Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সুবিধা যার, দেশ তার-বাকিরা কেবল ভোটার
    অর্থনীতি

    সুবিধা যার, দেশ তার-বাকিরা কেবল ভোটার

    কাজি হেলালজুলাই 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভোটার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    “সুবিধা যার, দেশ তার—বাকিরা কেবল ভোটার” এই বাক্যটি এখন আর কেবল সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো একটি স্লোগান নয়; এটি বাংলাদেশের রাষ্ট্রিক বাস্তবতার একটি নির্মম প্রতিচিত্র। স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে এসেও দেশের এক বিশাল জনগোষ্ঠী অব্যাহতভাবে নানান রকম বৈষম্য, বঞ্চনা এবং অবহেলার শিকার হচ্ছে। অথচ একটি স্বাধীন রাষ্ট্রের মৌলিক শর্তই হলো, সব নাগরিকের জন্য সমান সুযোগ ও ন্যায্য অধিকার নিশ্চিত করা। বাস্তব চিত্র বলছে, দেশের ক্ষমতা ও সম্পদ এখন গুটিকয়েক শ্রেণির হাতে কেন্দ্রীভূত।

    একদিকে অর্থনীতির অগ্রগতির কথা বলা হলেও অন্যদিকে এই অগ্রগতি কাদের জন্য সেই প্রশ্ন আজ আরও প্রাসঙ্গিক। যখন একজন নাগরিকের ভোট তার জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণে কোনো বাস্তব পরিবর্তন আনে না, তখন গণতন্ত্র কেবল ভোটের গণ্ডিতেই সীমাবদ্ধ থেকে যায়। আজকের বাংলাদেশে ব্যাংকিং খাতের ধস, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈষম্য, চাকরি সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং বিচারহীনতার সংস্কৃতি দেখিয়ে দেয় যে, রাষ্ট্রের সব সুবিধা গুটিকয়েকের জন্য, আর বাকি মানুষ কেবল নির্বাচনের সময় গণনার অংশ।

    সুবিধাভোগীদের উত্থান ও রাষ্ট্রীয় ব্যবস্থায় বৈষম্য: বাংলাদেশসহ বহু উন্নয়নশীল রাষ্ট্রেই আজ স্পষ্টভাবে দৃশ্যমান একটি বাস্তবতা হলো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, সম্পদ ও ক্ষমতা কিছু নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। গণতন্ত্রের মূল রূপ হলো সমান সুযোগ ও ন্যায্যতার নিশ্চয়তা, কিন্তু বাস্তবে দেখা যায়, প্রভাবশালী ও ধনিক শ্রেণি ক্রমশঃ রাষ্ট্রীয় নীতিনির্ধারণ থেকে শুরু করে প্রশাসনিক কাঠামো পর্যন্ত নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের সুবিধার জন্য তৈরি হচ্ছে নীতি, বদলে যাচ্ছে আইন, আর বাকি জনগণ পড়ে থাকছে প্রান্তে।

    এই বাস্তবতার পেছনে বড় ভূমিকা রাখছে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যখন রাজনৈতিক প্রভাবের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারে না, তখন সেখানে ক্ষমতার অপব্যবহার একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়ায়। গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয় দলের ঘনিষ্ঠদের, যোগ্যতা সেখানে গুরুত্ব পায় না। ফলে রাষ্ট্রের প্রশাসন থেকে বিচারব্যবস্থা, সবখানে দক্ষতার ঘাটতি তৈরি হয়, আর সাধারণ মানুষের আস্থা হারায়।

    অন্যদিকে ব্যাংক ও আর্থিক খাতে ধনী ও ক্ষমতাবানদের জন্য নিয়ম যেন ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশে খেলাপি ঋণের পরিমাণ ২০২৫ সালের প্রথমার্ধে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকায়, যা বিগত দশ বছরের মধ্যে সর্বোচ্চ। এই ঋণের বড় একটি অংশ আদায় হয় না, আবার অনেক খেলাপি নতুন নামে আবারও ঋণ পাচ্ছেন, যা প্রমাণ করে রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থায় প্রভাবশালীদের জন্য রয়েছে একপ্রকার অলিখিত ‘বিশেষ অধিকার’। সাধারণ উদ্যোক্তা বা কৃষক যেখানে সামান্য ঋণের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন, সেখানে গুটি কয়েক ব্যক্তি শত শত কোটি টাকা নিয়ে নির্লিপ্ত থাকেন, কারণ তারা ‘সুবিধাভোগী’ শ্রেণির অন্তর্ভুক্ত।

