যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্য চুক্তিকে ‘সুস্পষ্ট কূটনৈতিক বিজয়’ হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুল্ক আলোচনায় বাংলাদেশের সাফল্যের জন্য তিনি প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তিন দিনব্যাপী টানা আলোচনা শেষে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনে। এই ঘোষণা আসার পর শুক্রবার (১ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি করায় বাংলাদেশের শুল্ক আলোচকদের আমরা গর্বের সঙ্গে অভিনন্দন জানাই। এটি একটি সুস্পষ্ট কূটনৈতিক বিজয়।”
অধ্যাপক ইউনূস আরও বলেন, প্রত্যাশিত হারের চেয়ে ১৭ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক নির্ধারণ বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় একটি বড় অর্জন। আলোচক দল কৌশলগত দক্ষতা ও অবিচল প্রতিশ্রুতির মাধ্যমে এই সফলতা এনেছে। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন বাংলাদেশের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে। “আজকের সাফল্য আমাদের জাতির দৃঢ়তা ও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্ত প্রমাণ,” বলেন তিনি।
চুক্তি নিয়ে আলোচনার পেছনের পরিশ্রমের কথা তুলে ধরে তিনি জানান, ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হয়। প্রতিনিধিদল শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত নানা জটিল ইস্যু সফলভাবে মোকাবিলা করে এই চুক্তি অর্জনে সক্ষম হয়েছে।

