বাংলাদেশের অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছে কোটি মানুষের কঠোর পরিশ্রম, ঘামে ভেজা দিনরাত এবং সীমিত আয়ের মধ্যেও কর দেওয়ার দায়বদ্ধতার ওপর। শ্রমজীবী, নিম্ন-মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীরা রাষ্ট্রকে রাজস্ব দিয়ে দেশের অগ্রগতিতে অবদান রাখছে, অথচ বিপরীত চিত্র দেখা যায় দেশের এক শ্রেণির প্রভাবশালী ও ধনী মানুষের ক্ষেত্রে। সাধারণ জনগণ ন্যায্য হারে কর পরিশোধ করলেও বহু প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান আইনের ফাঁকফোকর, দুর্বল প্রশাসন ও রাজনৈতিক সংযোগ কাজে লাগিয়ে রাষ্ট্রকে বঞ্চিত করছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে।
সাম্প্রতিক এক গবেষণায় এই চিত্র আরও স্পষ্টভাবে উঠে এসেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, বাংলাদেশ সরকার ২০২২–২৩ অর্থবছরে কর ফাঁকির কারণে প্রায় ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকা রাজস্ব হারিয়েছে। অথচ ২০১২ সালে এই পরিমাণ ছিল ৯৬ হাজার ৫০৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র ১১ বছরে কর ফাঁকির পরিমাণ দ্বিগুণের বেশি বেড়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক অর্থ কর্পোরেট কর ফাঁকির মাধ্যমে হাতছাড়া হয়েছে। জরুরি খাত যেমন: স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য এই অর্থ ছিল অত্যন্ত প্রয়োজনীয়।
বাংলাদেশে কেনাকাটার সময় কর না দেওয়ার প্রবণতা এখন প্রায় স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় আমরা নিজেরাও জেনে-বুঝে ভ্যাটবিহীন পণ্য বা সেবা গ্রহণ করি, কারণ এতে দাম কিছুটা কম পড়ে। কিন্তু আমরা ভুলে যাই, এই কর ফাঁকি সরাসরি দেশের অর্থনীতিকে দুর্বল করে, সরকারি আয় কমায় এবং উন্নয়ন ব্যাহত করে।
আসলে কর ফাঁকি শুধুই অর্থনৈতিক অপরাধ নয়, এটি এক ধরনের ‘ভদ্রবেশী অপরাধ’। সমাজের এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি, কর্পোরেট সংস্থা এবং বড় বড় কোম্পানিই এই অপরাধটি করে থাকে, কিন্তু সেটি এতটা প্রকাশ্য বা নিন্দনীয় মনে হয় না। এদের অনেকেই সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত, শিক্ষিত এবং ক্ষমতাধর। অথচ তারা নানা কৌশলে আয়কর ফাঁকি, ভ্যাট জালিয়াতি, আমদানি শুল্ক কম দেওয়া কিংবা আবগারি শুল্ক এড়িয়ে চলার মতো অপরাধে জড়িত থাকে।
করপোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোণ’ শীর্ষক ওই গবেষণায় আরও কিছু চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। অংশগ্রহণকারী ৪৫ শতাংশ কোম্পানি বলেছে, কর জমা দিতে গিয়ে তারা ঘুষ চাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আবার ৮২ শতাংশ প্রতিষ্ঠান মনে করে, বর্তমান কর হার অযৌক্তিক ও বোঝা সৃষ্টিকারী। এর মানে হলো একদিকে প্রভাবশালীরা কর ফাঁকি দিয়ে পার পেয়ে যাচ্ছে, অন্যদিকে যারা নিয়ম মেনে কর দিতে চায়, তাদেরও নানা হয়রানি ও দুর্নীতির মুখোমুখি হতে হচ্ছে। এতে কর ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমছে এবং অনেকেই কর দেওয়া থেকে বিরত থাকছে।