    তাছাড়া সিপিডি’র ২০২৫–২৬ অর্থবছরের বাজেট বিশ্লেষণে দেখানো হয়েছে যে, বাংলাদেশের উন্নয়ন বাজেটে সামগ্রিকভাবে ঢাকা কেন্দ্রিক প্রকল্প এবং বড় শহর গুলোর জন্য বরাদ্দ বেশি। যেখানে উত্তরাঞ্চল, পার্বত্য অঞ্চল ও চরাঞ্চল গুলোর প্রয়োজন ও প্রকৃতি অনুযায়ী বরাদ্দ অনেক কম। এই ধারাবাহিকভাবে অঞ্চল ভিত্তিক বৈষম্য তৈরি করছে, যা সুবিধাভোগীদের আরও প্রভাবশালী করে তুলছে এবং সাধারণ জনগণ বিশেষ করে প্রান্তিক অঞ্চলের উন্নয়নের সম্ভাবনাকে সীমিত করছে।

    এই শ্রেণিবৈষম্য শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, সমাজেও গভীর প্রভাব ফেলছে। ধনী আরও ধনী হচ্ছেন, গরিব আরও গরিব। স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, নিরাপত্তা, চাকরির সুযোগ, সবকিছুতেই বৈষম্যের রেখা স্পষ্ট। প্রান্তিক জনগোষ্ঠী প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকে। এমনকি আইন প্রয়োগেও দেখা যায় দ্বৈতনীতি, যেখানে প্রভাবশালীরা নানা অপরাধ করেও পার পেয়ে যান, অথচ সাধারণ মানুষ তুচ্ছ অপরাধেও ভোগেন বছরের পর বছর।

    এমন রাষ্ট্রীয় কাঠামো দীর্ঘমেয়াদে কেবল বৈষম্যই বাড়ায় না, উন্নয়নকে করে পঙ্গু। কারণ যেখানে সুযোগ ও ন্যায্যতা সবার জন্য সমান নয়, সেখানে সামাজিক অসন্তোষ, ক্ষোভ এবং স্থিতিশীলতার অভাব সৃষ্টি হয়। সুশাসন ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন না করা গেলে, এই বৈষম্য দিন দিন আরও গভীর হবে—আর “সুবিধা যার, দেশ তার” বাক্যটি হয়ে উঠবে দেশের ভবিষ্যতের দুঃখজনক পূর্বাভাস।

    সাধারণ জনগণের চিত্র: বাংলাদেশের অর্থনৈতিক সূচকে কিছু অগ্রগতি দেখা গেলেও, তা সাধারণ মানুষের জীবনে তেমন ইতিবাচক প্রভাব ফেলছে না, বরং উল্টো দিকটাই বেশি চোখে পড়ছে। ২০২৪–২৫ অর্থবছরে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলারে, যা পূর্ববর্তী বছরের তুলনায় সামান্য বেশি। সরকারি হিসেবে এটি ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু এই বৃদ্ধির পেছনের বাস্তবতা ভিন্ন। একই সময়ের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ৯৭ শতাংশে, যা আগের বছরের ৪ দশমিক ২২ শতাংশ থেকে কম।

    প্রবৃদ্ধির এই মন্থর গতি এবং টাকার অবমূল্যায়নের ফলে মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সেবাখাতে দুর্বলতা এবং আয় ও ব্যয়ের ব্যবধান দিনে দিনে বাড়িয়ে তুলছে সাধারণ মানুষের জীবনযাত্রার কষ্ট। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণি চরম অর্থনৈতিক চাপে রয়েছে, যেখানে মাথাপিছু আয়ের পরিসংখ্যান কেবল গড় হিসাব হলেও বাস্তবে তা মানুষের হাতে পৌঁছায় না।

