যুক্তরাষ্ট্রে প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান তথ্য প্রকাশের পর শুল্কনীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশের প্রধান শ্রম পরিসংখ্যান সংস্থার প্রধানকে বরখাস্ত করতে যাচ্ছেন তিনি।
গতকাল শুক্রবার (১ আগস্ট) এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) কমিশনার এরিকা ম্যাকএন্টারফার ইচ্ছাকৃতভাবে চাকরির তথ্য বিকৃত করেছেন। তবে তিনি এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি। এর ফলে হোয়াইট হাউসের অর্থনৈতিক পরিসংখ্যান ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে।
কমিশনার ম্যাকএন্টারফার নিজের প্রতিক্রিয়ায় বলেন, বিএলএসের কমিশনার হিসেবে কাজ করাকে তিনি “তার জীবনের সবচেয়ে বড় সম্মান” মনে করেন। তিনি সংস্থার নাগরিক কর্মীদের ‘এই দেশের সেবার জন্য’ ধন্যবাদ জানান। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে সরকারি কর্মকাণ্ডে যুক্ত। ২০২৩ সালে তিনি বিএলএসের প্রধান হিসেবে নিয়োগ পান, যা মার্কিন সিনেটে প্রায় সর্বসম্মতিতে অনুমোদিত হয়।
বিএলএসের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জুলাই মাসে যুক্তরাষ্ট্রে মাত্র ৭৩ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে। মে ও জুনের আগের তথ্য সংশোধন করে দেখা গেছে, সেই মাসগুলোতেও পূর্বের চেয়ে ২ লাখ ৫০ হাজার কম চাকরি সৃষ্টি হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ট্রাম্প তার পোস্টে লেখেন, “আমাদের সঠিক চাকরির সংখ্যা দরকার। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি, যাতে এই বাইডেন-নিযুক্ত রাজনৈতিক কর্মকর্তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়।”
অক্সফোর্ড ইকোনমিকসের প্রধান অর্থনীতিবিদ রায়ান সুইট বলেন, “এই সিদ্ধান্ত একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে। যদি সরকারি তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তা বড় সংকট ডেকে আনতে পারে।”
অর্থনীতিবিদ মাইকেল স্ট্রেইনের মতে, ম্যাকএন্টারফার ‘অসাধারণ সততার সঙ্গে’ দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, “সরকারি পরিসংখ্যান নিরপেক্ষ ও সর্বোচ্চ মানসম্পন্ন হওয়া উচিত। প্রেসিডেন্ট সেই বিশ্বাসকে আঘাত করছেন।”
পিটারসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো জেড কোলকো বলেন, বিএলএস প্রধানকে বরখাস্ত করা অর্থনৈতিক পরিসংখ্যান ব্যবস্থায় “পাঁচ স্তরের অ্যালার্ম সংকেত”। তাঁর মতে, এটি উদ্দেশ্যপ্রণোদিত ক্ষতির স্পষ্ট উদাহরণ।
শ্রম দপ্তর জানিয়েছে, নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত বিএলএসের ডেপুটি কমিশনার উইলিয়াম উইয়াত্রোভস্কি অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন। এই সিদ্ধান্ত এসেছে এমন সময়, যখন ট্রাম্প তার শুল্কনীতি আরও কঠোর করছেন। বিশ্ববাজারে আমদানি পণ্যে তিনি ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করছেন, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের তিন প্রধান শেয়ার সূচক বড় পতনে দিন শেষ করে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১.৬ শতাংশ, ডাও জোন্স ১.২ শতাংশ এবং নাসডাক ২.২ শতাংশ কমে যায়। ইউরোপেও পতন হয়—ফ্রান্সের সিএসি ৪০ সূচক ২.৯ শতাংশ, জার্মানির ডিএএক্স ২.৬ শতাংশ এবং যুক্তরাজ্যের এফটিএসই ০.৭ শতাংশ নেমে আসে। এশিয়ার বাজারেও নেতিবাচক প্রভাব পড়ে। দক্ষিণ কোরিয়ার সূচক ৩.৮ শতাংশ, হংকংয়ের হ্যাংসেং ১ শতাংশ এবং জাপানের নিক্কেই ০.৬ শতাংশ কমে যায়।
চাকরির তথ্য প্রকাশের পর ট্রাম্প ফের মার্কিন ফেডারেল রিজার্ভ প্রধান জেরোম পাওয়েলকে আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, পাওয়েল সুদের হার কমানোর ক্ষেত্রে “অতি ধীর”। এই পরিস্থিতিতে ফেড কমিটির সদস্য অ্যাড্রিয়ানা কুগলার জানান, জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করছেন। ফলে ট্রাম্প নতুন সদস্য নিয়োগের সুযোগ পাবেন।
হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আপনি কি সত্যিই এই তথ্যগুলো বিশ্বাস করবেন? আমি মনে করি এই সংখ্যা ভুয়া। তাই আমি তাকে বরখাস্ত করেছি। আমি সঠিক কাজটাই করেছি।” বিশ্লেষকদের মতে, সরকারি পরিসংখ্যানে রাজনৈতিক হস্তক্ষেপের এমন নজির যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা ও ভবিষ্যতের আর্থিক নীতিকে গুরুতর সংকটে ফেলতে পারে।

