হংকংভিত্তিক টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এ বিনিয়োগের ফলে বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করা হবে। এর মধ্যে দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডায়িং ইউনিট রয়েছে। নতুন উদ্যোগে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এ ঘোষণা দেন।
হানডা ইন্ডাস্ট্রিজ শুরুতে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। গত এপ্রিল মাসে বাংলাদেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়। পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় তারা বিনিয়োগ পরিকল্পনাটি ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করে।
হান চুন জানান, “বিডা, বেজা এবং বেপজার কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে আমরা আত্মবিশ্বাস অর্জন করেছি। এই কারণেই বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে বাংলাদেশি গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পকে আরও এগিয়ে নিতে চাই।” বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বলেন, এটি দেশের বস্ত্রখাতে অন্যতম বৃহৎ একক চীনা বিনিয়োগ হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ বিনিয়োগকে স্বাগত জানান।
প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগে মিরসরাইয়ে গার্মেন্টস কারখানার জমি ইজারার চুক্তি। আজ বুধবার স্বাক্ষরিত হবে। দ্বিতীয় ধাপের জমি ও অন্যান্য সুবিধাসমূহ চূড়ান্ত করার কাজ চলছে। আশা করা হচ্ছে ২০২৫ সালের শেষ নাগাদ তা সম্পন্ন হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট হেং জেলি।

