বাংলাদেশে পর্যটন ও হসপিটালিটি খাত দ্রুত সম্প্রসারিত হলেও সেই গতি ধরে রাখতে প্রয়োজনীয় জনবল তৈরি হচ্ছে না। ফলে এই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ন্যাশনাল ট্যুরিজম হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী, ২০২২ সালে এই খাতে কাজ করছিলেন প্রায় ২৯ লাখ মানুষ। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ৪৩ লাখ ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে—চাহিদা বাড়বে অন্তত ৪৫ শতাংশ।
কিন্তু প্রতিবছর যেসব শিক্ষার্থী পর্যটন বিষয়ে স্নাতক সম্পন্ন করছেন, তাদের মধ্যে প্রায় ৮০ শতাংশই এ খাতে কাজ শুরু করেন না। সংশ্লিষ্টদের মতে, এর মূল কারণ—কম বেতন, অপ্রতুল সুযোগ-সুবিধা ও ক্যারিয়ারের অনিশ্চয়তা। ফলে বিলাসবহুল হোটেল, এয়ারলাইনস এবং ট্যুর অপারেটরদের শীর্ষ পদে বিদেশিদের নিয়োগ দিতে হচ্ছে।

গুলশানের একটি ফাইভ-স্টার হোটেলের মহাব্যবস্থাপক বলেন, “লিডারশিপ, ফাইন্যান্স ও কুকিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষ জনবল পাওয়া কঠিন।” তিনি জানান, “ইন্টার্ন ও এন্ট্রি-লেভেল কর্মীরা পিছিয়ে পড়ছে। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রমে রেভিনিউ ম্যানেজমেন্ট, কস্ট কন্ট্রোল কিংবা ডিজিটাল হসপিটালিটি মার্কেটিংয়ের মতো বিষয়েরই প্রশিক্ষণ নেই।” এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গবেষণায় উঠে এসেছে, এই খাতের ২৭ শতাংশ কর্মীর মৌলিক যোগাযোগ দক্ষতা নেই। রেস্তোরাঁ খাতে ২২ শতাংশ কাস্টমার সার্ভিসে দুর্বল, আর ট্যুর অপারেটরদের ২৭ শতাংশই কোনো বিদেশি ভাষা জানেন না।
জার্নি প্লাসের সিইও তৌফিক রহমান বলেন, “অনেক উদ্যোক্তা এসেছেন, কিন্তু দক্ষ কর্মী পাচ্ছেন না। বিশেষ করে সেলস, মার্কেটিং, ট্যুর পরিকল্পনা ও ক্লায়েন্ট কমিউনিকেশন জায়গায় বড় ঘাটতি আছে। বিদেশি ভাষা জানা গাইড পাওয়া খুব কঠিন।” ২০৩০ সালের মধ্যে শুধু আবাসন খাতেই প্রয়োজন হবে ৪ লাখ ৭ হাজার কর্মী। রেস্তোরাঁ, ক্যাফে ও ফাস্টফুড খাতে ২৪ লাখ, বিনোদনে ২ লাখ ৬৩ হাজার, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিতে ৯০ হাজার ২৮০, ট্যুরিস্ট ভেসেলসে ১৫ হাজার ৩৪২, বাস ও কোচ সার্ভিসে ২৫ হাজার ৯৯ এবং এয়ারলাইন্সে ৩৪ হাজার ৪২২ জন।
আমিউজমেন্ট পার্ক খাতেও বছরে ৬ কোটির বেশি টিকিট বিক্রি হচ্ছে। ২০৩০ সালের মধ্যে এই খাতে আরও ১ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রশিক্ষিত জনবল না থাকলে, সেই শূন্যতা বিদেশিরা পূরণ করবেন—এমন আশঙ্কাও রয়েছে। বর্তমানে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় এবং ১১টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসহ ৫২টি প্রতিষ্ঠান পর্যটন বিষয়ে পাঠদান করছে। কিন্তু বছরে তৈরি হয় মাত্র ৩৫ হাজার গ্র্যাজুয়েট। চাহিদা ১.৫ থেকে ২ লাখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, “সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পাঠ্যক্রম হালনাগাদ করে না। প্র্যাকটিক্যাল ট্রেনিংও কম। ফলে শিক্ষার্থীরা চাকরির বাজারের সঙ্গে খাপ খাওয়াতে পারে না।” তিনি আরও বলেন, “যেখানে ব্যাংকে একজন গ্র্যাজুয়েট ৩০–৪০ হাজার টাকা বেতন পায়, সেখানে পর্যটন খাতে শুরুটা হয় ১৫–২০ হাজার টাকা দিয়ে। ফলে আগ্রহ হারিয়ে ফেলে অনেকে।” একজন প্রাক্তন শিক্ষার্থী জানান, কম বেতনের কারণে তিনি পর্যটনের বদলে সরকারি ব্যাংকে চাকরি নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়গুলো এখনও তাত্ত্বিক শিক্ষাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। প্রতিবছর প্রায় ৮ হাজার ডিপ্লোমাধারী প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো থেকে বের হলেও, এই সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তৌফিক রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ৮০ শতাংশ শিক্ষার্থীই এই খাতে থাকছে না। প্রকৃতপক্ষে আমাদের এখনকার জনবলের তিনগুণ প্রয়োজন।”

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মোহাম্মদ জাবের বলেন, “বিশ্ববিদ্যালয়গুলো এমন গ্র্যাজুয়েট তৈরি করছে যারা শুরু থেকেই ম্যানেজমেন্ট পদে চাকরি চায়। কিন্তু হোটেলগুলো হাউসকিপিং বা ফ্রন্ট ডেস্ক দিয়ে শুরু করতে বলে—তারা সেটা মানতে পারে না।” অন্যদিকে, চার মাস তাত্ত্বিক ও দুই মাস ব্যবহারিক প্রশিক্ষণ নেওয়া ডিপ্লোমাধারীরা প্রাথমিক পর্যায়ের কাজ ভালোভাবে করছেন।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের চেয়ারম্যান মোহিউদ্দিন হেলাল বলেন, “যোগানের তুলনায় চাহিদা অনেক বেশি। আরও মানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান দরকার। আমরা শিল্পখাতের সঙ্গে শিক্ষার সংযোগ তৈরিতে কাজ করছি। আগামী তিন বছরে প্রায় ৭ হাজার কর্মীকে দক্ষ করে তোলার লক্ষ্য রয়েছে, যাদের অনেকে বিদেশেও কাজের সুযোগ পাবেন।”

