বাংলাদেশের পোশাক খাতের জন্য এক বড় সুখবর এলো আজ ১ আগস্ট শুক্রবার। যুক্তরাষ্ট্র তাদের শুল্কহার কমিয়ে দিল বাংলাদেশি পণ্যের ওপর, যার ফলে আন্তর্জাতিক বাজারে আবারও শক্ত অবস্থানে ফিরতে শুরু করেছে বাংলাদেশ। তবে এই ঘোষণার পরেই ভারতের পোশাক শিল্পের শেয়ারবাজারে দেখা দিয়েছে ব্যাপক ধস।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক চিঠি পাঠান। চিঠিতে জানানো হয়, ১ আগস্ট থেকে বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ খবরে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়ে যান রপ্তানিকারকরা। তবে আলোচনার পর যুক্তরাষ্ট্র সেই হার কমিয়ে ২০ শতাংশে নিয়ে এসেছে—যা অনেকটাই স্বস্তির জায়গা তৈরি করেছে দেশের পোশাক খাতের জন্য।
বাংলাদেশ বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বিশাল পরিমাণ পোশাক রপ্তানি করে আসছে। অন্যদিকে ভারত চেষ্টা করছিল এ বাজারে নিজেদের প্রভাব বাড়াতে। কিন্তু বাংলাদেশের তুলনায় প্রযুক্তি, সাশ্রয়ী শ্রমশক্তি ও দক্ষতা—এই সব কিছুর কারণেই বাংলাদেশই বরাবর এগিয়ে ছিল। গত মাসে যখন ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা উঠেছিল, তখন ভারতের বাজার কিছুটা বাড়তি সুবিধা পেয়ে যায়। ওই সময় তাদের বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ে। কিন্তু আজকের নতুন ঘোষণার পর পাল্টে গেছে সেই দৃশ্য।
যুক্তরাষ্ট্রে শুল্ক কমানোর ঘোষণা আসার পরই ভারতের কয়েকটি নামকরা পোশাক প্রতিষ্ঠানের শেয়ারে বড় পতন দেখা গেছে। কেপিআর মিলসের শেয়ার কমেছে প্রায় ৫ শতাংশ, পিয়ার্ল গ্লোবালের শেয়ার ৩.৭ শতাংশ, কিটেক্স গার্মেন্টস ৩.২১ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টস ২.৬ শতাংশ, এবং অলোক ইন্ডাস্ট্রিজ ০.৮ শতাংশের মতো। স্পষ্টতই দেখা যাচ্ছে, মার্কিন সিদ্ধান্তের পর বিনিয়োগকারীরা ভারতের পোশাক খাত নিয়ে এখন আরও সাবধানী হয়ে উঠেছেন।
এদিকে শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র আরও ৫০টিরও বেশি দেশের জন্য শুল্কহার কমিয়ে এনেছে। এর মধ্যে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশই রয়েছে। পাকিস্তানও পেয়েছে কিছু ছাড়—তাদের ওপর শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৯ শতাংশ। এমনকি তেল অনুসন্ধানে পাকিস্তানের সঙ্গে যৌথ চুক্তিও করেছে যুক্তরাষ্ট্র। তবে ব্যতিক্রম একমাত্র ভারত। তাদের ওপর পুরোনো ২৫ শতাংশ শুল্কই বহাল রাখা হয়েছে।
বিশ্ববাজারে এই সিদ্ধান্তগুলো অনেক দূরপ্রসারী প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের জন্য এটি হতে পারে একটি নতুন সুযোগ—বিশ্বমঞ্চে আবারও নিজেদের পোশাকশিল্পকে প্রমাণ করার।

