বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ওয়াশিংটনে তৃতীয় দফা আলোচনা শেষে হোয়াইট হাউস এই সিদ্ধান্ত জানায়। এর আগে যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা পরে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। এবার তা আরও হ্রাস করে ২০ শতাংশে নামিয়ে আনা হলো।
গতকাল শুক্রবার (১ আগস্ট) সকালে এই বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। তবে আমরা ২০ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলাম।” তিনি আরও জানান, দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে পৌঁছেছে। নতুন হার কার্যকর হলে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, পূর্বের তুলনায় শুল্ক কমানোয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের বাজারে প্রবেশ সহজ হবে। এতে তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানিপণ্য প্রতিযোগিতামূলক দামে ক্রেতাদের কাছে পৌঁছাতে পারবে।

