দেশে বিনিয়োগ সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ‘বাংলাদেশ বিজনেস পোর্টাল’ চালুর সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি একীভূত অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ-সংশ্লিষ্ট সব সেবা মিলবে একটি মাত্র ল্যান্ডিং পেজে।
৯ জুলাই প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে, ১৩ এপ্রিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিডার গভর্নিং বোর্ডের তৃতীয় সভায় এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
পোর্টালটি চালু হলে বিনিয়োগকারীদের আর একাধিক সরকারি অফিস বা ওয়েবসাইটে যেতে হবে না। প্রাথমিকভাবে এটি তথ্যকেন্দ্র হিসেবে কাজ করবে। পরে অনুমোদন, ছাড়পত্র, লাইসেন্সসহ নানা সেবা যুক্ত করে এটিকে পুরোপুরি ‘ইন্টার-অপারেবল’ করা হবে। বিনিয়োগ সমন্বয় সভায় জানানো হয়, অর্থনৈতিক অঞ্চলগুলোতে গ্যাস, বিদ্যুৎ ও বন্দর সংযোগ নিশ্চিত করতে পোর্টালটি কৌশল নির্ধারণে সহায়তা করবে। সরকার আশা করছে, এর মাধ্যমে একটি সহজ, সম্মিলিত ও প্রযুক্তিনির্ভর বিনিয়োগ-সহায়ক পরিবেশ গড়ে উঠবে।
পোর্টাল বাস্তবায়নে নির্ধারিত বাজেট বরাদ্দ করা হয়েছে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে একটি মনিটরিং দল অগ্রগতি তদারকি করছে। পাশাপাশি, সংশ্লিষ্ট আইপিএগুলোর ফোকাল পয়েন্ট কর্মকর্তারা সময়ান্তরে সভা করে অগ্রগতি মূল্যায়ন ও সমস্যা সমাধানে কাজ করবেন। বিডার পক্ষ থেকে জানানো হয়, পোর্টালে কোন কোন সেবা অন্তর্ভুক্ত হবে, তা অংশীজন সংস্থার সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। একই সঙ্গে অর্থনৈতিক অঞ্চলগুলোর উন্নয়ন কৌশল এবং গ্যাস, বিদ্যুৎ ও বন্দর সংযোগ সংক্রান্ত সুপারিশও এতে অন্তর্ভুক্ত থাকবে।
সব বিদ্যমান বিনিয়োগ-সংশ্লিষ্ট সেবা বিবিপির সঙ্গে একীভূত ও আন্তঃসংযোগযোগ্য করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। পোর্টালটি বিনিয়োগকারীদের জন্য বর্তমানে প্রচলিত খণ্ডিত ও জটিল ডিজিটাল অভিজ্ঞতার পরিবর্তে একটি সমন্বিত ও ব্যবহারবান্ধব সেবা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘আমরা অনেকদিন ধরে ওয়ান স্টপ সার্ভিস নিয়ে কাজ করছি। বিনিয়োগকারীরা প্রায়ই অভিযোগ করেন, ডিজিটাল সেবার কথা বলা হলেও বাস্তবে ম্যানুয়াল পদ্ধতিতে বিভিন্ন দপ্তরে যেতে হয়—যা অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ।’ তিনি জানান, বিডা, বেপজা, বেজা, হাইটেক পার্ক অথরিটি এবং বিসিকের ওএসএস প্ল্যাটফর্মগুলো বিবিপিতে একীভূত করা হবে, যাতে সব সেবা এক প্ল্যাটফর্মেই পাওয়া যায়।
বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, ‘বিনিয়োগকারীদের এখন বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে সেবা খুঁজতে হয়, যা খুব ঝামেলাপূর্ণ। তাই আমরা একটি একক ও সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করছি।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের প্রায় সব দেশেই এখন এমন পোর্টাল রয়েছে—যেমন ভারতের ইনভেস্ট ইন্ডিয়া, সিঙ্গাপুরের এন্টারপ্রাইজ সিঙ্গাপুর ও ভিয়েতনামের জাতীয় পোর্টাল।’
বিডা সূত্রে জানা গেছে, বিবিপিকে জাতীয় রাজস্ব বোর্ডের ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং অন্যান্য বিদ্যমান ওএসএস সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হবে। আগামী তিন মাসের মধ্যে সব ম্যানুয়াল সেবা ডিজিটাল করে এই পোর্টালে যুক্ত করা হবে।

