যুক্তরাষ্ট্র ও ভারতের বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি না হলে শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) এক সাংবাদিক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি তাই মনে করি। ভারত— ওরা আমার বন্ধু।” এর পরদিন আজ (বুধবার) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে ট্রাম্পের এই হুঁশিয়ারির কথা জানায়।
ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, ভারতীয় পণ্যে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতের বাজারে প্রবেশাধিকার এবং বাণিজ্য ভারসাম্য নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, “ভারতের সঙ্গে কার্যকর বাণিজ্য চুক্তির জন্য আরও আলোচনা দরকার। তারা কিছু বাজার উন্মুক্ত করতে চাচ্ছে, আমরাও আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তবে দরকষাকষি এখনও বাকি।”
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক “খুব কঠিন।” তার অভিযোগ, ভারতের উচ্চ শুল্ক নীতির কারণে মার্কিন পণ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ৮৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। বিপরীতে ভারত যুক্তরাষ্ট্র থেকে নিয়েছে ৪২ বিলিয়ন ডলারের পণ্য। ভারতের রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে ওষুধ, মোবাইল ফোন, টেলিকম যন্ত্রপাতি ও পোশাক।
গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্য করতে রাজি হয়েছে। তবে ভারত সেই দাবি নাকচ করে দেয়। পরবর্তীতে ১৫ মে কাতারের দোহায় এক ব্যবসায়ী গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, “ভারত হলো বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশগুলোর একটি। সেখানে পণ্য বিক্রি করা খুব কঠিন। তারা আমাদের এমন একটি প্রস্তাব দিয়েছে যাতে আমাদের কোনও শুল্ক দিতে হবে না।”
তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের মন্তব্যকে “অকালপক্ব” বলে মন্তব্য করেন। তিনি বলেন, দিল্লি ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনা এখনও “জটিল ও সূক্ষ্ম,” এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী সম্প্রতি আশাবাদ জানিয়েছেন, চুক্তিটি আগস্টের ১ তারিখের মধ্যে হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আলোচনার স্থবিরতা নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি।

