কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (তৃতীয় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার, ২ আগস্ট ২০২৫, দুপুর ১২টায় উপাচার্যের বাসভবনের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সভায় ৫৩৭ কোটি ৭ লাখ টাকার এ প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীন এবং প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী।
এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, উপ-পরিচালক রোকসানা লায়লা ও সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেন সভায় অংশ নেন।
সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মীর্জা মোহাম্মদ আলী রেজা, যুগ্মসচিব (পরিকল্পনা-৩) আহমেদ শিবলী, পরিকল্পনা কমিশনের একনেক বিভাগের সিনিয়র সহকারী সচিব স্নিগ্ধা তালুকদার, সাধারণ অর্থনীতি বিভাগের উপ-পরিচালক নাহিদ ফারজানা সিদ্দিকী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম বিভাগের ডেপুটি চিফ বাবুলাল রবিদাস।
সভা শুরুর আগে সকাল ১১টার দিকে ইউজিসির প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে প্রকল্পের বিভিন্ন সাইট সরেজমিন পরিদর্শন করেন। কাজের অগ্রগতি দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ দেন। পরিদর্শনকারী দলে ছিলেন ইউজিসির পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, উপ-পরিচালক রোকসানা লায়লা এবং সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেন।