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে, প্রশাসনিক দুর্নীতি কমাতে হবে এবং কর কাঠামোকে সাধারণ মানুষের জন্য সহজ ও গ্রহণযোগ্য করতে হবে। কর ফাঁকিকে ‘স্মার্ট কৌশল’ নয়, বরং সমাজের জন্য গুরুতর অপরাধ হিসেবে গণ্য করতে হবে, তবেই আমরা একটি ন্যায়ভিত্তিক, অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে পারব।
কর ফাঁকির কারণ হলো ক্ষমতাধর এবং রাজনৈতিক প্রভাব: বাংলাদেশে কর ফাঁকির একটি বড় কারণ হচ্ছে প্রভাবশালী ও ক্ষমতাবান ব্যক্তিদের কর্তৃত্ব এবং রাজনৈতিক হস্তক্ষেপ। দেশের কর প্রশাসন এখনো দুর্বল, আইন-কানুন জটিল এবং দুর্নীতির প্রসার গভীর। এই সুযোগকে কাজে লাগিয়ে সমাজের উচ্চস্তরের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান কর ফাঁকি দিতে সক্ষম হচ্ছে। বিশেষ করে যারা রাজনৈতিকভাবে সংযুক্ত, তারা প্রভাব খাটিয়ে কর পরিশোধ এড়িয়ে যাচ্ছে, অথবা কোনো ধরনের জবাবদিহি ছাড়াই সম্পদের হিসাব গোপন রাখতে পারছে।
বর্তমানে দেখা যাচ্ছে অনেক উচ্চ আয়ের ব্যক্তি ও ব্যবসায়িক গোষ্ঠী নোমিনী অ্যাকাউন্ট, অফশোর কোম্পানি কিংবা ভুয়া ব্যয় দেখিয়ে প্রকৃত আয়ের পরিমাণ কমিয়ে দেখানোর মতো কৌশল ব্যবহার করছে। এই প্রক্রিয়ায় তারা বিপুল পরিমাণ আয় গোপন রেখে রাষ্ট্রকে রাজস্ব থেকে বঞ্চিত করছে। আয়কর রিটার্নে প্রকৃত সম্পদ ও আয়ের হিসাব গোপন করে এভাবে এক শ্রেণির ধনী মানুষ রাষ্ট্রীয় অর্থনীতির ক্ষতি করছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কর সংস্কারের প্রয়োজনীয়তা অনেক আগে থেকেই আলোচিত। তবে সমস্যা হলো যখনই কর প্রশাসন কর কাঠামোতে স্বচ্ছতা আনার বা বড় করদাতাদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেয়, তখনই নানা মহল থেকে চাপ আসে। ক্ষমতাশালী গোষ্ঠীর প্রভাব, রাজনৈতিক পরিচয় এবং প্রশাসনের ভেতরের দুর্নীতিগ্রস্ত চক্র এসব উদ্যোগ ব্যর্থ করে দেয়।
ফলে দেশে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষ কর দিচ্ছে বাধ্য হচ্ছে কিন্তু প্রভাবশালীরা কর না দিয়েও সম্মানিত ও প্রতিষ্ঠিত থাকছে। এই বৈষম্যমূলক ব্যবস্থাই কর ফাঁকিকে একটি সামাজিকভাবে স্বীকৃত ‘ভদ্রবেশী অপরাধে’ পরিণত করেছে। এই অবস্থার পরিবর্তন আনতে হলে, রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সংস্কার, আধুনিক প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থাপনা এবং শক্তিশালী নজরদারি প্রয়োজন, যাতে দেশের রাজস্ব ব্যবস্থাকে সত্যিকার অর্থে ন্যায্য ও কার্যকর করা যায়।
কর-জিডিপির অনুপাত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সর্বনিম্ন- বাংলাদেশে কর-জিডিপি অনুপাত বর্তমানে মাত্র ৭ দশমিক ৪ শতাংশ, যা দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের তুলনাতেও সর্বনিম্নের মধ্যে পড়ে। এই অনুপাত মূলতঃ একটি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় কতটুকু কর আদায় হচ্ছে তা নির্দেশ করে। অর্থাৎ এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা ও কর ব্যবস্থার দক্ষতার প্রতিফলন।
