প্রতি বছর গড়ে ২৩০০ মিলিমিটার বৃষ্টিপাত, ৭০০-র বেশি নদী-নালা এবং অসংখ্য খাল-বিল, হাওর-বাঁওড় ও জলাভূমি নিয়ে এ দেশ এক অনাবিষ্কৃত ‘জলভান্ডার’। বিশ্বে যেখানে মাত্র ০.৫ শতাংশ মিঠাপানি মানব ব্যবহারের উপযোগী, সেখানে বাংলাদেশের প্রাকৃতিক জলসম্পদ এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বর্তমানে ২.২ বিলিয়ন মানুষ নিরাপদ পানির অভাবে রয়েছে। জাতিসংঘের পূর্বাভাস বলছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৪০ শতাংশ মানুষ পড়বে চরম পানিসঙ্কটে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জলসম্পদ, যদি সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও বাণিজ্য কৌশলের মাধ্যমে কাজে লাগানো যায়, তবে দেশটি হয়ে উঠতে পারে বিশুদ্ধ পানির রপ্তানিকেন্দ্র। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও পানিশূন্য এশীয় অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ।
সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেট অঞ্চলের পানির স্বাভাবিক অম্লতা ও মোট কতটা খনিজ ও দ্রবণীয় পদার্থ (pH ও TDS) মাত্রা বোতলজাতকরণের উপযোগী। বিশেষ করে টাঙ্গুয়ার হাওর ও সুরমা-কুশিয়ারা অববাহিকার পানি ইতিমধ্যেই উচ্চ বিশুদ্ধতার জন্য চিহ্নিত হয়েছে। ইসলাম এট আল. (২০২১)-এর গবেষণায় দেখা গেছে, এ অঞ্চলের পানির pH ৬.৫ থেকে ৮.০-এর মধ্যে, যা WHO-এর আদর্শ সীমা ৬.৫–৮.৫ এর মধ্যে পড়ে। এমন পানি একেবারেই ‘বোতলজাত করার মতো প্রস্তুত’। তাই বাংলাদেশের এই জলসম্পদকে ‘ব্লু গোল্ড’ বা ‘নীল সোনা’ বলা যেতেই পারে।

বাংলাদেশে বর্ষাকাল কেবল মৌসুমি বৈশিষ্ট্য নয়, এটি একটি অর্থনৈতিক সুযোগও বটে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশের ৮০ শতাংশ বৃষ্টিপাত হয়। একই সঙ্গে দেশের নদীগুলোতে প্রতি বছর প্রায় ১২০০ বিলিয়ন ঘনমিটার পানি প্রবাহিত হয়, যা বিশ্বের অনেক বড় নদীব্যবস্থাকেও ছাড়িয়ে যায়। এই বিশাল পানির সম্ভার সামান্য পরিশোধনেই WHO ও ISO-এর মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে।
বর্তমানে বোতলজাত পানির বৈশ্বিক বাজার প্রায় ৩৪৫ বিলিয়ন ডলারের, যা ২০৩০ সালের মধ্যে ৫২৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। এ খাতে বার্ষিক গড় প্রবৃদ্ধির হার ৬.৮ শতাংশ। অর্থাৎ এটি এখন একটি দ্রুত বর্ধনশীল, লাভজনক এবং বিনিয়োগ-যোগ্য খাত। বিশুদ্ধ পানির সবচেয়ে বড় ভোক্তা অঞ্চল হলো মধ্যপ্রাচ্য। সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে বিশুদ্ধ, হালাল ও মিনারেলসমৃদ্ধ পানির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। একইভাবে চীন ও আফ্রিকার বাজারেও বিশুদ্ধ পানির প্রবণতা বাড়ছে। এসব অঞ্চলে ১ লিটার প্রিমিয়াম পানির দাম ১ থেকে ৫ ডলার পর্যন্ত গিয়ে ঠেকেছে, বিশেষ করে হিমবাহ থেকে সংগৃহীত বা ‘হালাল সার্টিফায়েড’ পানির ক্ষেত্রে।
বাংলাদেশ তার বিশাল প্রাকৃতিক পানিসম্পদ, সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থা ও দক্ষ জনশক্তি কাজে লাগিয়ে যদি বৈশ্বিক পানির বাজারের মাত্র ১ শতাংশ দখল করতেও পারে, তাহলে বছরে ৩.৫ বিলিয়ন ডলার আয় সম্ভব। এর পাশাপাশি তৈরি হবে বিপুল কর্মসংস্থান, বাড়বে বৈদেশিক মুদ্রা আয় এবং আকৃষ্ট হবে বহুজাতিক বিনিয়োগ।
এই সম্ভাবনা কাজে লাগাতে হলে এখনই প্রয়োজন সুসংগঠিত রপ্তানি কৌশল। যেমন:
- পানিশিল্পভিত্তিক আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠন।
- হালাল ও আন্তর্জাতিক মানসম্পন্ন ব্র্যান্ড তৈরি।
- মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ জোরদার।
- ওয়াটার এক্সপোর্ট পলিসি প্রণয়ন।
- পানি শোধনাগার ও প্রযুক্তিনির্ভর পরিশোধন কেন্দ্র স্থাপন।
- রপ্তানিযোগ্য পানির মান নিয়ন্ত্রণ ও ডিজিটাল ট্রেসিং সিস্টেম গড়ে তোলা।
পানিনির্ভর অর্থনীতি যেভাবে গড়ে উঠেছে:
- সিঙ্গাপুর: নিউওয়াটার প্রযুক্তির মাধ্যমে বর্জ্য জল পরিশোধন করে রপ্তানিযোগ্য পানিতে রূপ দিয়েছে।
- সৌদি আরব: সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করে ‘হালাল পানি’ হিসেবে বাজার তৈরি করেছে।
- চীন: খনিজসমৃদ্ধ ফাংশনাল ওয়াটার উৎপাদন করে বৈশ্বিক বাজারে প্রবেশ করেছে।
- ফ্রান্স: ইভিয়ান ব্র্যান্ডের মাধ্যমে বিলাসবহুল ‘লাইফস্টাইল পানির’ বিশ্বব্যাপী কদর তৈরি করেছে।
- ভারত: বিসলেরি ও হিমালয়ান ব্র্যান্ডের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করছে।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল বাজারের খুব কাছাকাছি। দেশের সমুদ্রবন্দর চট্টগ্রাম, মোংলা ও মাতারবাড়ী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কার্যকর গেটওয়ে। এ ছাড়া, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) ২০২৩ সালের তথ্য অনুযায়ী, দেশের গড় শ্রমিক ব্যয় মাত্র ১০৫ মার্কিন ডলার, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় এক প্রণোদনা।
বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন ও পানিসংকটে দিশেহারা, তখন বাংলাদেশ তার প্রাকৃতিক সম্পদ, সাশ্রয়ী উৎপাদন এবং কৌশলগত পরিকল্পনা কাজে লাগিয়ে বৈশ্বিক ‘ওয়াটার ইকোনমি’র গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে। পরিকল্পিত অবকাঠামো, আধুনিক প্রযুক্তি ও দুরদর্শী কূটনীতিই হতে পারে এই রূপান্তরের চাবিকাঠি।

