যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশে নির্ধারণ করেছে। আগে এই হার ছিল ৩৫ শতাংশ। হোয়াইট হাউসের ১ আগস্টের ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে, স্বস্তি ফিরে এলেও অদূর ভবিষ্যতে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ এ বিষয়ে কে বলেন, “শুল্ক কমায় আমরা খুশি। এতে করে আমরা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারব। শুল্কের কারণে আমাদের মার্কেট শেয়ার হারানোর সম্ভাবনা নেই, কারণ অন্য দেশগুলোর হারও প্রায় একই।”
তবে তিনি সতর্ক করে বলেন, “আমরা যেহেতু কম দামের পোশাক রপ্তানি করি, তাই চাহিদা কমে যাওয়ার প্রভাব বেশি পড়তে পারে। আমেরিকার এক গবেষণায় দেখা গেছে, ২০ শতাংশ শুল্ক বাড়লে মার্কিন ভোক্তাদের চাহিদা কমে যেতে পারে প্রায় ৩৫ শতাংশ। সে কারণে আগামী এক থেকে দেড় বছরে মার্কিন বাজার থেকে অর্ডার কিছুটা কমে আসতে পারে। তবে সময়ের সঙ্গে তা স্বাভাবিক হয়ে যাবে।”
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, বরং আরও কয়েকটি বাণিজ্যিক অংশীদারের জন্যও প্রযোজ্য। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কার শুল্কহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ এবং পাকিস্তানের হার ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে।
বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনামে বর্তমানে শুল্কহার ২০ শতাংশ, আর ভারতের ক্ষেত্রে এটি ২৫ শতাংশ। ফলে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের নতুন শুল্কহার প্রতিযোগিতামূলক পর্যায়ে রয়েছে। এটি রপ্তানিতে বড় ধরনের বিঘ্নের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান মনে করেন, শুল্ক হ্রাস একটি ইতিবাচক অগ্রগতি হলেও সামগ্রিক রপ্তানি ভবিষ্যৎ এখনও অনেকটাই নির্ভর করছে চীনের ওপর। তিনি বলেন, “বিশ্বব্যাপী উৎপাদন কাঠামোয় চীনের বড় ভূমিকা রয়েছে এবং বাংলাদেশের সঙ্গে চীনের সরাসরি প্রতিযোগিতা থাকায়, চীনের ওপর চূড়ান্ত শুল্কহার কেমন হয়, তার ওপর নির্ভর করবে বাণিজ্য প্রবাহের ভবিষ্যৎ গতিপথ।”
ড. রায়হান সতর্ক করে বলেন, “যদি চীনের ওপর তুলনামূলকভাবে বেশি শুল্ক আরোপ করা হয়, তবে বাংলাদেশের জন্য সেটি বাড়তি সুযোগ হতে পারে। তবে যদি চীন স্বল্প শুল্ক সুবিধা পায়, তাহলে প্রতিযোগিতা আরও তীব্র হবে। সেক্ষেত্রে আমাদের নতুন করে কৌশল নির্ধারণ করতে হবে।”
চীন প্রসঙ্গ ছাড়াও ড. রায়হান আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তার মতে, শুল্ক হ্রাসের বিনিময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে কী প্রতিশ্রুতি দিয়েছে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। “গম, তুলা ও বিমান আমদানির বিষয়ে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। তবে সম্ভবত আরও কিছু সংবেদনশীল প্রতিশ্রুতি রয়েছে, যা গোপনীয়তা চুক্তির আওতায় এখনই প্রকাশ করা হচ্ছে না,”—বলেন ড. রায়হান। এই পরিস্থিতি বাংলাদেশের বাণিজ্য কূটনীতিতে আরও স্বচ্ছতা, জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসে বলেও তিনি উল্লেখ করেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মনে করেন, শুল্ক হ্রাস বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করবে। তবে তার মতে, ২০ শতাংশের নিচে শুল্ক থাকলে আরও ভালো হতো। একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার প্রেস সচিব শফিকুল আলম এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া তুলে ধরেন। হোয়াইট হাউসের ঘোষণায় জানানো হয়, ওয়াশিংটনে বাংলাদেশি প্রতিনিধিদল ও যুক্তরাষ্ট্রের ট্রেড নীতি তদারক সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ এর মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এ শুল্ক হ্রাস স্বল্পমেয়াদে বাংলাদেশের জন্য স্বস্তির হলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। বরং এটি ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। এখনই সময় একটি বৈচিত্র্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও টেকসই রপ্তানি কৌশল গ্রহণের।
বিশেষ করে, যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদা পরিবর্তন, প্রতিযোগী দেশগুলোর কৌশল এবং বৈশ্বিক বাণিজ্য অস্থিরতার মধ্যেও বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতে হলে, অভ্যন্তরীণ উৎপাদনশীলতা, প্রযুক্তি ও বাজার বৈচিত্র্যায়নের ওপর জোর দিতে হবে।