এতো কম কর-জিডিপি অনুপাত মানে হলো বাংলাদেশ তার অর্থনীতির আকার অনুযায়ী প্রয়োজনীয় পরিমাণ রাজস্ব সংগ্রহ করতে পারছে না। ফলে রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রম যেমন: শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা ইত্যাদি খাতে পর্যাপ্ত অর্থ ব্যয় করা সম্ভব হচ্ছে না। এর নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় অগ্রগতির ওপর।
প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালেই এই চিত্র আরও পরিষ্কার হয়। নেপালের কর-জিডিপি অনুপাত ২৩ দশমিক ৪ শতাংশ, ভারতের ২০ শতাংশ, এমনকি আফ্রিকার অনেক স্বল্পোন্নত দেশেও এই অনুপাত বাংলাদেশের তুলনায় অনেক বেশি। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশে ব্যাপক কর ফাঁকি, দুর্বল কর প্রশাসন, অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির বিস্তার এবং কর সচেতনতার ঘাটতি।
কর-জিডিপি অনুপাত কম থাকার আরেকটি বড় সমস্যা হলো, এতে এলিট শ্রেণির কর ফাঁকি সহজতর হয়। যখন রাষ্ট্র দুর্বল প্রশাসনিক কাঠামোর কারণে যথাযথ কর সংগ্রহ করতে ব্যর্থ হয়, তখন উচ্চ আয়ের ব্যক্তিরা ও কর্পোরেট সংস্থাগুলো নানা উপায়ে কর ফাঁকি দিয়ে আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। একপর্যায়ে এটি যেন স্বাভাবিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্য বিষয় হয়ে দাঁড়ায়, যা অর্থনৈতিক ন্যায্যতা ও সামাজিক ভারসাম্যের জন্য হুমকি।
বর্তমান সরকার এই পরিস্থিতি মোকাবিলায় কিছু উদ্যোগ নিয়েছে। ২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে কর আদায় পদ্ধতি সহজীকরণ, ডিজিটাল ট্যাক্স ব্যবস্থা চালু, কর অফিসে স্বচ্ছতা আনা এবং কর ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। তবে বাস্তবায়ন পর্যায়ে এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে। সুতরাং বাংলাদেশের কর-জিডিপি অনুপাত নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এই দুর্বলতা শুধু রাজস্ব ঘাটতি নয়, দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতার বড় প্রতিবন্ধক। একে টেকসই ভাবে বাড়াতে হলে কর সংস্কার, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, রাজনৈতিক সদিচ্ছা এবং সামাজিক সচেতনতার সমন্বয় জরুরি।
এলিটদের সম্পদের পাহাড় শুধুমাত্র দেশীয় রাজস্বে নয়, বিদেশে বিনিয়োগে- বাংলাদেশের অর্থনীতি যখন অভ্যন্তরীণ রাজস্ব ঘাটতির চাপে বিপর্যস্ত, তখন দেশের এক শ্রেণির এলিট রাজনীতিক ও ব্যবসায়ীর বিদেশে গড়ে তোলা বিলাসবহুল সম্পদের খবর ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। সাম্প্রতিক আন্তর্জাতিক অনুসন্ধানে উঠে এসেছে দুবাই, লন্ডন, কানাডা ও মালয়েশিয়ার মতো দেশে বাংলাদেশি নাগরিকদের মালিকানায় রয়েছে শত শত অ্যাপার্টমেন্ট, বাড়ি ও ব্যবসায়িক সম্পদ।
