দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী কু ইউন-চিওল আজ মঙ্গলবার জানিয়েছেন, তিনি সপ্তাহের শেষ দিকে ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তি করার চেষ্টা করবেন। আগামী ১ আগস্ট শুল্ক আরোপ এড়ানোর জন্য নির্ধারিত সময়সীমা শেষ হতে চলেছে।
বিমানবন্দর থেকে ওয়াশিংটন যাত্রার আগে কু বলেন, বৃহস্পতিবারের বৈঠকে দক্ষিণ কোরিয়া একটি বিশেষ “প্রোগ্রাম” প্রস্তাব দেবে এবং মধ্য থেকে দীর্ঘমেয়াদে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করবে। এর মধ্যে জাহাজ নির্মাণ খাতও থাকবে।
দক্ষিণ কোরিয়ার হানওয়া গ্রুপ, যেটি হানওয়া ওশেন জাহাজ নির্মাতা কোম্পানির মাতা প্রতিষ্ঠান, সরকারকে বড় একটি বিনিয়োগ পরিকল্পনা দিয়েছে। দুই সূত্রের বরাতে জানা গেছে, এ পরিকল্পনায় পেনসিলভেনিয়ার ফিলি শিপইয়ার্ড সম্প্রসারণের কথা রয়েছে। হানওয়া গ্রুপ ও এর কিছু সহযোগী প্রতিষ্ঠান এই প্রস্তাবের সঙ্গে যুক্ত রয়েছে। নিরাপত্তাজনিত কারণে সূত্রগুলোর নাম প্রকাশ করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হানওয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান কিম ডং-কওয়ানও ট্রেড আলোচনা সমর্থনে ওয়াশিংটনে গেছেন। সিওল সরকার দৃঢ় চেষ্টা চালাচ্ছে ১ আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য, যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিপূর্ণ শুল্ক আরোপ রোধ করা যায়। এসব শুল্ক দেশের গুরুত্বপূর্ণ শিল্প পণ্যের ওপর চাপানো হতে পারে। গত সপ্তাহে কু বেসেন্টের সঙ্গে আলোচনা করার জন্য ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল, তবে ট্রেজারি সেক্রেটারির ব্যস্ত সময়সূচির কারণে এটি স্থগিত হয়।
“ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট ট্রাম্প প্রশাসনের বাণিজ্য আলোচনার দায়িত্বে আছেন,” কু সংবাদদাতাদের কাছে বলেছিলেন। তিনি আরও যোগ করেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করব এমন একটি চুক্তি করতে যা দুই দেশের স্বার্থে মিল রেখে একটি সহাবস্থানের সুযোগ সৃষ্টি করবে।”
কু ছাড়াও শিল্পমন্ত্রী কিম জং-কওয়ান এবং বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কুও ইতোমধ্যে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এই “সর্বাত্মক পদক্ষেপ” প্রশংসা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী চো হ্যুনও এই সপ্তাহে মার্কিন পররাষ্ট্রসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে যাচ্ছেন। এর আগে তিনি মঙ্গলবার জাপানে তাঁর সমকক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন।

