বিশ্বব্যাংক তাদের অর্থায়িত প্রকল্পে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে। এখন থেকে এসব প্রকল্পে শ্রম ব্যয়ের অন্তত ৩০ শতাংশ স্থানীয় কর্মী নিয়োগে ব্যয় করা বাধ্যতামূলক হবে।
সংস্থাটির পাঠানো এক অফিসিয়াল চিঠিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। এটি বিশ্বব্যাংকের ইনভেস্টমেন্ট প্রজেক্ট ফাইন্যান্সিং (আইপিএফ) স্কিমের আওতায় আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এই নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক দরপত্রে অংশ নিতে ইচ্ছুক ঠিকাদারদের দরপত্র জমা দেওয়ার সময় ব্যাখ্যা করতে হবে—কীভাবে তারা শ্রম ব্যয়ের ৩০ শতাংশ স্থানীয়ভাবে ব্যয় করবেন। শুধু তা-ই নয়, প্রস্তাবের সঙ্গে জমা দিতে হবে লোকাল লেবার মেথড স্টেটমেন্ট। এতে স্থানীয় কর্মী নিয়োগ ও দক্ষতা বৃদ্ধির কৌশল স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব থাকবে ঋণগ্রহণকারী দেশগুলোর ওপর। তারা চুক্তি অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা তদারকি করবে। নিয়ম না মানলে বিশ্বব্যাংক প্রয়োজনে অর্থ ছাড় স্থগিত রাখতে পারবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করছে। ইআরডির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এর আগে স্থানীয় কর্মসংস্থানে কোনো বাধ্যবাধকতা ছিল না। ঠিকাদাররা ইচ্ছেমতো লোক নিয়োগ দিত। এবার বিষয়টি কাঠামোগতভাবে নিয়ন্ত্রিত হবে।” তিনি বলেন, “এই নতুন নিয়ম দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের জন্য কাজের সুযোগ তৈরি করবে। পাশাপাশি স্থানীয় শ্রমিকদের দক্ষতাও বাড়বে।”
নতুন নিয়ম শুধুমাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতায় আহ্বানকৃত দরপত্রের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের স্ট্যান্ডার্ড প্রোকিউরমেন্ট ডকুমেন্ট ব্যবহার বাধ্যতামূলক। দরকার হলে ঠিকাদারদের কাছ থেকে স্থানীয় স্বল্প ও আধা-দক্ষ শ্রমিকদের দক্ষতা উন্নয়নের পরিকল্পনাও চাওয়া যেতে পারে। প্রকল্প বাস্তবায়নে, দেশগুলোকে তাদের প্রজেক্ট প্রোকিউরমেন্ট স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট (পিপিএসডি) হালনাগাদ করতে হবে। সেই সঙ্গে স্থানীয় শ্রমবাজারের একটি বিস্তারিত মূল্যায়ন অন্তর্ভুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “এই নীতি বিশ্বব্যাংকের গ্লোবাল করপোরেট পলিসির অংশ। মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হচ্ছে ‘জবলেস গ্রোথ’। এই প্রেক্ষাপটে এটি একধরনের ‘চ্যারিটি বিগিনস অ্যাট হোম’ ধাঁচের পদক্ষেপ।” তিনি বলেন, “নতুন নিয়ম অনুযায়ী, প্রকল্পের শ্রম ব্যয়ের কমপক্ষে ৩০ শতাংশ স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের জন্য বরাদ্দ রাখতে হবে। এতে বিশ্বব্যাংকের প্রকল্পগুলোকে কর্মসংস্থান-ভিত্তিক করতে সহায়তা করবে।”
তার মতে, অনেক দিন ধরেই অভিযোগ ছিল, এসব প্রকল্পের বড় অংশের অর্থ পরামর্শক ব্যয়ের মাধ্যমে বিদেশে ফিরে যায়। ফলে প্রকৃত সুফল থেকে বঞ্চিত হয় দেশগুলো। নতুন নিয়ম সেই সমালোচনা দূর করতে পারে। ড. জাহিদ বলেন, “ধরা যেতে পারে—এখন পর্যন্ত প্রকল্পে বাংলাদেশে শ্রম ব্যয় ৩০ শতাংশের নিচেই ছিল। তাই বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এখন দেখার বিষয়—নিয়ম বাস্তবায়ন কতটা কার্যকর হয়।”
বিশ্বব্যাংকের নথি অনুযায়ী, কোনো ঠিকাদার তার দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে, ঋণগ্রহণকারী দেশ সেই ঠিকাদারের অর্থপ্রদান স্থগিত করতে পারবে। প্রকল্প প্রকৌশলীর মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী অর্থ ছাড় হবে। এছাড়া, প্রকল্প সংশ্লিষ্ট অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক ভিত্তিতে প্রতিবেদন দিতে হবে বিশ্বব্যাংককে। এজন্য নির্ধারিত ফরমেট সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে।
নতুন নীতি কার্যকরে সহায়তা দিতে বিশ্বব্যাংক ই-লার্নিং প্রশিক্ষণ ও বিস্তারিত নির্দেশিকা তৈরি করছে। এতে দেশগুলোর সংশ্লিষ্ট সংস্থা ও ঠিকাদাররা সহজে নিয়ম অনুসরণ করতে পারবে। বিশ্বব্যাংক এই নীতিকে তাদের ২০১৬ সালের প্রোকিউরমেন্ট ফ্রেমওয়ার্ক-এর হালনাগাদ অংশ হিসেবে দেখছে। সেখানে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। নথিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত অবকাঠামো প্রকল্পের সুফল স্থানীয় জনগণের মধ্যে আরও ন্যায্যভাবে বণ্টনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

