সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ‘পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় দুটি শিপ টু শোর (STS)/কুয়ে গ্যান্টি ক্রেন সরবরাহ ও স্থাপনের কাজের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬২ কোটি ২ লাখ ১১ হাজার ৫৬৮ টাকা।
গত মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, এই ক্রেন সরবরাহ ও স্থাপনের কাজের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল। চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়, যার মধ্যে তিনটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য ছিল। সব প্রক্রিয়া শেষে টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে এইচপি ও এনজে চায়না প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এছাড়া বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের একটি প্যাকেজের জন্য ২৮৮ কোটি ৮ লাখ ৯৮ হাজার ৬৮৬ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স ও এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড।
তার পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ‘এক্সপান্ডেড ঢাকা ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আওতায় প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত সাত প্রতিষ্ঠান থেকে পাঁচটি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব জমা দেয়। সব প্রক্রিয়া শেষে সর্বোচ্চ স্কোর পাওয়া প্রতিষ্ঠানগুলো — আইডব্লিউএলএম, দেব কন ও জিকেডব্লিউ—কে নিয়োগের প্রস্তাব করা হয়। এ প্রকল্পের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৫ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ১৪৭ টাকা।