    অন্যদিকে রাজনীতির প্রতি মানুষের আস্থার ঘাটতিও ক্রমশঃ বাড়ছে। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ যে ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে, তাতে অনেক ভোটার ভোটাধিকার প্রয়োগ থেকেই বিরত থেকেছেন। অনেকেই বলছেন—“ভোট দিলেই কী? সবই ঠিক হয়ে আছে আগে থেকেই।” এই হতাশা কেবল ব্যক্তিগত নয়, বরং এটি একটি বড় জনমানসের অভিমত হয়ে দাঁড়িয়েছে। মানুষ এখন মনে করে, ক্ষমতা নির্ধারণে তাদের মতের তেমন কোনো গুরুত্ব নেই এবং তারা রাষ্ট্রের কেবল সংখ্যা মাত্র।

    ফলে সাধারণ জনগণের অংশগ্রহণ যেখানে গণতন্ত্রের মূল শক্তি হওয়া উচিত ছিল, সেখানে তা আজ ক্ষয়িষ্ণু। তারা রাষ্ট্রীয় কাঠামো থেকে ক্রমশঃ বিচ্ছিন্ন হচ্ছে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক প্রতিটি স্তরে। এই বিচ্ছিন্নতা শুধুমাত্র ভোট ব্যবহারে সীমাবদ্ধ নয়; এটি মানুষের আশা, বিশ্বাস এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার সম্পর্কেও গভীর সংকট তৈরি করছে।

    কেন ‘ভোটার’ হয়ে থেমে থাকাই যথেষ্ট নয়: গণতন্ত্রের মূল শক্তি কেবল ভোটাধিকারেই সীমাবদ্ধ নয়; এটি নাগরিকদের সিদ্ধান্ত গ্রহণ, নীতিনির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় সক্রিয় অংশগ্রহণের অধিকারও নিশ্চিত করে। একজন ভোটারের ভূমিকা শুরু হয় ব্যালট পেপারে মতপ্রকাশের মাধ্যমে, কিন্তু তার প্রকৃত মূল্যায়ন হয় যখন সে রাষ্ট্রের প্রতিটি স্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি দাবি করতে পারে।

    বাংলাদেশের বাস্তবতায় দেখা যায়, বেশিরভাগ মানুষ ভোট দিয়ে তাদের দায়িত্ব শেষ মনে করেন, অথচ তারা যে কাঠামোর ভেতরে বাস করছেন, সেখানে তাদের মত বা প্রয়োজন প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। বিশেষ করে যখন সংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেমন: নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন বা বিচার বিভাগ, রাজনৈতিক প্রভাবের বাইরে স্বাধীনভাবে কাজ করতে পারে না, তখন ভোট দেওয়ার পরও পরিবর্তনের আশা অনেকটাই ধোঁয়াশায় রয়ে যায়।

    রাজনীতিতে দলীয় প্রভাব, ক্ষমতার ভারসাম্যহীনতা এবং স্বজনপ্রীতির কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সাধারণ মানুষের কথা অগ্রাধিকার পায় না। ফলে নাগরিকরা শুধু ‘ভোটার’ হয়ে থেকে যান, নীতিনির্ধারক বা সক্রিয় অংশগ্রহণকারী নন। দীর্ঘদিন ধরে এই কাঠামো টিকে থাকলে, জনগণের মধ্যে হতাশা জন্মায় এবং তারা ধীরে ধীরে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

    বর্তমান প্রেক্ষাপটে যেখানে নাগরিকদের মৌলিক অধিকার যেমন: সেবা, নিরাপত্তা, ন্যায়বিচার বা কর্মসংস্থান নিয়েও প্রশ্ন ওঠে, সেখানে ভোটার পরিচয়ের বাইরে গিয়ে সক্রিয় নাগরিকত্বের প্রয়োজন আরও জোরালো হয়ে উঠেছে। গণমাধ্যমে সচেতন মতপ্রকাশ, সামাজিক আন্দোলনে অংশগ্রহণ, জনসচেতনতামূলক কর্মকাণ্ড এবং তথ্যভিত্তিক দাবি উত্থাপন এসবই একজন প্রকৃত নাগরিকের ভূমিকা।
    গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে জনগণের ভূমিকা কেবল ভোট দিয়ে শেষ হলে চলে না, বরং প্রত্যেককে জানতে হবে, ভোটের পরও তাদের ভূমিকা রয়ে যায়, প্রশ্ন করার, দাবি তোলার এবং জবাবদিহি চাওয়ার অধিকার নিয়ে।

