স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর চারটি রপ্তানিনির্ভর খাতের সক্ষমতা বৃদ্ধির উপায় পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। ১৫ সদস্যের এই কমিটির নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে পূর্ণভাবে উত্তীর্ণ হবে। এরপর আর রপ্তানিনির্ভর খাতগুলোকে সাবসিডি বা নগদ সহায়তা দেওয়া সম্ভব হবে না।
এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং ওষুধশিল্প, এই চারটি সম্ভাবনাময় খাতকে বেছে নিয়েছে। এসব খাতের রপ্তানি সক্ষমতা বাড়াতে কী কী করা যেতে পারে, তা নিরূপণে অর্থ বিভাগ থেকে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।
প্রথম ধাপের কমিটি একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে কিছু সুপারিশ দেয়। ওই সুপারিশ পর্যালোচনা এবং বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে এবার গঠন করা হয়েছে নতুন ১৫ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি। এই কমিটির সভাপতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব। অন্যান্য সদস্যরা হলেন—বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, বাণিজ্য সচিব, পররাষ্ট্র সচিব, শিল্প সচিব, কৃষি সচিব, বস্ত্র ও পাট সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিএসটিআই মহাপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিসিক চেয়ারম্যান এবং এফবিসিসিআই সভাপতি। এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক।
প্রজ্ঞাপনে কমিটির কাজ ও দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
- পূর্ববর্তী প্রতিবেদনে দেওয়া সুপারিশগুলো থেকে সরকারের সক্ষমতার আলোকে কোন সুবিধা প্রদান করা যাবে, তা চিহ্নিত করা।
- সুবিধা প্রদানের জন্য সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি।
- সেই কর্মপরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর কার্যক্রম নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা এবং সময়মতো বাস্তবায়ন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
- বাস্তব প্রেক্ষাপটে এবং প্রাসঙ্গিকতার ভিত্তিতে অতিরিক্ত কোনো উপযুক্ত সুবিধা প্রদানের প্রয়োজন হলে, কমিটি সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
- প্রয়োজনে কমিটি এক বা একাধিক সদস্যকে কো-অপ্ট করতে পারবে। এই উদ্যোগের মাধ্যমে রপ্তানি সক্ষমতা বাড়িয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুসংহত করতে চায় সরকার।

