যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে গোপনীয়তার বিষয়টি ছিল আন্তর্জাতিক রীতির অংশ বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের সম্মতির ভিত্তিতে বিস্তারিত প্রকাশ করা হবে। যৌথ বিবৃতির মাধ্যমেই তা জানানো হবে। তথ্য অধিকার আইনের আলোকে এসব উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। গোলাম মোর্তোজা নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন।
চুক্তি সংক্রান্ত গোপনীয়তা নিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, আন্তর্জাতিক চুক্তিতে এমন গোপনীয়তা স্বাভাবিক। তিনি উদাহরণ দিয়ে বলেন, ব্যাংক, বিমা কিংবা ব্যক্তিগত সম্পদ হস্তান্তরের ক্ষেত্রেও এই রীতিনীতি অনুসৃত হয়। তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র যখন তাদের জাতীয় নিরাপত্তাকে চুক্তির মূল ভিত্তি হিসেবে বিবেচনায় নিয়েছে, তখন আলোচনায় গোপনীয়তা অপরিহার্য হয়ে পড়ে। তবে গোপনীয়তার আড়ালে দেশের স্বার্থহানি হলে আমরা সেই চুক্তি কখনোই করতাম না।”
শেখ বশিরউদ্দিন স্পষ্ট করে বলেন, “আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করার সুযোগ নেই। স্বার্থ বিসর্জন দিলে দেশের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে, তাতে চুক্তি করে কোনো লাভ নেই। স্বল্প বা দীর্ঘ মেয়াদে আমাদের সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লে সেই চুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি জানান, আলোচনা চলাকালে দুঃখজনকভাবে চুক্তির কিছু তথ্য ফাঁস হয়ে যায়। তবে এতে দেশের স্বার্থবিরোধী কিছু নেই। যেসব বিষয় ক্ষতিকর হতে পারত, বাংলাদেশ সেগুলো থেকে সরে এসেছে।
যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনা প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, “এই বিষয়টি চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসেনি। বরং এটি একমুখী আলোচনার বিষয়।” তিনি জানান, গত বছর বোয়িং মাত্র ১২টি বিমান উৎপাদন করেছে। সেই হিসাবে ২৫টি বিমান সরবরাহ শুরু হতে পারে ২০৩৭ সালে। বরং যুক্তরাষ্ট্রের মূল আগ্রহ ছিল কৃষিপণ্যে।
বাংলাদেশ প্রতিবছর ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারের খাদ্যপণ্য আমদানি করে। যুক্তরাষ্ট্রও কৃষিপণ্যের বড় উৎপাদক। তাই জ্বালানি ও কৃষিপণ্য আমদানির মাধ্যমে বাণিজ্যঘাটতি কমানোর কথা বলেছে বাংলাদেশ। বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৬০০ কোটি ডলার। শেখ বশিরউদ্দিন জানান, তুলা, সয়াবিন, ভুট্টা ও গমজাতীয় কৃষিপণ্য আমদানি বাড়িয়ে প্রায় ২০০ কোটি ডলারের ঘাটতি কমানোর পরিকল্পনা রয়েছে।
বোয়িং বিমান কেনা নিয়ে তিনি বলেন, বিমান পরিচালনায় দক্ষতা না বাড়িয়ে নতুন বিমান কেনা খুব একটা কাজে আসবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার সে দিকেই নজর দিচ্ছে। তিনি আশাবাদী, শিগগিরই বিমানের পরিচালন সক্ষমতা বাড়বে। বর্তমানে অতিরিক্ত এক কোটি যাত্রী পরিবহনের সুযোগ থাকলেও ২৫টি বিমান খুব বড় কিছু নয় বলে মন্তব্য করেন তিনি।