এসব সম্পদের প্রকৃত উৎস নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন।বাংলাদেশে যখন অর্থনৈতিক সংকট, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার চাপ স্পষ্ট, তখন দেশের কিছু প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীর বিদেশে বিপুল সম্পদ অর্জনের তথ্য নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক আন্তর্জাতিক অনুসন্ধান ও স্থানীয় তদন্ত রিপোর্টে দেখা যাচ্ছে এই ধনসম্পদের বেশিরভাগই লুকিয়ে রাখা হয়েছে অফশোর কোম্পানি ও বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমেশএবং এর উৎস নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে বা তার পরিবারের নিয়ন্ত্রণে লন্ডনে অন্তত ৩৬০টি বিলাসবহুল সম্পত্তি রয়েছে, যেগুলোর বাজারমূল্য প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। আল জাজিরার অনুসন্ধানে প্রকাশ পায় তিনি লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের সম্পদ গড়ে তুলেছেন, যার অধিকাংশই বাংলাদেশে কর দাখিল বা সম্পদ বিবরণীতে ঘোষণা করা হয়নি।
ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) ইতোমধ্যে তার নিয়ন্ত্রিত বা সংশ্লিষ্ট ৩০০টিরও বেশি সম্পত্তি জব্দ করেছে, যেগুলোর সম্মিলিত বাজার মূল্য প্রায় ১৮৫ মিলিয়ন পাউন্ড। এই সম্পত্তিগুলোর মালিকানা যাচাইয়ে যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা ও বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং অপরাধ তদন্ত বিভাগ (CID) যৌথভাবে তদন্ত শুরু করেছে। যদিও সাবেক মন্ত্রী এসব সম্পদের উৎসকে বৈধ ব্যবসায়িক আয় হিসেবে দাবি করেছেন, কিন্তু সেগুলোর সঠিক তথ্য বাংলাদেশে কর রিটার্নে উল্লেখ ছিল না।
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর যুক্তরাজ্যে বাংলাদেশি সম্পত্তির লেনদেন সংক্রান্ত নতুন তথ্য উঠে আসে। ছাত্র- শ্রমিক-জনতা আন্দোলন পরবর্তী সময়ে এই ধরনের সম্পত্তি কেনাবেচা, হস্তান্তর ও রিফাইন্যান্সের আবেদন অব্যাহত ছিল, যা আইনি কাঠামোকে পাশ কাটিয়ে দুর্নীতির সুযোগ করে দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তার পরিবারের বিরুদ্ধেও লন্ডনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তাদের ছেলে ও পরিবারের অন্য সদস্যদের নামে থাকা সম্পত্তির মধ্যে ৬ দশমিক ৫ মিলিয়ন ও ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ড মূল্যের দুইটি সম্পদ ইতিমধ্যেই NCA কর্তৃক জব্দ করা হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB), সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD) এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণে বলা হয়েছে এইসব বিদেশি সম্পদের মূল উৎস কর ফাঁকি, মুদ্রা পাচার, ভুয়া অ্যাফিডেভিটে সম্পদের তথ্য গোপন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক ঋণ গ্রহণ ও অনিয়ম। এসব ঘটনা শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক ও প্রশাসনিক বিশ্বাসেও বড় আঘাত হানে।
