বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
বাংলাদেশ সময় বুধবার (৩০ জুলাই) সকাল ৬টায় ওয়াশিংটন থেকে তিনি বলেন, ‘২৯ জুলাই এজেন্ডা অনুযায়ী ইউএসটিআর কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের জানিয়েছে, বাংলাদেশের ওপর আরোপিত ট্যারিফ কমানো হবে।’
বাণিজ্য সচিব আরও জানান, ‘আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে। তবে ঠিক কতটা কমবে, তা এখনই বলা যাচ্ছে না। আজ ও আগামীকালও আলোচনা চলবে। বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে আশা করছি।’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক আলোচনার এটি তৃতীয় ধাপের প্রথম দিন। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৩টায় এই দফার বৈঠক শুরু হয়।
বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সঙ্গে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ ও অন্যান্য শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তা। পুরো আলোচনা বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসির সমন্বয়ে চলছে।
শুল্ক আলোচনার আগে দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ আগামী এক বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১.৫ বিলিয়ন ডলার মূল্যের গম, ডাল ও এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এসব পণ্যের শুল্ক হার ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। সরকার জি-টু-জি ভিত্তিতে বছরে ৭ লাখ টন গম কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে। এছাড়া ২.২০ লাখ টন গম কেনার প্রস্তাব অনুমোদন করেছে। এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার পরিকল্পনাও রয়েছে।
বেসরকারি খাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ আরও ১.৫ থেকে ২ বিলিয়ন ডলার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গম, ডাল, সয়াবিন ও তুলা আমদানিকারকদের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। সোমবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্র সফরের আগে বাণিজ্য সচিব জানান, ‘বাংলাদেশ নতুন করে যে পরিমাণ আমদানির পরিকল্পনা করছে, তাতে আমদানি প্রায় ৩ বিলিয়ন ডলার বাড়বে। সরকারি পর্যায়ে ১.৫ বিলিয়ন ডলার আমদানির প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, বাকিটা বেসরকারি খাত করবে।’ আজ রাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলসহ দেশের শীর্ষ আমদানিকারক প্রতিনিধিরা যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তারা মার্কিন রপ্তানিকারকদের সঙ্গে ক্রয় চুক্তি স্বাক্ষর করবেন।

