ভাবুন তো, আপনি যদি এক মিলিয়ন ডলারের মালিক হন—অর্থাৎ ১০ কোটি টাকারও বেশি সম্পদ! তাহলে আপনি কী ধরনের দেশে থাকতে চাইতেন? উন্নত অবকাঠামো, নিরাপদ জীবন, কর সুবিধা আর সম্ভাবনার খোঁজে ধনী মানুষেরা আজও কিছু নির্দিষ্ট দেশেই ভিড় জমাচ্ছেন। ২০২৫ সালের তথ্য বলছে, এই ‘ধনীদের স্বর্গরাজ্য’ হিসেবে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ মিলিয়নিয়ার, ৪০ শতাংশ সেন্টি-মিলিয়নিয়ার এবং প্রায় ৮৬৭ জন বিলিয়নিয়ার বসবাস করেন যুক্তরাষ্ট্রে। অর্থাৎ, শুধু টাকার অঙ্কেই নয়—ব্যবসায়িক সুযোগ, জীবনযাত্রার মান, বিনিয়োগ কাঠামো—সব দিক থেকেই যুক্তরাষ্ট্র যেন এখনো ধনীদের পছন্দের ঠিকানা।
তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন। প্রায় ৮ লাখ ২৭ হাজার মিলিয়নিয়ার, ২২৫৮ জন সেন্টি-মিলিয়নিয়ার এবং ২৭৮ জন বিলিয়নিয়ার আছেন দেশটিতে। তবে আশ্চর্যের বিষয় হলো, বিশাল জনসংখ্যার তুলনায় চীনে ‘অত্যধিক ধনী’ মানুষের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম।
এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে—চীনের কড়াকড়ি মূলধন নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিদেশি কোম্পানির সংখ্যা কম থাকা, এবং সম্প্রতি সরকারের কঠোর নীতিমালার কারণে ব্যক্তিগত সম্পদ আহরণ কিছুটা সীমিত হয়ে পড়েছে।
তালিকায় এরপর আছে জার্মানি, জাপান ও যুক্তরাজ্য। এই দেশগুলোতে মিলিয়নিয়ারের সংখ্যা প্রায় ৫ থেকে ৮ লাখ হলেও সেন্টি-মিলিয়নিয়ার ও বিলিয়নিয়ারের সংখ্যা অনেক কম। তবে ছোট আকারের দেশ হয়েও সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ধনীদের ঘনত্ব বেশ বেশি, যা ওইসব দেশের উচ্চ জীবনমান ও স্থিতিশীল অর্থনীতির পরিচয় দেয়।
২০২৫ সালের মধ্যে সারা বিশ্বে প্রায় ১ কোটি ৬৫ লাখ মিলিয়নিয়ার, ৩০ হাজার ৪৫০ জন সেন্টি-মিলিয়নিয়ার এবং ২ হাজার ৬৫৬ জন বিলিয়নিয়ার থাকবেন বলে অনুমান করা হয়েছে।
বিশ্বব্যাপী এই একচেটিয়া সম্পদ বণ্টনের চিত্র আসলে বড় এক প্রশ্ন তোলে—এই যে বিশাল বৈষম্য, কেবল কয়েকটি দেশের মধ্যেই কি তাহলে ক্ষমতা, সুযোগ আর সম্পদের সবকিছু কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে? অর্থনীতিবিদরা বলছেন, এই প্রবণতা দুনিয়ার অর্থনৈতিক ভারসাম্যকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।