এই পরিস্থিতিতে প্রয়োজন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ। বিদেশে পাচারকৃত অর্থ চিহ্নিত করে তা ফিরিয়ে আনা, দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত অর্থনৈতিক শুদ্ধাচার প্রতিষ্ঠাই হতে পারে দেশের অর্থনীতিকে রক্ষা ও পুনরুদ্ধারের প্রথম ধাপ। নতুবা ধনী ও ক্ষমতাশালী গোষ্ঠীর এই ‘ছায়া অর্থনীতি’ আরও গভীর ক্ষত তৈরি করে যাবে রাষ্ট্রের ভিতরে।
রাজস্ব কর্মকর্তাদের দুর্বলতা ও রাজনৈতিক হস্তক্ষেপ: বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনায় একটি বড় সংকট সৃষ্টি করেছে রাজস্ব কর্মকর্তাদের দুর্বলতা এবং রাজনৈতিক হস্তক্ষেপ। এই দুইটি কারণ শুধু রাজস্ব আদায়কে বাঁধাগ্রস্ত করছে না, বরং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার মারাত্মক ঘাটতিও তৈরি করছে। অনেক রাজস্ব কর্মকর্তার মধ্যে পেশাগত দক্ষতার ঘাটতি স্পষ্ট। পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় তারা কর নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেন, যা রাজস্ব ঘাটতির একটি বড় কারণ। এর পাশাপাশি কিছু কর্মকর্তার মধ্যে দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং দায়িত্বহীনতার প্রবণতা রয়েছে। অনেক সময় দেখা যায়, কর নির্ধারণ কিংবা মূল্যায়ন নির্ভর করছে করদাতার সঙ্গে ‘নেগোশিয়েশন’ বা ব্যক্তিগত যোগাযোগের ওপর, যেখানে নিয়মের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পরিচয় ও প্রভাব।
রাজস্ব বিভাগে রাজনৈতিক প্রভাব আরও বড় একটি সমস্যা। পদোন্নতি ও বদলি নিয়ন্ত্রণে রাজনৈতিক হস্তক্ষেপ থাকার ফলে যোগ্য কর্মকর্তা পিছিয়ে পড়েন, আর দলীয় আনুগত্য থাকা ব্যক্তিরা সুবিধা পান। কর ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অনেক প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ে রক্ষা পান, যার ফলে আইন প্রয়োগের পথ রুদ্ধ হয়ে যায়। আইনি পদক্ষেপ নিতে গিয়ে সৎ কর্মকর্তারা হয়রানির শিকার হন, এমন উদাহরণ গণমাধ্যমেও উঠে এসেছে।
এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর কিছু কর্মকর্তাই দুর্নীতির চক্রে জড়িয়ে পড়েছেন। কর নির্ধারণের সময় পক্ষপাতিত্ব, অতিমূল্যায়ন বা অমূল্যায়নের অভিযোগ প্রায়শই ওঠে। করদাতার প্রকৃত আয় বিবেচনায় না নিয়ে সুবিধা দেওয়া হয় রাজনৈতিক পরিচিতি বা অর্থনৈতিক প্রভাব দেখে। আবার যেসব বড় কর ফাঁকি ধরা পড়ে, তা নিয়েও কার্যকর ব্যবস্থা নেয়া হয় না, একদিকে আইনি জটিলতা, অন্যদিকে উপরের মহলের চাপ থাকায়।
এই পরিস্থিতিতে রাজস্ব ব্যবস্থায় সংস্কার জরুরি। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানো, স্বচ্ছতা নিশ্চিত করা, রাজনৈতিক হস্তক্ষেপ কমানো এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া এই ব্যবস্থার ভেতরে থাকা দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব নয়। রাজস্ব ব্যবস্থার দুর্বলতা শুধু রাজস্ব আহরণে নয়, রাষ্ট্রের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে।
সমাধান কি?
