জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকার বা আইন মন্ত্রণালয়ের কোনো গাফিলতি নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, “যেভাবে বিচার এগোচ্ছে, এতে মনে হচ্ছে এই সরকারের সময়েই শহীদ পরিবার বিচার পাবে। সরকার দায়িত্ব পালনে বিন্দুমাত্র গাফিলতি করছে না।”
আজ মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই আয়োজন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
আইন উপদেষ্টা বলেন, “বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য কিছুটা সময় লাগছে। অনেকে জানতে চান, বিচার কবে শেষ হবে। নির্দিষ্ট সময়সীমা বলে দিলে সবাই খুশি হয়, তবে এতে প্রতিপক্ষকে প্রস্তুতির সুযোগ দেওয়া হয়। এ ধরনের বিষয়ে সাবধান থাকতে হয়।”
তিনি অভিযোগ করে বলেন, “জুলাইয়ে ঘটে যাওয়া গণহত্যার পরেও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা এখনো মিথ্যাচার করে যাচ্ছে। শেখ হাসিনার অডিও শুনলে বোঝা যায়, তাঁর মনে এখনো নির্যাতন ও প্রতিশোধের ইচ্ছা রয়ে গেছে।” তিনি আরও বলেন, “শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা যে অপরাধ করেছে, তা ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনীর চেয়েও জঘন্য। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ধরনের বর্বরতা আমি ৭১-এর কোনো বর্ণনায় পড়িনি।”
আসিফ নজরুল বলেন, “আমরা এমন অকাট্য সাক্ষ্য রেখে যাব, যাতে পরবর্তী কোনো সরকার চাইলেও বিচার প্রক্রিয়া থেকে সরে আসতে না পারে। বিচার যদি মজবুত ভিত্তির ওপর দাঁড়ায়, তাহলে সেটি অস্বীকার করার সুযোগ থাকে না।”
অনুষ্ঠানে শহীদ পরিবারগুলো পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে। এ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “রাষ্ট্রের কার্যক্রম সচল রাখতে পুলিশের প্রয়োজন। তবে যেসব পুলিশ সদস্য নির্যাতনের প্রতীক হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। বক্তব্য দেন আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, শহীদ ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিন এবং শহীদ মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে দোয়া করা হয় জুলাই অভ্যুত্থানে শহীদ ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে। শেষে প্রদর্শন করা হয় ‘ট্রায়াল অব জুলাই কার্নেজ’ শীর্ষক একটি তথ্যচিত্র।