    কীভাবে ভাঙবে এই কাঠামো: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রিক কাঠামোতে যে বৈষম্য, পক্ষপাত ও সুবিধাভোগীদের আধিপত্য তৈরি হয়েছে, তা ভাঙতে হলে প্রথাগত কিছু চর্চার আমূল পরিবর্তন প্রয়োজন। সর্বপ্রথম যে জায়গায় পরিবর্তন আনা জরুরি, তা হলো সংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকারিতা। নির্বাচন কমিশন, অডিট অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশনসহ যে সব প্রতিষ্ঠান জনগণের স্বার্থে জবাবদিহি নিশ্চিত করার কথা, সেগুলোকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রেখে শক্তিশালী করতে হবে।

    এর পাশাপাশি প্রয়োজন অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠা। রাজধানী ও বড় শহরের বাইরে অবহেলিত অঞ্চলগুলো যেমন: উত্তরাঞ্চল, পার্বত্য এলাকা বা চরাঞ্চল যেখানে মৌলিক সুযোগ-সুবিধার এখনও অভাব, সেসব জায়গায় উন্নয়ন বাজেটে বাড়তি গুরুত্ব দিতে হবে। কেবল অবকাঠামো নয়, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো খাতে ভারসাম্যপূর্ণ বরাদ্দ জরুরি, যাতে সব শ্রেণি ও পেশার মানুষ সমান সুযোগ পায়।

    রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন আনতে হলে রাজনৈতিক সংস্কৃতির আমূল সংস্কার প্রয়োজন। যোগ্যতা, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে যেন নিয়োগ ও দায়িত্ব বণ্টন হয়, সেটি নিশ্চিত করতে হবে। শুধু দলীয় আনুগত্যের ভিত্তিতে পদায়ন বা পদোন্নতি রাষ্ট্রীয় কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করে। রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী, কোনক্রমেই পেশাভিত্তিক বা গোষ্ঠীকেন্দ্রিক নয়।

    এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ বাড়ানো। প্রতিটি নাগরিককে জানতে হবে তাদের অধিকার কী এবং সেই অধিকার আদায়ে তারা কীভাবে ভূমিকা রাখতে পারে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় উদ্যোগের মাধ্যমে এই সচেতনতা তৈরি করতে হবে। একমাত্র সচেতন ও সক্রিয় নাগরিকরাই পারে একটি জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র নির্মাণে নেতৃত্ব দিতে।
    এই কাঠামো বদলানো সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়, যদি রাষ্ট্র ও সমাজ উভয় পর্যায়ে আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সমন্বিত উদ্যোগ থাকে।

    বাংলাদেশ আজ উন্নয়নের নানা সূচকে এগিয়ে গেলেও, সেই অগ্রগতির সুফল সবাই সমানভাবে পাচ্ছে না। রাষ্ট্রের সুযোগ-সুবিধা, সম্পদ ও ক্ষমতা কিছু গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ায় সাধারণ মানুষকে ক্রমেই প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে। যারা প্রভাবশালী তাদের জন্য রাষ্ট্রের নীতিমালা সহজ হয়ে ওঠে, আর বাকিদের জীবনে থাকে শুধু প্রতিশ্রুতি, বঞ্চনা আর অপেক্ষা।

    একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল শক্তি তার নাগরিক। তাই যখন দেশের অধিকাংশ মানুষ কেবল ‘ভোটার’ পরিচয়ে সীমাবদ্ধ থাকে, আর নীতিনির্ধারণে তাদের কোনো স্থান থাকে না, তখন গণতন্ত্রের ভিত্তিই দুর্বল হয়ে পড়ে। এই বৈষম্যমূলক কাঠামো ভেঙে ফেলা জরুরী। যেখানে সবার জন্য থাকবে সমান অধিকার, সুযোগ ও সম্মান। দেশ তখনই সবার হয়, যখন রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি মানুষের কথা গুরুত্ব পায়। সেই বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান, ন্যায্যতা, রাজনৈতিক সদিচ্ছা এবং সচেতন নাগরিক সমাজ। নয়তো “সুবিধা যার, দেশ তার” – এই বাক্যটিই হয়ে উঠবে আমাদের রাষ্ট্রের সবচেয়ে দুঃখজনক সত্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.