ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করেছে। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহ থেকে এসব শোধনাগার রুশ তেলের দরপত্র দেওয়া বন্ধ রেখেছে। মূল কারণ—রাশিয়ার দেওয়া ছাড় কমে যাওয়া।
এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুশি প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে ভারতের ওপর চাপ বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (৩১ জুলাই), ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি বলেন, রাশিয়া থেকে তেল কিনে ভারত মূলত যুদ্ধের খরচ মেটাতে রাশিয়াকে সাহায্য করছে। তাই শুধু শুল্কই নয়, ভারতকে অনির্দিষ্ট হারে ‘দণ্ড’ পেতে হবে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত সমুদ্রপথে রপ্তানি হওয়া রুশ অপরিশোধিত তেলের বড় ক্রেতা। তবে বর্তমানে ইন্ডিয়ান অয়েল করপোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন এবং মাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড টানা এক সপ্তাহের বেশি সময় ধরে কোনো রুশ তেল দরপত্র দেয়নি।
এই চারটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আগে সরবরাহ চুক্তির ভিত্তিতে নিয়মিত রুশ তেল কিনত। এখন তারা স্পট মার্কেটের দিকে ঝুঁকছে। মূলত বিকল্প হিসেবে তারা মধ্যপ্রাচ্যের আবুধাবির মুরবান ক্রুড ও পশ্চিম আফ্রিকার তেল বেছে নিচ্ছে। রয়টার্স জানায়, বিষয়টি নিয়ে ভারতের ফেডারেল তেল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করেনি।
ভারতের তেল পরিশোধন ক্ষমতা দৈনিক প্রায় ৫২ লাখ ব্যারেল। এর ৬০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানগুলো। যদিও বেসরকারি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রুশ তেলের বড় ক্রেতা, রাষ্ট্রীয় কোম্পানিগুলোর ভূমিকা বাজারে সবচেয়ে বড়। এদিকে, গত ১৪ জুলাই ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি না হলে যারা রুশ তেল কিনবে, তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
সবশেষে, ট্রাম্প আবারও দাবি করেন, তিনি “শুনেছেন” ভারত রুশ তেল আমদানি বন্ধ করেছে। এ সিদ্ধান্তকে তিনি ‘ভালো পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। এএনআইকে দেওয়া এক মন্তব্যে ট্রাম্প বলেন, “আমার জানা মতে, ভারত রাশিয়া থেকে তেল কিনবে না। দেখা যাক কী হয়।”
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই বক্তব্য নাকচ করে দিয়েছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল শুক্রবার (১ আগস্ট) সাংবাদিকদের বলেন, “আমাদের তেলের উৎস নির্ধারণ হয় বাজারের সহজলভ্যতা ও জাতীয় স্বার্থ অনুযায়ী। ভারতীয় তেল কোম্পানিগুলো রাশিয়ার তেল আমদানি বন্ধ করেছে—এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।”
তিনি আরও বলেন, “জ্বালানির উৎস নির্ধারণে আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। আমরা বাজার বিবেচনায় সিদ্ধান্ত নিই, কোনো নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করি না।” রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও পরিষ্কার বার্তা দেয় দিল্লি। এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়া ভারতের ‘পরীক্ষিত’ অংশীদার। ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় নিজেদের ভিত্তিতে—তৃতীয় কোনো দেশের দৃষ্টিভঙ্গিতে নয়।

