বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেছেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ অত্যন্ত জরুরি। গতকাল সোমবার (২৮ জুলাই) যুক্তরাজ্যে পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘কাপকেক এক্সপোর্টস’-এর খেলনা তৈরির কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার জানান, “যুক্তরাজ্য বাংলাদেশকে নতুন বাণিজ্যিক সুযোগ উন্মুক্ত করতে, ব্যবসাবান্ধব সংস্কারে সহায়তা দিতে এবং ইউকে ক্রেতাদের সঙ্গে উচ্চমানের বাংলাদেশি পণ্যের সংযোগ স্থাপনে কাজ করছে।” তিনি বলেন, ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস)-এর আওতায় কাপকেক এক্সপোর্টসের মতো প্রতিষ্ঠানগুলো শূন্য শুল্কে যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানি করছে। এতে ব্রিটিশ ভোক্তারাও তুলনামূলক কম দামে পণ্য পাচ্ছেন।
সারা কুক ও তার সঙ্গে থাকা বিশেষ দূত কারখানার উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং কর্মী ও ব্যবস্থাপনা দলের সঙ্গে মতবিনিময় করেন। পরে তারা বাংলাদেশের রপ্তানি খাতে সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ঝুঁকি কমানোর কৌশল নিয়ে আলোচনা করেন।
হাইকমিশনার জানান, যুক্তরাজ্য ভবিষ্যতেও বাংলাদেশকে রপ্তানি বৃদ্ধি ও বৈচিত্র্য আনতে সহায়তা করবে। ইউকে ক্রেতাদের সঙ্গে বাংলাদেশের রপ্তানিকারকদের সংযুক্ত করতে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে। তিনি আরও জানান, চলতি বছরের ১০ জুলাই যুক্তরাজ্য সরকার বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও সহজ করতে কিছু নিয়ম শিথিল করেছে। বিশেষ করে উৎপত্তিস্থল সংক্রান্ত শর্ত সহজ করা হয়েছে, যা নতুন পণ্য রপ্তানির সুযোগ তৈরি করবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং দারিদ্র্য হ্রাসে সহায়ক হবে।

