সরকারি জমি কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে আর দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থনৈতিক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। জমি নিতে চাইলে অবশ্যই যথাযথ মূল্য দিয়ে নিতে হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সভাকক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বৈঠকে চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী ১৭ কোটি টাকায় জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি নিতে চেয়েছিল। সেনাবাহিনীর কাছে জমি হস্তান্তরের জন্য নীতিগত অনুমোদন প্রদানের প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়।
এই প্রস্তাব বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “তারা জমি নিতে চেয়েছে। কিন্তু আমরা পরিষ্কার করেছি, সরকারি জমি আর প্রতীকী মূল্যে দেওয়া হবে না। জমি নিতে হলে যথাযথ মূল্য দিতে হবে।”
তিনি আরও বলেন, “প্রতীকী মূল্যে জমি দিলে এর সঠিক ব্যবহার হয় না। অনেক সময় প্রকৃত প্রয়োজনের চাইতে বড় জমির দাবি করা হয়। যেমন ১০ একর জমি প্রয়োজন হলেও প্রতীকী মূল্যের কারণে ১০০ একর জমির দাবি আসতে পারে।” সরকারি জমি ব্যবস্থাপনায় এই কঠোর অবস্থান নেয়ার মাধ্যমে সম্পদের যথার্থ ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে সরকার।

