চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপসেটের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই চাহিদা মেটাতে তাইওয়ানের চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি–কে ৩ লাখ এইচ২০ চিপসেটের অর্ডার দিয়েছে এনভিডিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এক সূত্র জানায়, সংরক্ষিত চিপের মজুতের ওপর নির্ভর না করে নতুন চাহিদা পূরণে এনভিডিয়া পুনরায় উৎপাদনে আগ্রহী হচ্ছে। চলতি মাসেই চীনে এইচ২০ গ্রাফিকস চিপ বিক্রির অনুমতি দেয় ট্রাম্প প্রশাসন। এর আগে গত এপ্রিল মাসে এই চিপে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য ছিল চীনের হাতে উন্নত এআই চিপ পৌঁছানো রোধ করা।
২০২৩ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার পর এনভিডিয়া বিশেষভাবে চীনের বাজারের জন্য এইচ২০ চিপ তৈরি করে। এই চিপের কম্পিউটিং ক্ষমতা এইচ১০০ বা নতুন ব্ল্যাকওয়েল সিরিজের মতো শক্তিশালী নয়। অন্যদিকে, এইচ১০০ ও ব্ল্যাকওয়েল সিরিজের চিপগুলো চীনের বাইরে বাজারে বিক্রি হচ্ছে। সূত্র বলছে, এই নতুন ৩ লাখ ইউনিটের অর্ডারের পাশাপাশি এনভিডিয়ার হাতে এখন প্রায় ৬ থেকে ৭ লাখ এইচ২০ চিপ মজুদ রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান সেমিঅ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এনভিডিয়া প্রায় ১০ লাখ এইচ২০ চিপ বিক্রি করেছে।
চলতি মাসে বেইজিং সফরে গিয়ে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানিয়েছিলেন, এইচ২০ চিপের অর্ডার পরিমাণই কোম্পানির পুনরায় উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নির্ধারণ করবে। তিনি জানান, উৎপাদন শুরু হলে সরবরাহ শৃঙ্খল পুনর্গঠনে প্রায় ৯ মাস সময় লাগবে। হুয়াংয়ের চীন সফরের পর এনভিডিয়া তাদের গ্রাহকদের জানায়, হাতে সীমিত পরিমাণ এইচ২০ চিপ রয়েছে এবং তারা এখনই ওয়েফার উৎপাদন পুনরায় শুরু করার পরিকল্পনায় নেই।
এইচ২০ চিপ চীনে পাঠাতে যুক্তরাষ্ট্র সরকারের রপ্তানি লাইসেন্স প্রয়োজন। জুলাইয়ের মাঝামাঝি এনভিডিয়া জানিয়েছে, কর্তৃপক্ষ শিগগিরই লাইসেন্স প্রদান করবে বলে আশ্বস্ত করেছে। তবে তিনটি সূত্র জানায়, এখনও যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ ওই লাইসেন্স অনুমোদন করেনি। এনভিডিয়া ও টিএসএমসি উভয়েই অর্ডার এবং লাইসেন্স বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগও মুখ খুলেনি। সূত্র জানায়, যারা চীনে এইচ২০ চিপ কিনতে আগ্রহী, তাদের নতুন ক্রয় ডকুমেন্ট ও অর্ডার পূর্বাভাস জমা দিতে বলা হচ্ছে। এদিকে, গত সোমবার স্টকহোমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে বাণিজ্য আলোচনা হয়।
ট্রাম্প প্রশাসন মনে করে, এইচ২০ বিক্রির অনুমতি পুনরায় চালুর সিদ্ধান্ত চীনের সঙ্গে দর-কষাকষির একটি অংশ। কারণ, চীন দুর্লভ খনিজ উপাদানের রপ্তানি সীমিত করেছে যা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। তবে মার্কিন আইনপ্রণেতারা দ্বিদলীয়ভাবে এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। তারা আশঙ্কা করেন, এইচ২০ চিপ চীনে গেলে যুক্তরাষ্ট্র এআই প্রযুক্তিতে অগ্রাধিকার হারাতে পারে।
নিষেধাজ্ঞার আগে, টেনসেন্ট, বাইটড্যান্স, আলিবাবাসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাশ্রয়ী এআই মডেল চালানোর জন্য বিপুল পরিমাণ এইচ২০ চিপ অর্ডার করেছিল। চীনে নিষিদ্ধ অন্যান্য চিপসেটের চাহিদাও এখন বাড়ছে। চোরাই পথে আনা এইচ১০০ চিপের মেরামত চাহিদাও বেড়েছে, যা চীনে এনভিডিয়ার জনপ্রিয়তা নির্দেশ করে। নিষেধাজ্ঞার পর এনভিডিয়া জানায়, তাদের প্রায় ৫.৫ বিলিয়ন ডলারের পণ্য মজুদ বাতিল করতে হয়েছে। প্রধান নির্বাহী হুয়াং বলেন, এতে কোম্পানির প্রায় ১৫ বিলিয়ন ডলারের সম্ভাব্য বিক্রি হাতছাড়া হয়েছে।

