যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ। জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য এই বিমানগুলো কেনা হবে। এর কিছু ২০২৭ সালের আগেই আসতে পারে।
সরকারের এই সিদ্ধান্তকে বলা হচ্ছে ইতিহাসে বিমানের সবচেয়ে বড় বহর সম্প্রসারণ পরিকল্পনা। তবে এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে—অর্থনৈতিকভাবে চাপ সামলাতে না পারা একটি প্রতিষ্ঠান কিভাবে এই অতিরিক্ত দায় বহন করবে?
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাবে এবং সম্ভাব্য আমদানি শুল্ক এড়াতে সহায়ক হবে। তিনি বলেন, “বিমানবহর বাড়ানোর পরিকল্পনা সরকারের আগে থেকেই ছিল। পাল্টা শুল্ক ইস্যুতে এটি ত্বরান্বিত হয়েছে। আগে অর্ডার ছিল ১৪টি, এখন দাঁড়িয়েছে ২৫টিতে।”
চুক্তির আওতায় কিছু বিমান দ্রুত সরবরাহের সম্ভাবনার কথাও জানান সচিব। তিনি বলেন, “ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াও বোয়িং অর্ডার দিচ্ছে। অর্ডার আগে দিলে সরবরাহও আগে হয়। আমাদেরও কয়েকটি বিমান আগামী দুই-এক বছরের মধ্যেই দরকার।” এছাড়া এই উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তিও হয়েছে বলে জানান তিনি।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেছেন, “আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানি না।” এ নিয়ে এভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম বলেন, “বিমানের নিজস্ব ফ্লিট প্ল্যানিং কমিটি না জেনে এত বড় সিদ্ধান্ত নেওয়া অনাকাঙ্ক্ষিত। যাদের বিমানের দায়িত্ব, তারাই জানে না—এটা ভাবনার বিষয়।” তিনি আরও বলেন, “২০০৮ সালে বোয়িংয়ের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার সময় আমি পরিচালনা পর্ষদে ছিলাম। তখন বোর্ড ও প্ল্যানিং কমিটি যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেয়। এখন সেই প্রক্রিয়া নেই বলেই শঙ্কা বাড়ছে।”
বোইংয়ের তালিকামূল্য অনুযায়ী, একটি ৭৮৭-৯ ড্রিমলাইনারের দাম ২৯২ মিলিয়ন ডলার, আর ৭৩৭ ম্যাক্স সিরিজের দাম ১২১.৬ মিলিয়ন ডলার। বাংলাদেশ ১০টি ড্রিমলাইনার ও ১৫টি ম্যাক্স কিনতে চায়। হিসেব করলে মোট মূল্য দাঁড়ায় প্রায় ৪.৭৪ বিলিয়ন ডলার—বাংলাদেশি মুদ্রায় ৫০ হাজার কোটি টাকার বেশি। বড় অর্ডারে সাধারণত ২০–৩০ শতাংশ ছাড় মেলে। তারপরও চূড়ান্ত খরচ বিশালই হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিমান সূত্র বলছে, অর্থায়নের উৎস হতে পারে:
- যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের ঋণ
- বিদেশি ব্যাংকের ফাইন্যান্সিং
- সরকারি ভর্তুকি
তবে এই বড় অঙ্কের ঋণ কীভাবে পরিশোধ করা হবে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলেনি। বিশ্লেষকরা সতর্ক করছেন যাত্রী না বাড়িয়ে, রুট না বাড়িয়ে, লাভ না বাড়িয়ে যদি ঋণ নেওয়া হয়, তাহলে এই সিদ্ধান্ত ভবিষ্যতে ‘ঋণফাঁদ’ হয়ে দাঁড়াতে পারে।
২০২৩–২৪ অর্থবছরে বিমানের মোট আয় ছিল ১০ হাজার ৫৭৫ কোটি টাকা। নিট মুনাফা দেখানো হয়েছে ২৮২ কোটি টাকা। ২০২৪–২৫ অর্থবছরে এই মুনাফা ৮০০ কোটি টাকা ছাড়াতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বাণিজ্যিক নিরীক্ষা অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের প্রকৃত আর্থিক চিত্র স্বচ্ছ নয়। লাভের বড় অংশ আসছে বিমানের সহায়ক প্রতিষ্ঠানগুলো থেকে—যেমন, ফ্লাইট ক্যাটারিং, কার্গো হ্যান্ডলিং, পোলট্রি কমপ্লেক্স ইত্যাদি। মূল এয়ারলাইনস ব্যবসা এখনো পুরোপুরি লাভজনক নয়।
বর্তমানে বিমানের বহরে রয়েছে ২১টি উড়োজাহাজ। এর মধ্যে কয়েকটি ব্যবহারের বাইরে। পাইলট সংকট, প্রকৌশলী ঘাটতি, রুট সঙ্কোচন ও রক্ষণাবেক্ষণ জটিলতায় সব উড়োজাহাজ নিয়মিত চলাচল করতে পারছে না। বিমানের লোড ফ্যাক্টর মাত্র ৬৫–৭০ শতাংশ, অর্থাৎ প্রতি ফ্লাইটে গড়ে এক-তৃতীয়াংশ আসন ফাঁকা থাকে। ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে বোয়িংয়ের কাছ থেকে ১০টি বিমান কেনা হয়েছিল ১.৫ বিলিয়ন ডলার ঋণে। সেই ঋণ এখনো পুরোপুরি শোধ হয়নি। এখন নতুন করে ৪.৫ বিলিয়ন ডলারের ঋণ যোগ হলে বিমানের আর্থিক বোঝা আরও বাড়বে।
বিমান প্রতি বছর যাত্রী পরিবহন বাড়ালেও হার মাত্র ৪–৬ শতাংশ। এই হারে বৃদ্ধিতে বিশাল বহরের ব্যয় সামলানো কঠিন হবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া দেশের কোনো বিমানবন্দর ড্রিমলাইনার চালানোর উপযুক্ত নয়। বিশেষজ্ঞরা বলছেন, “নতুন বিমান আনা মানেই নতুন সমস্যা, যদি না থাকে পর্যাপ্ত রুট, যাত্রী, কর্মী এবং সহায়ক অবকাঠামো।” এভিয়েশন বিশ্লেষকদের মতে, ২৫টি বোয়িং কেনার সিদ্ধান্ত সাহসী হলেও বাস্তবতা বিবেচনায় এটি ঝুঁকিপূর্ণ। পর্যাপ্ত জনবল, রুট পরিকল্পনা, প্রযুক্তিগত সহায়তা ও কার্যকর ব্যবস্থাপনা ছাড়া বহর বাড়ানো মানেই হবে স্থবির সম্পদের বোঝা টেনে নেওয়া।

