পঞ্চবটি থেকে মুক্তাপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পে পরামর্শক ব্যয় ১৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৮২৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্পের ডিজাইন, রিভিউ ও নির্মাণ তদারকির জন্য যৌথভাবে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে দক্ষিণ কোরিয়ার কুনহুয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটিং কোম্পানি লিমিটেড, জিইএম কনসালট্যান্ট বিডি ও ভারনাকুলার কনসালট্যান্ট লিমিটেড বিডি। শুরুতে তাদের সঙ্গে ২৮ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ৪০৮ টাকায় চুক্তি হয়।
তবে চলতি বছরের ৩০ জুন এই চুক্তির মেয়াদ শেষ হলেও কাজ এখনো শেষ হয়নি। ফলে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে অতিরিক্ত ১৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৮২৮ টাকা ব্যয়ের প্রস্তাব দেয় সেতু বিভাগ। বৈঠকে সেই প্রস্তাব অনুমোদন পায়। এতে নতুন করে চুক্তিমূল্য দাঁড়ায় ৪৩ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ২৩৭ টাকা।
এদিকে একই বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়নাধীন ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই)’ প্রকল্পের একটি প্যাকেজের ব্যয় প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এতে ১৫৬ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৭৪৫ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।

