ জুনে আবার কমে ৬ দশমিক ৪ শতাংশে দাঁড়ায়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তাফা কে মুজেরী বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই এখন বাংলাদেশ ব্যাংকের প্রধান লক্ষ্য। কিন্তু সামগ্রিক অবস্থা ভালো নয়। এই পরিস্থিতিতে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলেছেন উদ্যোক্তারা। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ নীতিসুবিধা দিতে হবে এবং সুদের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা জরুরি।”
সব মিলিয়ে বেসরকারি খাত এখন এক গভীর অনিশ্চয়তার মুখে। রাজনৈতিক অস্থিরতা, আর্থিক অনিয়ম, ব্যাংক খাতে আস্থার সংকট ও ঋণের উচ্চ সুদ—সব মিলিয়ে দেশজুড়ে এক ধরনের ব্যবসায়িক স্থবিরতা তৈরি হয়েছে। বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানায় হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন। বিনিয়োগে ভাটা পড়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে পড়েছে।
এই সংকট থেকে উত্তরণে সময়োপযোগী মুদ্রানীতি, ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি, উদ্যোক্তাদের জন্য সহজ ও স্বল্পসুদে ঋণের ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা—এসবই এখন সময়ের দাবি। তা না হলে দেশের অর্থনৈতিক অগ্রগতিই বড় ধরনের ধাক্কা খাবে।

