যুক্তরাষ্ট্রে শুল্ক হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে। এ সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে। বিষয়টিকে ‘আপাতত স্বস্তিদায়ক’ হিসেবে উল্লেখ করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বড় ক্রেতা অর্ডার স্থগিত রাখায় তৈরি পোশাক খাতে অস্থিরতা তৈরি হয়েছিল। শুল্ক হ্রাসের ঘোষণায় সেই উদ্বেগ কিছুটা কমেছে বলে জানান শিল্পসংশ্লিষ্টরা।
বিজিএমইএ সভাপতি বলেন, ২০ শতাংশ শুল্ক আমাদের জন্য তুলনামূলকভাবে সহনীয়। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, ভারতের চেয়ে আমাদের ট্যারিফ কম, পাকিস্তানের চেয়ে মাত্র ১ শতাংশ বেশি। আর ভিয়েতনামের সঙ্গে ট্যারিফ এখন সমান, যা বড় একটি স্বস্তির জায়গা। কারণ, যুক্তরাষ্ট্রের বাজারে ভিয়েতনামই বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী। তিনি বলেন, যদি ট্যারিফ ১০-১৫ শতাংশ বেশি হতো, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ত। সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতো।
শুল্ক হ্রাসে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদি প্রভাব নির্ভর করছে মার্কিন বাজারের প্রতিক্রিয়ার ওপর। মাহমুদ হাসান খান বলেন, বিশ্বব্যাপী শুল্ক হার বাড়লে তার প্রভাব পড়ে ভোক্তার ওপর। যুক্তরাষ্ট্রও এর ব্যতিক্রম নয়। সেখানে গড়ে ২০ শতাংশ হারে শুল্ক বাড়ানোয় স্বাভাবিকভাবেই পণ্যের দাম বাড়বে। তখন মার্কিন ভোক্তারা কীভাবে সাড়া দেয়, সেটিই নির্ধারণ করবে আমাদের রপ্তানির ভবিষ্যৎ। তিনি আরও বলেন, যদি মার্কিন ভোক্তারা কেনাকাটা কমিয়ে দেয়, তাহলে চাহিদা কমবে। এতে রপ্তানিও হুমকিতে পড়বে। তবে এর সুনির্দিষ্ট প্রভাব বোঝা এখনই সম্ভব নয়। কিছুটা সময় নিতে হবে।
নতুন শুল্কহার কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্রেতারা আবার অর্ডার নিয়ে যোগাযোগ শুরু করেছেন বলে জানান বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ক্রেতারা এখন স্থগিত অর্ডারগুলো নিয়ে কথা বলছেন। তবে শেষ পর্যন্ত কী হয়, সেটা নির্ভর করছে মার্কিন ভোক্তার ভোগচাহিদার ওপর।
তার ভাষায়, “২০ শতাংশ ট্যারিফের কারণে যদি পোশাকের দাম ভোক্তার সামর্থ্যের বাইরে চলে যায়, তাহলে খরচ কমাতে হবে। চাহিদা কমে গেলে আমাদের রপ্তানি ঝুঁকিতে পড়বে। তাই অপেক্ষা করতে হবে—যুক্তরাষ্ট্রের ভোক্তা আসলে কী সিদ্ধান্ত নেন।”

