স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে অবিলম্বে সংস্কার কমিশনের মূল সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও কমিশনের সদস্যরা। এই সুপারিশগুলো ২০২৫ সালের জুলাই সনদে অন্তর্ভুক্ত করার আহ্বানও জানানো হয়েছে।
গতকাল, ১ আগস্ট, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে এক খোলা চিঠিতে তাঁরা এই আহ্বান জানান। চিঠিতে বলা হয়, বাংলাদেশ স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও কাঠামোগত দুর্বলতা, প্রশাসনিক ফাঁকফোকর এবং উপযুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব এই অগ্রগতি টিকিয়ে রাখতে বাধা সৃষ্টি করছে।
চিঠিতে আরও বলা হয়, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশগুলো শুধু সেবার মানোন্নয়ন বা সম্প্রসারণের দিকেই নির্দেশ করে না। বরং এটি একটি সময়োপযোগী ও কৌশলগত রূপরেখা, যা শাসনব্যবস্থার মৌলিক সংস্কার ও পদ্ধতিগত রূপান্তরের দিকনির্দেশনা দেয়। তাঁরা বলেন, এসব সুপারিশ কাগজে সীমাবদ্ধ না রেখে বাস্তবে কার্যকর করতে হবে। তা না হলে এই গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারবে না। এজন্য একটি সময়সীমা নির্ধারিত রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়। তাঁরা মত দেন, এসব সংস্কারকে যদি জুলাই সনদ ২০২৫-এ অন্তর্ভুক্ত করা হয়, তবে সরকারের ভবিষ্যতমুখী অঙ্গীকার স্পষ্ট হবে।
অন্তর্বর্তী সরকারের সীমিত মেয়াদ ও প্রশাসনিক ক্ষমতার কথা বিবেচনায় এনে চিঠিতে বলা হয়, কিছু পদক্ষেপ এখনই নেওয়া সম্ভব। প্রথম ধাপে যেসব পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়েছে:
- প্রথমত: একটি স্বাধীন ও জবাবদিহিমূলক স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠনে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া।
- দ্বিতীয়ত: শহর ও গ্রামে বাধ্যতামূলক রেফারেল ব্যবস্থাসহ সর্বজনীন বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু এবং মানসম্মত সরকারি স্বাস্থ্য অবকাঠামো গঠনে উদ্যোগ নেওয়া।
- তৃতীয়ত: বাস্তবায়ন তদারকির জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে নির্দিষ্ট সময়সীমার একটি স্টিয়ারিং কমিটি গঠন।
বিশেষজ্ঞদের মতে, যদি আগস্টের মধ্যেই এই উদ্যোগগুলো শুরু করা যায়, তবে ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা ও অধ্যাদেশ জারি করা সম্ভব। এতে করে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে স্বাস্থ্যখাতে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা যাবে। তাঁরা বলেন, এই উদ্যোগ কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, বরং জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। আগস্টে এই সংস্কার প্রক্রিয়া শুরু হলে তা গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতের প্রতি একটি সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। চিঠিতে স্বাক্ষর করেন:
- ডা. সৈয়দ আকরাম হোসেন – সদস্য, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন এবং চেয়ারম্যান, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
- অধ্যাপক আবু মোহাম্মদ জাকির হোসেন – চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট।
- অধ্যাপক ডা. লিয়াকত আলী – চেয়ারম্যান, পথিকৃত ফাউন্ডে।
- অধ্যাপক নায়লা জামান খান – পরিচালক, ক্লিনিক্যাল নিউরোসায়েন্স সেন্টার।
- ডা. আযহারুল ইসলাম খান – সাবেক প্রধান চিকিৎসক, আইসিডিডিআর।
- অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল হামিদ – আহ্বায়ক, অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ এবং অধ্যাপক, হেলথ ইকোনমিকস ইনস্টিটিউট।
তাঁরা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে দেশের স্বাস্থ্যখাতের কাঠামোগত পরিবর্তনের ভিত্তি স্থাপন করবেন।