বাংলাদেশের অর্থনীতিকে টেকসই পথে এগিয়ে নিতে হলে অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। তবে এই লক্ষ্য অর্জন করতে হলে আগে কর ফাঁকি, অর্থ পাচার এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতা দূর করতে হবে। বিশেষ করে ধনী ও প্রভাবশালী শ্রেণির জবাবদিহির আওতায় আসা এখন অতীব জরুরি।
প্রথমতঃ কর ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করতে হবে। এর জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে যেখানে করদাতা রিটার্ন দাখিল থেকে শুরু করে অডিট পর্যন্ত সব কিছু অনলাইনে করা যাবে। এতে যেমন স্বচ্ছতা বাড়বে, তেমনি দুর্নীতির সুযোগ-সুবিধা কমবে।
দ্বিতীয়তঃ বড় করদাতাদের ক্ষেত্রে নিয়মিত ও বাধ্যতামূলক অডিট চালু করা জরুরি। অনেক সময় করযোগ্য আয় লুকানো হয় বা সম্পদের প্রকৃত তথ্য গোপন করা হয়, যা নিয়মিত অডিট ছাড়া ধরা পড়ে না। সেইসঙ্গে রাজস্ব প্রশাসন, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) হতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। কর আদায় যদি রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভরশীল হয়, তাহলে তা কখনই ন্যায়সঙ্গত বা কার্যকর হতে পারে না।
বিদেশে সম্পদ গড়ার প্রবণতা বন্ধ করতে হলে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রের FATCA (Foreign Account Tax Compliance Act) বা OECD-এর ‘Automatic Exchange of Information’ ব্যবস্থার মতো চুক্তির মাধ্যমে অন্যান্য দেশের ব্যাংক ও সম্পত্তির তথ্য সংগ্রহ করা সম্ভব। ইতোমধ্যে অনেক দেশ এই ধরনের চুক্তিতে যুক্ত হয়েছে, বাংলাদেশকেও এই পথে এগোতে হবে। একই সঙ্গে কর ফাঁকির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বড় মাপের কর ফাঁকি ও অর্থ পাচারের ঘটনার যথাযথ তদন্ত এবং প্রকাশ্য বিচার হলে অন্যরা সতর্ক হবে। রাজনৈতিক সদিচ্ছা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি রাজনৈতিক নেতৃত্ব সত্যিই এই সংস্কার চায় তবে সেটি সম্ভব।
এছাড়া রাজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে হবে, যাতে তারা পেশাদারভাবে দায়িত্ব পালন করতে পারেন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত প্রশাসনিক পরিবেশ তৈরি এবং কাজের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করাও অত্যন্ত জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষ, সরকার, ব্যবসায়ী, সুশীল সমাজ ও নাগরিক এর সঙ্গে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। যদি এই কার্যকর পদক্ষেপগুলো নেওয়া যায়, তাহলে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। ফলে অভ্যন্তরীণ আয় বাড়বে, বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি আরও স্থিতিশীল ও শক্তিশালী হবে।
বাংলাদেশের অর্থনীতি আজ এক কঠিন সময় পার করছে, বিদেশি ঋণের বোঝা, বাজেট ঘাটতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং মূল্যস্ফীতির চাপ একসঙ্গে দেশের সাধারণ মানুষকে দুর্বিষহ করে তুলেছে। অথচ এই অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী জনগণ তাদের ঘামে যে রাজস্ব তুলে দিচ্ছে, তার সদ্ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। বরং এক শ্রেণির এলিট রাজনৈতিক ও ব্যবসায়িক গোষ্ঠী সেই রাজস্ব ব্যবস্থাকে ধোঁকা দিয়ে দেশি-বিদেশে সম্পদের পাহাড় গড়ছে।
কর ফাঁকি, অর্থ পাচার, দুর্নীতিপরায়ণ রাজস্ব প্রশাসন এবং রাজনৈতিক হস্তক্ষেপ—এই চারটি দিকই আজ রাজস্ব ব্যবস্থার বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ফলে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে, সামাজিক বৈষম্য বাড়ছে এবং জনগণের আস্থার ভাঙন তৈরি হচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দরকার রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক স্বচ্ছতা, প্রযুক্তিনির্ভর আধুনিক করব্যবস্থা এবং প্রভাবশালীদের জবাবদিহির আওতায় আনা। নয়তো এই রাষ্ট্রব্যবস্থার ভার সাধারণ মানুষের নয়ছয় হবে, আর করফাঁকির গোপন সাম্রাজ্যে বাড়তেই থাকবে বিলাস আর অন্যায়ের পর্দা।

